ক্যাম্পাসে বিজয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
বিজয় দিবসের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

মহান বিজয়ের ৪৩তম বর্ষপূর্তি উৎসব। আনন্দময় আয়োজনে বর্ণিল এই দিন উদ্যাপন করেছেন নগরের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, নাচ, গান ও আবৃত্তিতে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা শপথ নেন দেশ গড়ার। বিনম্র শ্রদ্ধায় তাঁরা স্মরণ করেন বীর সেনানীদের। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় দিবস উদ্যাপনের খবর:
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল ও সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: রাত ১২টা ১ মিনিটে বিজয়ের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বিজয় দিবস উদ্যাপনের আয়োজন। কর্মসূচির মধ্যে ছিল সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ, বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ভলিবল ম্যাচ এবং সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘সব কটা জানালা খুলে দাও না’ গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে নাচ, গান ও আবৃত্তির পরিবেশনায় মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাবরিনা আক্তার, জয়া চৌধুরী, মুক্তি বড়ুয়া, অমিত দাশ, ফরিদুল ইসলাম, চন্দন নাথ ও নাঈমা ফেরদৌসী হক। আবৃত্তি করেন মুজিবুর রহমান ও রাজীব কুমার রায়। এরপর দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্যের ছন্দে মঞ্চ মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: বিজয় দিবস পালন উপলক্ষে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণা, চিত্রপ্রদর্শনী ও কবিতা পাঠের আসর। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান ও ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন পর্বে অংশ নেন মামুন, মুনতাহিনা, রাইসা, মাইশা, মিহিকা, রিহাদ, নাজমুল, মাসুদ, তানিকা, অভি, নাফি, মারুফ, ফারিয়া, স্নেহা, কমলগন্ধা, প্রিয়ন, নীহারিকা, আজমী, মিনহাজ, সামিত প্রমুখ।