ক্যাম্পাসে পিঠা খাওয়ার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের ওপর থরে থরে সাজানো নকশি, চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, মাখন কচি, বরই, কলা, তারাসহ হরেক রকমের পিঠা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে পিঠা দেখছেন, কেউ বা স্বাদও নিচ্ছেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পিঠা উৎসবে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার মুখ’ আয়োজন করে এ উৎসবের।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরসংলগ্ন উম্মুক্ত প্রাঙ্গণে বসেছিল এই উৎসব। নতুন প্রজন্মকে গ্রাম-বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন বাংলার মুখের সাবেক সভাপতি দিয়াজ ইরফান চৌধুরী।উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। তবে এই পিঠা উৎসবটি ছিল অন্য উৎসবের চেয়েও আলাদা। পিঠা খাওয়ার মাঝে মাঝে চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় সবাই এসেছিলেন উৎসবে। উৎসবকে বর্ণময় করে তুলতে একাধিক স্টল দিয়েছিলেন শিক্ষার্থীরা।উৎসবে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিয়া নাসরিন বলেন, ‘সাত সকালে কিংবা সন্ধ্যায় গরম গরম ভাপা, পুলি কিংবা দুধচিতইয়ের কথা ভাবতে কার না জিভে জল আসে? নগরজীবনে গ্রামবাংলার এই ঐতিহ্যের কাছাকাছি আসা সব সময় সম্ভব হয়ে ওঠে না। এমন একটি উৎসবের মাধ্যমে আমরা যেন গ্রামে ফিরে গেছি।’পড়ন্ত বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। এ দেশে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো।’ তিনি চিরায়ত বাংলার সংস্কৃতিকে তুলে ধরায় বাংলার মুখ পরিবারকে ধন্যবাদ জানান। এরপর বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী ও বাংলার মুখের সভাপতি মো. মঈন উদ্দিন ।বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। উৎসবের শেষ পর্যায়ে এসে নানা গানের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতি তুলে ধরেন বাংলার মুখের শিল্পীরা। গান পরিবেশন করে ব্যান্ডদল প্রতিধ্বনি। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় উৎসবের।