ক্যাম্পাসে বন্ধুতার গান
‘এখন শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে যোগ হয়েছে জীবন গড়ার অনুষঙ্গ, ক্লাস, প্রাইভেট শেষ হলেই দৌড়াতে হয় কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে। বাড়িতেও এতটুকু অবসর নেই। অনেক সময় হাসতেও ভুলে যাই। কিন্তু সারা দিনের ব্যস্ততায় আনন্দের বৃষ্টি নামায় আড্ডা, জীবনের সবুজ সকালটা আরও সজীব করে দেয়।’ কথাগুলো বললেন কক্সবাজার সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী আইরিন আকতার। আইরিনের কথাই প্রতিধ্বনিত হলো এ্যানি, তামান্না, সেবা, লাকি ও তারিনের কণ্ঠে। তাঁদের আড্ডার প্রাণ বন্ধুতার জয়গান। তাঁরা জানান, আড্ডায় হরেক কথা হয়, পড়াশোনা, ভবিষ্যতে কে কী হতে চান! এমনকি দেশের রাজনীতির হালচালও হালকা চালে বলে ফেলেন কেউ কেউ। এখন তথ্যপ্রযুক্তির জয়জয়কার। বন্ধুদের সঙ্গে অনেক কাজই মুঠোফোন, খুদেবার্তা কিংবা অন্তর্জালে সেরে ফেলি। তারপরও এক দিন আড্ডা না হলে পেটের ভাত হজম হয় না।’ বলেন অর্থনীতি বিভাগের ছাত্রী তামান্না। তিনি আরও বলেন, ‘বিপদেই বন্ধুর পরিচয়’ ছোটবেলা থেকে শোনা এই প্রবাদবাক্যের পরিচয় পাই নানা সময় নানা কাজে। তবে এটা ঠিক বন্ধুই বুঝতে পারে বন্ধুর মনের কথা।’আড্ডা হয় কোথায়? এমন প্রশ্নে তাঁদের উল্টো জবাব—হয় না কোথায়! কলেজের পুকুরপাড়ে, সবুজ ঘাসের ওপর, কিংবা গাছের ছায়ায়। হাসি-আনন্দে ঝংকার তুলে সুর। একজন গান ধরলে যোগ দেন অন্যরা, এক পর্ব গণসংগীত হয়ে যায় আর কি!বাংলার ছাত্রী এ্যানি জানান, কখনো মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তখন বন্ধুরা কীভাবে যেন বুঝে ফেলে। আর শুরু হয়ে যায় মন ভালো করার আয়োজন। কেউ কৌতুক করে হাসানোর জন্য আমাকে হাসাতে না পেরে নিজেরাই হেসে খুন! গান-নাচ করে মনটা ভালো করে দেয়।’ একই বিভাগের কামাল হোসেন জানান, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে আলাদা আড্ডা যেমন হয় তেমনি ‘যৌথ প্রযোজনাও’ হয়। কলেজের ছাত্রী ফারজানা নাসরিন জানান, ‘আনন্দের সময় আনন্দ। দুঃখের কথাগুলো কারও সঙ্গে ভাগাভাগি করতে না পারলে মনটা বিষণ্ন থাকে।’কনিকা চৌধুরী জানান, অনেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা দুষ্টুমি করাতে খারাপ কিছু দেখেন। কিন্তু অনেক মহৎ উদ্যোগ, বড় সৃষ্টি হয়েছে আড্ডা থেকে। তবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডার পক্ষে নন তিনি।মিজানুর রহমানের কথাগুলো একটু অবাক করা, জীবন যখন একঘেয়ে হয়ে ওঠে, তখন ইচ্ছে করে দূরে কোথাও গিয়ে নিজেকে লুকিয়ে রাখি। হারিয়ে যাই দূর অজানায়। কিন্তু বন্ধু ছাড়া সাগর আমায় ডাকে না। তাই দলবেঁধে কখনো সাগরে, কখনো পাহাড়ে, কখনো বা মেঠোপথে হাঁটি উদ্দেশ্যহীন। পাহাড়ের চূড়া থেকে দেখি সাগরের উচ্ছলতা।