ক্যাম্পাসের নিরাপত্তা নয়, সড়কে টাকা আদায়ে ব্যস্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সকাল সাতটা। চারদিক কুয়াশায় ঢাকা। শার্ট-প্যান্ট পরা এক মধ্যবয়স্ক ব্যক্তি হাত নাড়িয়ে থামালেন কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কে কাঠবোঝাই এক ট্রাক। দূর থেকে মনে হবে কোনো পুলিশ সদস্য তাঁর পেশাগত দায়িত্ব পালন করছেন। কিন্তু খোঁজ নিলেই জানা যাবে ঘটনার পেছনের রহস্য। কথিত দায়িত্ব পালনকারী ব্যক্তি পুলিশের নিয়োগ করা দালাল, যিনি কিছুক্ষণ পরপর পণ্যবাহী গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে উৎকোচ আদায় করছেন। পাশে থেকে তা তদারক করছেন পুলিশের কয়েকজন সদস্য।
এটি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুলিশ ফাঁড়ি এলাকার নিয়মিত চিত্র। বর্তমানে ফাঁড়ির এ রকম দুজন দালাল রয়েছেন। একজনের নাম মহিউদ্দিন, অপরজন নূরুল কবির। ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এঁদের দিয়ে এভাবে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ি থেকে অর্থ আদায়েই বেশি মনোযোগী ফাঁড়ির সদস্যরা।
এদিকে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, কিছুদিন পরপরই ক্যাম্পাসে চুরির ঘটনা ঘটছে। আবাসিক হল, শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কার্যালয় থেকে প্রায়ই চুরি হচ্ছে ল্যাপটপ, প্রজেক্টর, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র। এ ছাড়া দেশীয় অস্ত্র হাতে গভীর রাতে আবাসিক হল এলাকায় চোরের আনাগোনা দেখা যায়। তাঁরা জানান, সম্প্রতি এক চোর মধ্যরাতে আবাসিক হলে চুরি করতে এসে রামদার কোপে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের গণধোলাইয়ে চোরটির মৃত্যু হয়।
কুদরত-ই-খুদা হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোমেল জানান, কিছুদিন আগে তাঁর একটি দামি মুঠোফোন চুরি হয়। এ ছাড়া একই কক্ষ থেকে অন্য দুজনের দুটি ও পাশের কক্ষ থেকে তাঁর এক সহপাঠীর একটি মুঠোফোন চুরি হয়েছে।
ক্যাম্পাস পুলিশ সূত্রে জানা যায়, একজন পরিদর্শকের নেতৃত্বে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন এ ফাঁড়িতে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাহারা না দিয়ে পার্শ্ববর্তী সড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ভাগে ভাগ হয়ে পাহারা দেয় তাঁরা। তবে তাঁরা পাহারার নামে দালালের মাধ্যমে যানবাহন থেকে উৎকোচ আদায়ে বেশি ব্যস্ত বলে অভিযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, তিনি একসময় পুলিশের দালাল হিসেবে মহাসড়কে অবস্থান নিয়ে পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করতেন। তবে বেশি টাকা আদায় হয় খুব ভোরে আর সন্ধ্যার পর। এ টাকার ভাগ পুলিশ পরিদর্শকসহ সড়কে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা পেয়ে থাকেন।
পুলিশের হয়ে কাজ করার কথা স্বীকার করে দালাল মহিউদ্দিন বলেন, ‘আমি কাজকর্ম তেমন করতে পারি না। অবৈধ মালামাল চেক করতে পুলিশকে সহযোগিতা করি। তাঁরা নাশতা খাওয়ার জন্য ১০০ টাকা করে দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চোরাই পণ্য ধরার ব্যাপারে ওদের (মহিউদ্দিনের) সহায়তা নেওয়া হয়। তবে কারও কাছ থেকে টাকা নেওয়ার কথা না।’
চুয়েটের নিরাপত্তা উপদেষ্টা কাজী দেলোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসে চুরি ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। যোগাযোগ করা হলে হাটহাজারী সার্কেলে সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।