ক্যাম্পাসে ফিরতে চান ফাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লাড ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী মাইনুল আবেদিন
ব্লাড ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী মাইনুল আবেদিন

মাইনুল আবেদিন। সবার কাছে পরিচিত ফাহিম নামে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ক্লাস, ক্যাম্পাসে ছিল তাঁর উচ্ছল, প্রাণবন্ত ও সরব উপস্থিতি। কিন্তু জীবনের সব আনন্দ এখন ফিকে হয়ে গেছে তাঁর। গত ৩০ মার্চ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার পর জানতে পারেন, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত।
ফাহিমের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর গ্রামে। তিনি ২০১৪ সালে হারবাং ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। এরপর ভর্তি হন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে। পাঁচ ভাইয়ের মধ্যে ফাহিম চতুর্থ। বাবা জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। উপার্জনক্ষম বলতে বড় ভাই মোজাহেরুল আজম। তিনি চট্টগ্রামের টেরিবাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী। আরও একটি ভাই অসুস্থ। অন্য ভাইয়েরা লেখাপড়া করছেন। পরিবারটির স্বপ্ন ছিল ভাইয়ের পড়ালেখা শেষ হলে সুদিন ফিরবে। কিন্তু এর মধ্যে এল দুঃসংবাদ। দিশেহারা হয়ে পড়েন বড় ভাই মোজাহেরুল। চাকরি ছেড়ে দিয়ে ভাইকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে তঁাকে সাহস জুগিয়েছেন ফাহিমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এখন তাঁরাই ফাহিমকে চিকিৎসার ব্যয়ের সংস্থান করতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ করতে চিঠি দিয়েছেন। সহপাঠীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। বিশেষ করে চকরিয়ায় স্বাধীন মঞ্চ ও পিস ফাইন্ডার নামের দুই স্বেচ্ছাসেবী সংগঠন ফাহিমের জন্য অর্থ সংগ্রহে নেমেছে।
ফাহিমের বড় ভাই মোজাহেরুল প্রথম আলোকে বলেন, ‘৩০ মার্চ ব্লাড ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রতিদিন চার ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন হচ্ছে। চিকিৎসকেরা তঁাকে দ্রুত ভারত অথবা থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে বলেছেন। এতে অন্তত ১২ লাখ টাকা প্রয়োজন। এত টাকা কোথায় পাব আমরা। ভাইকে বাঁচাতে আমি সবার সাহায্য কামনা করছি।’
ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক গোলাম রব্বানীর তত্ত্বাবধানে রয়েছেন। গোলাম রব্বানী বলেন, ফাহিমের চিকিৎসা দেশে সম্ভব। তবে সময় দিতে হবে। দ্রুত সারিয়ে তুলতে চাইলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। ব্যয়বহুল চিকিৎসায় অন্তত ১২ লাখ টাকা খরচ হতে পারে।
সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফাহিমকে বাঁচাতে অর্থসহায়তা করতে সবার কাছে আহ্বান জানাচ্ছেন। সহপাঠীকে আবার ক্যাম্পাসে ফিরে পেতে একটু সহযোগিতা চেয়ে লিখছেন তাঁরা।
সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মাইনুল এইচ সিরাজী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘...আমাদের নিবেদন প্লিজ এগিয়ে আসুন, ফাহিমের জন্য হাত বাড়িয়ে দিন।’
শিক্ষক-শিক্ষার্থীরা ফাহিমের জন্য সহায়তা পাঠাতে একটি হিসাব নম্বর খুলেছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মাইনুল এইচ সিরাজী, সঞ্চয়ী হিসাব-৩৪০৫২৫৫৪, সোনালী ব্যাংক, বরইছড়ি শাখা, কাপ্তাই, রাঙামাটি।