ক্যাম্পাসজুড়ে মৌসুিম ফলের ম-ম গন্ধ। স্টলে স্টলে ছিল রসাল বাহারি ফলের পসরা। শিক্ষার্থীদেরও ছিল প্রবল আগ্রহ। তাই পুরো দিনটি মুখর ছিল শিক্ষার্থীদের পদচারণায়। খাওয়া আর আড্ডা—দুইয়ে মিলে অন্য রকম দিন।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৯ জুন অনুষ্ঠিত হলো ফল উৎসব। চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিচর্চাকে সমুন্নত রাখতে গ্রিন ফর পিসের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ইদানীং ফলমূলের সঙ্গে নানা ধরনের রাসায়নিক পদার্থ মেশানোর প্রবণতা বাড়ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ ইব্রাহিম কবীর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন স্বপন কুমার পালিত, চুয়েটের নিবন্ধক (রেজিস্টার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, তড়িৎকৌশল বিভাগের শিক্ষক কাজী দেলোয়ার হোসেন ও পুরকৌশল বিভাগের শিক্ষক আয়শা আক্তার।উৎসবে বিভিন্ন স্টলে প্রায় ১৩ প্রকার দেশজ ফল প্রদর্শন করা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, লটকন, কলা, কাউফল, জামরুল, ডেউয়া, কামরাঙা, আনারস প্রভৃতি। আম, কাঁঠালের মতো বহুল পরিচিত ফলের পাশাপাশি নানা ধরনের অপরিচিত ফল যেমন, পানিয়াল ও কাউফল শিক্ষার্থীদের মন কাড়ে। এ প্রসঙ্গে গ্রিন ফর পিসের সাধারণ সম্পাদক এম এম আলী রেজা বলেন, ‘আমরা চাই এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে চুয়েট পরিবারের বন্ধন সুদৃঢ় হবে।’