ক্যাম্পাসে অন্য অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুদের সঙ্গে লেখক (মাঝে)
বন্ধুদের সঙ্গে লেখক (মাঝে)

দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি, ২০১৬। ‘ভালোবাসা দিবস’ বলে কথা! ক্যাম্পাসে জোড়ায়-জোড়ায় ছেলেমেয়েদের চোখে পড়ছিল। আমাদের ক্লাসে কোনো জুটি ছিল না, কিন্তু আমরাই বোধ হয় দিনটা সবচেয়ে আনন্দে কাটিয়েছি।
দিনের শুরুতেই ক্লাস ছিল। ক্লাসে পড়ার ফাঁকে হঠাৎই আমাদের এক কৌতূহলী বন্ধু স্যারকে স্যারের জীবনের ‘ভালোবাসার গল্প’ সম্পর্কে জিজ্ঞাসা করে বসল! আমরা সবাই রীতিমতো ভয়ে আছি এই ভেবে, স্যার যদি রাগ করেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে স্যার তাঁর ভালোবাসার গল্প বললেন। বললেন কীভাবে তিনি সফল হয়েছেন। সেদিন আর কোনো ক্লাস ছিল না। তবে ছিল আমাদের বান্ধবী লাবিবার জন্মদিন। ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে ‘বার্থডে ট্রিট’-এর নাম করে ফুচকা খেলাম সবাই। আড্ডা-গল্প-হাসিতে বেশ মজায় কাটল কিছুটা সময়। কিন্তু শাটল ছাড়তে তখনো ঢের সময় বাকি। কী করা যায়?
হুট করেই ঠিক হলো, সবাই মিলে (প্রায় ১৬ জন) একটা অভিযানে বেরোব। অভিযানে নেতৃত্বের দায়িত্ব পড়ল আমাদের বন্ধু কল্যাণ চাকমার ঘাড়ে। কেননা পাহাড়ি ক্যাম্পাসের আনাচকানাচ তার চেনা। আমরা সবাই ওর পিছু পিছু হাঁটতে শুরু করলাম। মূল ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে প্রথমে পাহাড়ি টিলা, তারপর ফসলের মাঠ চোখে পড়ল। পাহাড়ের পরিশ্রমী মানুষের সঙ্গে দেখা হলো। একফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, কারণ ততক্ষণে বেশ কয়েক কিলোমিটার হেঁটে ফেলেছি আমরা। এরপর একটু একটু করে দুর্গম পাহাড়ে ঢুকে পড়লাম। দেখা পেলাম বুনো লতাপাতা, কাঁটাযুক্ত গাছ-গাছালি, পাহাড়ি ফুল আর নানান অচেনা উদ্ভিদের। ততক্ষণে গলা শুকিয়ে কাঠ। খাড়া পাহাড় বেয়ে নামতে হয়েছিল আমাদের। দু-একজনের খানিকটা আহত হওয়া, পিছলে যাওয়া, ভয় পাওয়া, ভয় দেখানো, লাঠি হাতে নিয়ে একটা ‘অভিযান অভিযান ভাব’ করা...এসবের মধ্যে পানির পিপাসা প্রায় ভুলেই গিয়েছিলাম সবাই।
হেঁটে হেঁটে পৌঁছালাম আরও দুর্গম পথে। কোথাও সর্পিল পাহাড়ি রাস্তা, কোথাও কাদা, কোথাও কাঁটা, কখনোবা ঝুরঝুরে বালি কিংবা পাথুরে পথ (সবার জুতা তখন হাতে)! এই পথচলায় আমরা চুপ ছিলাম না এক মিনিটের জন্যও। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যখন পানির উৎসের দেখা পেলাম, তখন আমরা পৌঁছেছি একটা অগভীর-সুদীর্ঘ ছড়াপথের কাছে। পানির স্পর্শে ক্লান্তিটা জুড়িয়ে গেল! খাওয়ার উপযোগী পানির একটা চ্যানেল ‘আবিষ্কার’ উদ্যাপন করতে আমরা সেলফি তুললাম। বন্ধু ইমরান এই ফাঁকে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’খ্যাত বেয়ার গ্রিলস সেজে আমাদের বিনোদিত করল! বান্ধবী রিমির কাদাজলের মধ্যে একাধিকবার ধপাস করে পড়ে যাওয়ার মধ্যেও আমরা যথেষ্ট ‘বিনোদন’ খুঁজে নিয়েছিলাম।
অবশেষে কলার ঝুপড়ি দিয়ে যখন ফিরলাম, শিক্ষার্থীদের ঢল দেখে ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল শিশুপার্কের মতো! জিরো পয়েন্টে এসে একে একে বন্ধুরা সবাই বিদায় নিল। ক্লান্তিকর একটা দিন ছিল বটে। তবে এই মজার অভিজ্ঞতার রেশ রয়ে গেছে আজও!
লেখক: তৃতীয় বর্ষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়