ক্যাম্পাসে নতুন-পুরোনোর মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের চেনা ক্যাম্পাসের অনেক কিছুই বদলে গেছে। সবকিছু সাজানো-গোছানো—আমাদের সময় এমনটা ছিল না। শুধু বদলায়নি ক্যাম্পাসের সে-ই চিরচেনা আড্ডা। অনেক দিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে আবার আড্ডায় বসলাম। এত ভালো লাগার অনুভূতি প্রকাশ করব কীভাবে!’উচ্ছ্বাসের সুরে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের (ইফেসকু) পুনর্মিলনীতে অংশ নিতে আসা ২২তম ব্যাচের ছাত্র আলীম আল রাজীব। শুধু তিনিই নন, নতুন-পুরোনোর এ মিলনমেলায় সবার এমন উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাসিমুখে সকাল থেকেই অতিথি বরণ করছিলেন অধ্যাপক আল আমিন। তিনি ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের ছাত্র এবং প্রাক্তন পরিচালক। ব্যস্ততার ভিড়ে এক ফাঁকে প্রথম আলোকে বলেন, ‘আগের ব্যাচের শিক্ষার্থীরা বিদেশে থাকায় আসতে পারেননি। তাই আমাকেই অভিভাবকের দায়িত্ব পালন করতে হচ্ছে এখন। প্রাণের টানে সবাই ছুটে এসেছে। হারানো সেই দিনের কথা আজ ভেসে উঠছে মনের কোণে। যদি আবার ফিরে যেতে পারতাম সেদিনে!’ শনিবার দিনব্যাপী এ মিলনমেলায় সকালে ছিল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পরিবেশসংক্রান্ত উন্নত গবেষণার জন্য চট্টগ্রামে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের উন্নত গবেষণাগার স্থাপন করা হবে।’ তিনি নবীন গবেষকদের উদ্দেশে বলেন, ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা তহবিল থেকে পরিবেশসংক্রান্ত উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করবে সরকার। তাঁদেরই পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বনসংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোখলেসুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) উপপরিচালক নিয়াজ আহমেদ চৌধুরী, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক জসীম উদ্দিন, একই বিভাগের শিক্ষক কলিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।