ক্যাম্পাসের প্রাণ ঝুপড়ির আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে একটু সামনে কলা অনুষদ। এর শেষ প্রান্তে জারুলতলা। সেখান থেকে দুই পা বাড়ালেই চোখে পড়ে ২০টি ছোট ছোট একচালা-দোচালা ঝুপড়িঘর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ ঝুপড়ির দোকানগুলো সকাল-বিকেল মুখরিত থাকে শিক্ষার্থীদের আড্ডায়। কোনো এক দল গলা ছেড়ে গাইছে, আবার কেউ তুলছে তর্কের ঝড়। এভাবেই কেটে যায় সময়। বাংলা চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রহমান বলেন, ‘ঝুপড়ির আড্ডা আমাদের জীবনীশক্তি। ক্লাসের ফাঁকে ঝুপড়িতে গেলে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই অন্য জগতে। যেখানে শুধু বন্ধুত্বের জয়গান। একবার বসলে সময় যে কোনদিকে চলে যায়, টের পাওয়া যায় না। সময় যায় কিন্তু কথা আর শেষ হয় না।’ মধ্য আকাশে গনগনে সূর্য যখন চোখ রাঙায়, তখন আরও বেশি সরব হয়ে ওঠে ঝুপড়ির দোকানগুলো। বসার একটু জায়গা পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামতে হয়, কারা আগে বসবে। অনেক সময় জায়গা না পেয়ে দাঁড়িয়ে কিংবা মাটিতে বসেই চলে আড্ডা। গত শনিবার ঝুপড়িতে ঢুকতেই ভেসে আসছে ‘এই মুখরিত জীবনে চলার পথে...’/ ‘বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যায় যায়...’ এমন সব গান টেবিল চাপড়িয়ে সুর তুলছিলেন বাংলা বিভাগের কিছু শিক্ষার্থী। তাঁদের মধ্য থেকে ইলিয়াস বললেন, ‘শর্মী, এবার তুই একটা ধর।’ মাঝে বাদ সাধলেন আসিফ। বললেন, ‘এখন কলা আর শিঙাড়া-সমুচা চলবে। তারপর আবার গান।’ খাওয়া নিয়েও তাঁদের মধ্যে খুনসুটির শেষ নেই। নুসরাতের অভিযোগ, বায়েজিদের বেশি খাওয়া নিয়ে। আর বায়োজিদ বললেন, ‘বাসায় আমাকে সবাই গাড়ল বলে কিন্তু আমি বলি পেট শান্তি তো দুনিয়া শান্তি।’ পাশের টেবিলে একই সময়ে ইংরেজি বিভাগের কিছু ছাত্র হই-হুল্লোড় করছিলেন। কিসের এত আনন্দ সে কারণ অনুসন্ধানে জানা গেল, তাঁদের এক বান্ধবী তনু হাসিনা দীর্ঘ চার বছর পর আজই প্রথম ঝুপড়িতে এসেছেন। ঝুপড়ির আড্ডার এই প্রথম অভিজ্ঞতায় তিনি বলেন, ‘আরও আগে আসা উচিত ছিল। জীবনে অনেক অপূর্ণতা রয়ে গেল।’ সূর্যটা একটু পশ্চিম কোলে দোলা দিলেই থিয়েটার বনে যায় ঝুপড়ি। চলে উচ্চ স্বরে মহড়া। এ ব্যাপারে উদীচীর সদস্য প্রসূন চৌধুরী বলেন, ‘যুগ যুগ ধরে এভাবেই মহড়া করে আসছে সবাই, তাই আমরাও করি।’ সব ছাত্র সংগঠনের অলিখিত কার্যালয় এই ঝুপড়ি। শোভাযাত্রা কিংবা মিছিল শুরু হয় এই ঝুপড়ি থেকেই। সাংস্কৃতিক সংগঠনগুলোও কর্মসূচি কষে এই ঝুপড়িতে বসে। বর্ষার দিনে ঝুপড়ির কোনো তুলনাই হয় না। একদিকে যেমন চলে চা-শিঙাড়ার মেলা, তেমনি চলে টিনের চালে বৃষ্টির ঝুপঝুপ শব্দের সঙ্গে উচ্চ স্বরে গলা ছেড়ে গান। বিকেল পাঁচটা বাজলেই ধীরে ধীরে ভাঙতে থাকে মিলনমেলা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই থেমে যায় কোলাহল। সবাই ছোটে গন্তব্যে। আরেকটি নতুন দিনের আশায়।