ক্যাম্পাসের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি ও প্রগতি চর্চার কেন্দ্র। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞার নামে যে রাজনৈতিক বন্ধ্যত্ব তৈরি করে রাখা হয়েছে, তার মাধ্যমে মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতকে শক্তিশালী করা হচ্ছে। তাঁরা ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও চাকসু নির্বাচনের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে ১০ সেপ্টেম্বর ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা। সম্মেলন উদ্বোধন করেন স্বাধীনতা–উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি শামসুজ্জামান হীরা। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে এসে শেষ হয়।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশিদুল সামিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার, কেন্দ্রীয় সহসভাপতি শহিদুল্লাহ শহীদ, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সুকান্ত শীল, চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল বৈষ্ণব প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল গণসংগীত পরিবেশনা। এ ছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী ও ক্যাম্পাসের ব্যান্ড দল ‘শহুরে’ গান পরিবেশন করে।