ক্যাম্পাসে স্মৃতির মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুল করিম ভবন (কলা অনুষদ ভবন) ও গ্রন্থাগার ভবনের মাঝখানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল! ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের শার্ট নিয়ে শোকাহত মানুষের ঢল। তারই পাশে তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু দিচ্ছেন ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ!ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের ২৪ বছরের ইতিহাস ফুটে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা ম্যুরাল’-এ। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ সাইফুল কবীর এটির নকশা করেন। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাস্কর্য ‘স্বাধীনতা ভাস্কর্য’ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের এ ম্যুরাল যেন ইতিহাসের রক্তপলাশ।গত বছরের পঁচিশে মার্চ ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য আবু ইউসুফ ও উপ-উপাচার্য মো. আলাউদ্দিন (বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য)।ম্যুরালের মাঝখানে (তৃতীয়) ও চতুর্থ স্তম্ভে রয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা ও বর্বরতার চিত্র। এটা দেখে মন খারাপ হলেও বাঙালির মুখে হাসি ফোটায় শেষের স্তম্ভ। লাখো প্রাণের বিনিময়ে পাওয়া বিজয় উদ্যাপনের ছবি শেষের স্তম্ভের ওপরের অংশে। নিচের অংশে বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত—আত্মসমর্পণ দলিলে সই করছেন পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল নিয়াজি।মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে এ রকম আরও তিনটি স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য। এগুলো হচ্ছে: স্মরণ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতা ভাস্কর্য ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। স্বাধীনতা ভাস্কর্যবিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা স্মারক ভাস্কর্য। খ্যাতিমান শিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মুর্তজা বশীর একক প্রচেষ্টায় এ ভাস্কর্য নির্মাণ করেন বলে জানা যায়। শিল্পীর সেরা কাজগুলোর মধ্যে এটি অন্যতম বলে বিবেচিত। চারটি আবাবিল পাখির প্রতীকী নির্মাণে তিনি ফুটিয়ে তুলেছেন বাঙালি জাতির ছয় দফা ও স্বাধীনতা আন্দোলনের ক্রমধারা। পাখির ডানায় ২১টি পাথরের টুকরায় লিপিবদ্ধ আছে বায়ান্নের ভাষা আন্দোলনের কাহিনি।ভাস্কর্যের মূল ভিত্তি রচিত হয়েছে জাতীয় ফুল শাপলার ওপর। এটির নির্মাণকাজ শেষ হয় ১৯৮৫ সালে। এটি প্রথমে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে নির্মাণ করার কথা ছিল। কিন্তু স্বাধীনতাবিরোধী লোকজনের হুমকির মুখে শেষ পর্যন্ত কলা অনুষদের সামনে স্থাপন করা হয়।বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভমুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। প্রথিতযশা শিল্পী রশিদ চৌধুরী এর নকশা প্রণয়ন করেন। ১৯৮৫ সালে স্থাপিত এ স্মৃতিস্তম্ভ বর্তমানে বিভিন্ন উৎসবের মিলনকেন্দ্র।মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত শহীদ স্মরণে ২০০৯ সালের ৫ নভেম্বরে ক্যাম্পাসের প্রবেশমুখে স্থাপন করা হয় স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বীরপ্রতীকের গ্রামের বাড়িতে ‘স্মৃতি ভবন’ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে চালু করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কর্নার।জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির আধিপত্য ছিল দীর্ঘদিন। ২০০৯ সালে মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তৎকালীন উপাচার্য আবু ইউসুফের সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারমিন আহমেদ ও পদার্থবিদ্যার কাউছার আহমেদ পাটওয়ারী প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতিস্তম্ভ আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য দেশের মানুষের ত্যাগের বিষয়টি। একই সঙ্গে দেশের প্রতি আমাদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেয় এসব।’