ক্যাম্পাসে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কারণেই ছাত্ররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মনে করছেন সাবেক ছাত্রনেতারা। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। পাশাপাশি ছাত্রনেতৃত্বে পরিবর্তন আনতে হবে বলে মত দিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৩ মাস আগে গত বছরের মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘাত ও হানাহানির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো বহাল আছে।১৯৯০ সালে নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) আজিমউদ্দিন সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নইলে ছাত্ররা বিভিন্ন অপরাধে জড়িতে পড়তে পারেন। পর পর তিন ছাত্র খুনের ঘটনা আমাদের সেই ইঙ্গিত দিচ্ছে। আসলে পড়াশোনার বাইরে ছাত্রদের চিত্তবিনোদন ও রাজনীতির সুযোগ থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে শুধু পড়াশোনায় আটকে রাখা যাবে না। তাই অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে।’ আজিমউদ্দিন আরও বলেন, যেসব ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের গুরুতর অভিযোগ উঠেছে তাঁদের কোনো অবস্থায় নেতৃত্বে রাখা ও আনা উচিত হবে না। মেধাবীরা ছাত্রনেতৃত্বের মধ্যে গুণগত পরিবর্তন আনতে পারেন। এতে ক্যাম্পাসে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হবে। রাজনৈতিক দলগুলোর উচিত মেধাবী নেতৃত্ব সৃষ্টি করা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ‘সারা দেশে ছাত্ররাজনীতি উন্মুক্ত রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তা নিষিদ্ধ করা উচিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন, ১৩ মাস ধরে ছাত্ররাজনীতি বন্ধ রেখে ছাত্রদের কী কল্যাণ হয়েছে?’সেলিম রেজা আরও বলেন, ‘মূল রাজনৈতিক সংগঠনের নেতাদের উচিত আদর্শিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ছাত্রদের নেতৃত্বে নিয়ে আসা। এতে ছাত্রসমাজ ও দেশের কল্যাণ হবে। ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করা উচিত। আদর্শিক ধারা বজায় রেখে ছাত্ররাজনীতি চলতে পারে। খুনখারাবি, দরপত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া ছাত্র নামধারী সন্ত্রাসীদের সংগঠনের কোনো দায়িত্বে আনা উচিত হবে না বলে তিনি মত দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও চাকসুর সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও মনে করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘ দিন ছাত্ররাজনীতি বন্ধ রাখা উচিত হয়নি। এতে স্বৈরশাসকেরা লাভবান হয়। ১৩ মাস ধরে ছাত্ররাজনীতি বন্ধের কারণে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠছে। এর মধ্যে তিন ছাত্র খুন হয়েছে, যার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে নিতে হবে। ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা বলেন, ক্যাম্পাসে সভা-সমাবেশ থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত। ছাত্র নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তবে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসীদের তৎপরতা কঠোরভাবে দমন করতে পুলিশের কার্যকর ভূমিকাও সাধারণ শিক্ষার্থীরা দেখতে চান।একজন সাধারণ শিক্ষার্থী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররাজনীতি বন্ধের পর ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে মনে করেছিলাম। এখন দেখছি উল্টোটা হচ্ছে। অর্থাৎ খুনখারাবি বেড়ে গেছে, যা আমাদের জন্য আতঙ্কের বিষয়। সন্ধ্যার পর ছাত্রাবাসের বাইরে থাকা নিরাপদ মনে করি না। তিন ছাত্র খুন হয়েছেন। কারা এই খুনের সঙ্গে জড়িত তা-ও স্পষ্ট নয়।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন ক্যাম্পাসে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘একটি বিশেষ পরিস্থিতিতে তা করা হয়েছে। নইলে ক্যাম্পাসের পরিবেশ আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু প্রগতিশীল কর্মকাণ্ডের চর্চা তো অব্যাহত আছে।’ ক্যাম্পাসে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কি না জানতে চাইলে প্রক্টর বলেন, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে।