
‘একবার নিয়াজ স্টেডিয়ামে (বর্তমানে এম এ আজিজ স্টেডিয়াম) আমরা ক্রিকেট ম্যাচ খেলিছলাম। প্রতিপক্ষ চট্টগ্রাম কলেজ। খেলার একপর্যায়ে প্রতিপক্ষের একজন আমাদের একজনের মাথা ফাটিয়ে দেয়। তা দেখে আমি দ্রুত কলেজে এসে ঘণ্টা বাজিয়ে দিই। সঙ্গে সঙ্গে কলেজ ছুটি। সবাইকে জড়ো করে নিয়ে গেলাম স্টেডিয়ামে মারামারি করতে!’
চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে বসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন ছাত্রজীবনের স্মৃতিচারণা করেন এভাবে। তিনি এই কলেজের ১০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার কলেজের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত ‘সিএমসি ডে’ উৎসবে যোগ দিতে ছুটে আসেন প্রিয় ক্যাম্পাসে।
তাঁর মতো ছুটে আসেন এই কলেজের দুই কৃতী ছাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক এল এ কাদেরীও। দেশের নামী এই তিন চিকিৎসক ব্যস্ত ছিলেন সহপাঠীদের সঙ্গে আড্ডা আর স্মৃতির রোমন্থনে।

আড্ডার ফাঁকে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘স্যারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছিলাম। অনেক স্মৃতি আজও অমলিন। এই ক্যাম্পাসের কারণেই আজ আমি সফল হয়েছি।’ তিনি বলেন, ‘এই মাঠে আমরা ফুটবল খেলতাম। একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিলাম। আড্ডা হতো তখন। অনেক মজার দিন ছিল।’
পাশে বসা সাংসদ আফসারুল আমীনকে দেখিয়ে প্রাণ গোপাল বলতে থাকেন, আফসারও আমাদের চ্যাম্পিয়ন দলের এক সদস্য। সবকিছুতে আগে ছিল খেলা।
প্রাণ গোপাল দত্ত এই কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। তৃতীয় ব্যাচের এল এ কাদেরীও গর্ববোধ করেন এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে। সিএমসি ডে–তে যোগ দিতে সকালেই ক্যাম্পাসে চলে আসেন প্রবীণ এই চিকিৎসক। স্মৃতিকাতর হয়ে পড়েন তিনিও।

এল এ কাদেরী বলেন, ‘আমি সাইকেলে করে কলেজে আসতাম। খেলতাম এই মাঠে। ক্লাসে কত যে দুষ্টুমি হতো। স্যারেরা বিরক্ত হতেন। আবার ভালোও বাসতেন আমাদের।’
মজার ঘটনা খুঁজতে গিয়ে স্মৃতি হাতড়ে বেড়ালেন এই প্রবীণ অধ্যাপক। একটু চুপ করে বললেন, ‘একবার আমাদের অ্যানাটমির ক্লাসের পরীক্ষাগারে ছোট ট্রানজিস্টরে কয়েকজন ক্রিকেট ধারাভাষ্য শুনছিলাম। আবদুল মান্নান স্যার এসে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে কী করছ। আমরা তখন ভয়ে কাতর। নিশ্চিত পরীক্ষায় ফেল করিয়ে দেবেন। পরে অবশ্য পাস করিয়ে দেন।’
বিশেষজ্ঞ চিকিৎসক সামন্ত লাল সেন এই কলেজে পড়ার সময় সাহচর্য পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বীর উত্তমের। ‘শাহ আলম ভাইয়ের সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিল। আমাকে পছন্দ করতেন তিনি। তখন আমি নাটক ও যাত্রাপালা করতাম। নিজেকে উত্তমকুমার মনে হতো তখন।’
স্মৃতিময় ক্যাম্পাসে বসে নস্টালজিক হয়ে পড়েন চিকিৎসকেরা। রোমাঞ্চকর সেই সব দিনগুলো খুঁজে ফেরেন তাঁরা।