
শহরে বসে প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন বোঝা কঠিন হলেও বিভিন্ন স্থানে আয়োজিত বসন্ত উৎসব নগরবাসীর মনে ঠিকই ফাল্গুনের মাতাল হাওয়া বইয়ে দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি ফাল্গুনের দ্বিতীয় দিনে বসন্ত সরবেই এল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কমলা-হলুদ রঙের শাড়ি, পাঞ্জাবি পরে সকালে শাটল ট্রেন থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পা রাখতেই চারদিকে ছড়িয়ে পড়ল উৎসবের আবির।
উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই উৎসবে ছিল গান, নাচ, নাটক, আবৃত্তি ও কথামালা। ‘বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে’ স্লোগান নিয়ে আয়োজিত এই উৎসবে প্রাণের সুরই বেজেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সকাল ১০টায় উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বসন্তকথন। এতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া, গবেষক মাসুম খান, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক প্রকাশ দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক তাফহীমুল সিফাত।
বসন্তকথনের পর বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় উদীচীর বসন্তবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করেন উদীচীর আবৃত্তি বিভাগের শিল্পী ইমতিয়াজ হোসেন, ফারজানা ইসলাম, রেজা-ই-রাব্বী নওরোজ। এরপর ‘বসন্তে ফুলের ডালি’ গানের সঙ্গে দলীয় নাচ পরিবেশন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নিশিগন্ধা, অথৈ ও চাঁপা।
বাদ যায়নি বসন্ত নিয়ে অনুপম রায়ের করা ‘বসন্ত এসে গেছে’ গানটিও। এই গানের সঙ্গে একক নাচ পরিবেশন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসনিয়া প্রিয়তা। নাচের পাশাপাশি উদীচীর শিল্পীরা গান শুনিয়ে মুগ্ধ করেন দর্শকদের। সমবেত কণ্ঠে তাঁরা শোনান ‘ফাগুন হাওয়ায়’, ‘কলকল ছলছল’, ‘আহা আজি এ বসন্তে’, ‘ওরে গৃহবাসী’, ‘আহা কী আনন্দ’ ও ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’। গান পরিবেশন করে আব্দুল্লাহ আরিফ, রাকিবুল ইসলাম, ধর্মরাজ, সিগমা পাল, শ্রাবণী মুৎসুদ্দী, পায়েল বড়ুয়া, কিরণ ও ইউস্রা আফনান। গান ও নাচের পর উদীচীর নাটক বিভাগ পরিবেশন করে জন গলসওয়ার্দির দা সান অবলম্বনে নাটক দেয়াল রশ্মি। নাটকটি নির্দেশনা দেন শাশ্বত দত্ত। এতে অভিনয় করেন ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, সুমনা ও তৌহিদ। এরপর বাউলগান করেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া। সবশেষে ব্যান্ড দল ‘অজানা উড়ন্ত বস্তু’ পরিবেশন করে ‘যখন নীরবে দূরে’, ‘শহরের উষ্ণতম দিনে’ ও ‘শুভ্র রঙিন আকাশের দিন’ শিরোনামের বেশ কয়েকটি গান। এতে অংশ নেন সৈয়দ মো. ইরফান, হাসান মো. টিপু, অভিজিৎ দেব ও নাঈম আবদুল্লাহ। এই ব্যান্ডের গানের সঙ্গে সঙ্গে শেষ হয় দিনব্যাপী উদীচীর বসন্ত উৎসব।