ক্যাম্পাসে আড্ডামুখর ইফতার

‘ভীষণ মিস করি ক্যাম্পাসে পেপার বিছিয়ে বন্ধুদের সঙ্গে ইফতারের দিনগুলি।’ ফেসবুক স্ট্যাটাসে এভাবেই ক্যাম্পাসে ইফতারের কথা মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তামান্না পারভীন। তামান্নার মতো অনেকেই হয়তো স্মৃতি রোমন্থন করে ফিরে যেতে যান বিশ্ববিদ্যালয় জীবনের দিনগুলোতে। আসলে রোজার মাসে ইফতারই যেন ক্যাম্পাসে আড্ডার মূল উপলক্ষ হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইফতার আয়োজনে আড়ম্বর না থাকলেও এ নিয়ে উত্সাহ-উদ্দীপনার কিন্তু কমতি থাকে না। শুধুই কি ক্যাম্পাসের খোলা চত্বর আর এদিক-সেদিকে আড্ডা জায়গা! হলগুলোতেও প্রাণের আড্ডা জমে ওঠে রমজানে ইফতারকে ঘিরে।
রোজার শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে ইফতার করছেন জান্নাত। বিশ্ববিদ্যালয় থেকে বাসা বেশি দূরে নয়, তাই খুব একটা সমস্যাও হয় না। জান্নাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই প্রতিবছর আমরা বন্ধুরা একসঙ্গে ইফতার করি। সবাই মিলে গল্প করতে করতে ইফতারের মজাই আলাদা। রোজার ক্লান্তির কথা একদমই মনে থাকে না।’ তবে, কেউ রোজা রাখুক বা না-ই রাখুক ইফতারে অংশগ্রহণ নিয়ে উত্সাহ সবারই সমান। আর এমন প্রায় সব আড্ডাতেই পাওয়া যাবে অন্যান্য ধর্মের ছাত্রছাত্রীদেরও।
ক্যাম্পাসে ইফতারের আরেকটা দারুণ দিক হলো প্রতিদিনের আয়োজনের বাইরেও মাঝেমধ্যেই একটু ঘটা করে ‘ইফতার পার্টি’র আয়োজন। আর এই ইফতার আয়োজনগুলো শেষ পর্যন্ত হয়ে ওঠে বিশাল ‘গেট টুগেদারে’। ক্যাম্পাসে বহুদিনের আড্ডার বড় ভাইবোনেরাও চলে আসেন ফেলে যাওয়া দিনগুলো ফিরে পাওয়ার জন্য। এভাবে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে এসে মেলেন অনেক প্রাক্তন শিক্ষার্থীরাও। আর এমন আড্ডা মানেই তো নানা ঠাট্টা-তামাশা আর বাঁধন হারা হাসির ফোয়ারা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ও অঞ্চলভিত্তিক সংগঠন এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ইফতারের আয়োজন তো আছেই। এভাবে পুরো রমজান মাসেই একের পর এক সংগঠনের ইফতার আয়োজন চলতেই থাকে। রোজার মাসে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, মল চত্বর, অপরাজেয় বাংলা, টিএসসির মাঠ, ক্যাফেটেরিয়া, বারান্দা, হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণসহ ক্যাম্পাসের নানা জায়গা প্রতিদিনই মুখরিত থাকে ইফতার আয়োজনের দৃশ্যে।
ক্যাম্পাসে ইফতারের এই রীতি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয় রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই এই চিত্র কমবেশি একই রকম। ‘কখনো হলের রুমে, কখনো সেন্ট্রাল মাঠে আবার কখনো শহীদ মিনারের পাদদেশে বসে ইফতার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো রমজান মাসজুড়েই এভাবে ইফতার চলতে থাকে।’ জানালেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুজ্জামান সোহেল।
‘পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে ইফতার করতে না পারার দুঃখ অনেকটাই ঘুচে যায় বন্ধুদের সঙ্গে ইফতার করে।’ এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী। বৃষ্টির দিনগুলো ছাড়া প্রায় প্রতিদিনই মাঠে বসে একসঙ্গে ইফতার করেন তাঁরা।
হলে কিংবা ক্যাম্পাসে যেখানেই ইফতার আয়োজন হোক না কেন, ইফতারির খাবারদাবার কিন্তু আহামরি কিছু নয়। ছোলা, মুড়ি, চপ, বেগুনি, বুন্দিয়া, জিলাপি, খেজুর প্রভৃতি গতানুগতিক খাবারই থাকে বেশির ভাগ সময়েই। কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডায় আড্ডায় এসব খাবারই যেন অমৃত মনে হয়।