ক্যাম্পাস রেডিও এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ইন্টারনেটের প্রসারতা বাড়ার পাশাপাশি বর্তমানে অনলাইন রেডিওর নানা ধরনের কার্যক্রমও এগিয়ে চলছে। গ্রাহকদের নানা ধরনের বিনোদন দেওয়ার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে অনলাইন রেডিওগুলো। ইন্টারনেটে চলতে থাকা এসব রেডিও বর্তমানে ক্যাম্পাসের মধ্যেও রয়েছে। শুধুু ক্যাম্পাসের নানা বিষয় নিয়ে সম্প্রতি চালু হয়েছে ‘রেডিও আমার ক্যাম্পাস, রাবি’ নামের একটি ইন্টারনেট রেডিও। ‘রেডিও আমার ক্যাম্পাস, রাবি, সাবাস বাংলাদেশ’—এ স্লোগানে ২১ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু হয়েছে ইন্টারনেটভিত্তিক এ রেডিওটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ফাটল’-এর উদ্যোগে চালু হওয়া এ রেডিওতে পরীক্ষামূলক সম্প্রচার চলছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। ‘রেডিও আমার ক্যাম্পাস, রাবি’-এর অন্যতম উদ্যোক্তা ও ফাটলের সভাপতি তানভীর আজাদের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্তব্যের তাগিদসহ দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়কে জায়গা করে দিতেই ক্যাম্পাস কমিউনিটি রেডিও শুরুটা। ইন্টারনেটভিত্তিক এ রেডিও ব্যবহারের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই যেমন একদিকে তাঁদের শিক্ষাবিষয়ক চাহিদা পূরণে সক্ষম হবেন, তেমনি অপর দিকে বর্তমান তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতেও এ রেডিও তাঁদের জন্য এক বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। আমার ক্যাম্পাস (www.amarcampusru.org) নামের এ ওয়েবসাইটে যে কেউ প্রতিদিন রাত আটটা থেকে ১২টা পর্যন্ত এই রেডিওর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। প্রতিদিনের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিক্ষাঙ্গনবিষয়ক খবর, বিভিন্ন বিষয় নিয়ে টক শো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগভিত্তিক তথ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ গান, দেশ-বিদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে ক্যাম্পাস জীবনে তাঁদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ইত্যাদি। নতুন ধরনের এ আয়োজনকে সবার সামনে ইতিবাচকভাবে তুলে ধরতে ২৩ জন কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। যাঁরা সবাই নিজেরাই এর খরচ চালাচ্ছেন। এ রেডিও নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে ক্যাম্পাস রেডিওর অন্যতম উদ্যোক্তা ফাহদ্ হাসান জানান, বিন্দু থেকেই সিন্ধুর জন্ম। আর সেদিকে লক্ষ রেখেই এ রেডিওটিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর, নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক হাবীব জাকারিয়া এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার উপদেষ্টা হিসেবে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক আরাফাত কবির, আল মামুন সরকার, কাজী ওয়াজির হায়দার, নাছির উদ্দিন, শিক্ষার্থী লুত্ফর রহমান, নূর মোহাম্মদসহ অনেকেই এ প্রসঙ্গে জানান, এ রেডিওর মাধ্যমে দেশ-বিদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও প্রচার অনেক গুণে বৃদ্ধি পাবে। পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই বিভিন্নভাবে উপকৃত হবেন। তাঁরা এ জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপদেষ্টা তারেক নূর বলেন, ‘এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।’ তিনি বলেন, এ রেডিওর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জনগণের সামনে আরও বৃদ্ধি পাবে। অপর উপদেষ্টা কাজী মামুন হায়দার এ রেডিও প্রসঙ্গে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে একটি অনলাইন রেডিও কিংবা কমিউনিটি রেডিওর বিকল্প নেই। এ জায়গা থেকেই এ রেডিওর যাত্রা শুরু। তিনি আশা প্রকাশ করেন, এ রেডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের এ ধরনের গঠনমূলক ও সৃষ্টিশীল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ে কোনো অপশক্তি ভর করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ এ রেডিওর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমানে এই তথ্যপ্রযুক্তির যুগে এ রেডিও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ সবারই উপকারে আসবে। পাশাপাশি এ রেডিও শোনার জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীই ইন্টারনেট ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠবেন। তিনি এ রেডিওর সার্বিক সফলতাসহ ব্যাপক জনপ্রিয়তা কামনা করেন।