ক্যাম্পাসে সিইউডিএসের বিতর্ক প্রতিযোগিতা
পক্ষে-বিপক্ষে চলছে তুমুল বিতর্ক। বিষয় ‘স্নায়ুযুদ্ধের অবসান, অস্ত্রকে অরক্ষিত করেছে।’ এক পক্ষ বলছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের একচ্ছত্র আধিপত্য কবজা করে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে ইরাক, আফগান যুদ্ধসহ আরও অনেক সংঘাতময় পরিস্থিতি। এতে ব্যবহূত হয়েছে রাসায়নিক, জীবাণু অস্ত্রসহ হাজার হাজার মারণাস্ত্র। প্রাণহানি ঘটেছে অগুনতি মানুষের। স্নায়ুযুদ্ধের অবসান হলেও বেড়েছে অস্ত্রের ব্যবহার।’ কিন্তু প্রতিপক্ষের বিতার্কিকেরা এই যুক্তি মানতে নারাজ। তাঁরা বলছেন, ‘স্নায়ুযুদ্ধ মানে বিবদমান দুই পরাশক্তির মধ্যে ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি। স্নায়ুযুদ্ধের অবসান হলেও ইরাক-মার্কিন যুদ্ধে তৃতীয় কোনো সামরিক শক্তি সম্পন্ন দেশ যুক্তরাষ্ট্রের সামনে এসে দাঁড়ায়নি। ফলে অস্ত্র অরক্ষিত হয়নি এবং কমেছে এর ব্যবহার।’ ১৪ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত চার দিনব্যাপী আন্তহল ও আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অনুষ্ঠিত আন্তহল বাংলা বিতর্কে বক্তারা যুক্তি দিয়ে এভাবেই প্রাঞ্জল করে তোলেন পুরো মঞ্চ। বিডিজবস ডট কমের সহযোগিতায় ‘যুক্তি দিয়ে জ্বালাই আলো, ঘুচাই যত মনের কালো’ স্লোগানে শুরু হয় আন্তক্লাব বাংলা বিতর্ক। কাল (১৮ জানুয়ারি) পর্যন্ত এই বিতর্ক চলবে। বিতর্কে অংশ নিয়েছে এফ রহমান (১), আলাউল, শামশুন্নাহার, শাহ জালাল, সোহরাওয়ার্দী, বেগম খালেদা জিয়া, শাহ আমানত ও প্রীতিলতা হল। এতে বিচারক ছিলেন জাতীয় বিতর্ক, বাংলাদেশ টেলিভিশনের কো-অর্ডিনেটর রোবায়েত রাকিব, পান্থজনের নির্বাহী পরিচালক মিথুন মল্লিক, রেহেনা খানম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শহীদুল হক, প্রাণরসায়ন বিভাগের শিক্ষক আতিয়ার রহমান, সিইউডিএসের কার্যকরী সদস্য নেজাম উদ্দীন। বিতর্কের বিষয় ছিল আন্তর্জাতিক রাজনীতি, তৃতীয় বিশ্বের ব্যাপারে জাতিসংঘ, পারমাণবিক গবেষণা, সামরিকতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, স্নায়ুযুদ্ধ ও সামাজিক পরিবর্তন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ।