
চারপাশে রঙের ছড়াছড়ি। গানে-আড্ডায় অন্য রকম পরিবেশ। তিন দিনের নানা আয়োজনে মেতে ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। ‘গল্পের শেষ নয়, ইতিহাস ক্রমান্বয়’ এ স্লোগানে ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে আয়োজন করা হয় উৎসব (র্যা গ ডে)।
অনুষ্ঠানের পর্দা ওঠে ২৭ এপ্রিল। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এটি কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে উৎসব উদ্বোধন করেন চুয়েট উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল ফ্ল্যাশ মব। বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফ্ল্যাশ মবে অংশ নেন বিদায়ী শিক্ষার্থীরা। এ ছাড়া অন্য আয়োজনের মধ্যে ছিলবৃক্ষরোপণ, রং উৎসব ও সন্ধ্যায় ডিজে পার্টি।
দ্বিতীয় দিন ছিল ক্যাম্পাসে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক আয়োজন। স্মৃতিচারণায় শিক্ষার্থীরা তুলে ধরেন হলজীবন ও ক্যাম্পাসের নানা সুখস্মৃতি। কেউ কেউ হয়ে পড়েন আপ্লুত। কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্রী নায়লা তাসনীম বলেন, বন্ধুদের নিয়ে অনেক স্মৃতি। হলের আড্ডাটা বেশি মনে পড়বে।

পুরো কৌশল বিভাগের ছাত্র রকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে পেয়েছি নতুন পরিবার। বন্ধুদের সঙ্গে ছিল আনন্দ-বেদনার ভাগাভাগি। এই সম্পর্ক অটুট থাকবে সারা জীবন।
শেষ দিন কেন্দ্রীয় খেলার মাঠে গানে মাতান ব্যান্ড দলের সদস্যরা। বিকেল পাঁচটায় শুরু হয় কনসার্ট। শিরোনামহীন, মেঘদল, আর্বোভাইরাস ও পাওয়ার সার্জসহ বেশ কয়েকটি ব্যান্ড দলের গানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আসিফ হোসাইন বলেন, ‘জীবনের শ্রেষ্ঠ চারটি বছর কাটিয়েছি এই ক্যাম্পাসে। চোখের পলকেই যেন সময় ফুরিয়ে গেল। বিদায়ের কথা ভেবে খারাপ লাগছে। আবার আছে ভালো লাগাও। এখন কর্মজীবনের হাতছানি।’