ক্যাম্পাসে সাপের দেখা পেলেই মিজানুরের ডাক পড়ে

আজ ৫ জুন—বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচাতে দেশের নানা প্রান্ত থেকে নিজেদের মতো করে কাজ করছেন অনেক তরুণ। পড়ুন তেমন একজনের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের মেস থেকে এখন পর্যন্ত ৩০টির বেশি সাপ উদ্ধার করেছেন মিজান

ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি ভালোবাসা। ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্যাম্পাসের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছিলেন। নানা সময় দেখতেন বিভিন্ন হলে, রাস্তাঘাটে শিক্ষার্থীরা সাপ দেখলেই মেরে ফেলে। ছোটবেলা থেকে প্রাণীদের প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে ওঠা মিজানুর রহমানের এসব দেখে কষ্ট লাগত।

সিদ্ধান্ত নিলেন ব্যক্তি উদ্যোগেই সাপ বাঁচাবেন। কয়েকটি সাপ উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন মিজানুর। এমন একটা সময় আসে, যখন হলে কিংবা রাস্তাঘাটে সাপের দেখা পেলেই তাঁর ডাক পড়ে। তাই সাপ উদ্ধারের বিষয়ে আরও জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি। যুক্ত হন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সঙ্গে। সেই থেকে লোকালয়ে চলে আসা বিষাক্ত কিংবা নির্বিষ—সব ধরনের সাপই উদ্ধার করে আবার প্রকৃতির বুকে ফিরিয়ের দেওয়ার কাজটি করে যাচ্ছেন তিনি। আহত পাখিও উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষার্থী। গাছ লাগানো, মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করা—এসবও তাঁর দৈনন্দিন চর্চার অংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের মেস থেকে এখন পর্যন্ত ৩০টির বেশি সাপ উদ্ধার করেছেন মিজান। এর মধ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ হিসেবে পরিচিত ‘কমন ক্রেইট’ উদ্ধার করেন তিনি।

এসবের কাজের মধ্য দিয়ে যেহেতু একটা পরিচিতি পেয়ে গেছেন, তাই ক্যাম্পাসে চলাফেলার সময় অনেকেই আগ বাড়িয়ে আলাপ করতে আসেন, গল্প করেন। বিষয়টা বেশ উপভোগ্য মনে হয় মিজানুরের কাছে। বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অবশ্যই ভাবা উচিত। আমাদের সবার উচিত প্রকৃতিকে তার নিজের নিয়মে চলতে দেওয়া। এই যে আমাদের রেসকিউ অভিযান, এটা কিন্তু আসলে সফলতা না। আমাদের বনের পরিমাণ বাড়াতে হবে। বেশি বেশি গাছ রোপণ করতে হবে। বন্য প্রাণীগুলো যেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারে।’