দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ক্যাম্পগুলোর বাইরে অবৈধভাবে বসবাসরত উর্দুভাষী অবাঙালিদের উচ্ছেদ করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে ক্যাম্পে বসবাসরতদের মধ্যে যাঁদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তাঁদের পর্যায়ক্রমে পুনর্বাসন করতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত আলাদা নয়টি রিট আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী অবাঙালিরা উচ্ছেদের আশঙ্কা করে ২০০২ সালে হাইকোর্টে রিট আবেদন করেন উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) সভাপতি মো. সাদাকাত খান। এতে বলা হয়, দীর্ঘ ৪৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে অমানবিক জীবনযাপন করে আসছেন প্রায় চার লাখ উর্দুভাষী। ১৯৯৫ সাল থেকে এসব উর্দুভাষীকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়। ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা সিটি করপোরেশন মিরপুরের পল্লবীতে প্রায় ৩৯টি ছোট-বড় ক্যাম্প বিনা নোটিশে উচ্ছেদের কার্যক্রম শুরু করে। তখন এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত ক্যাম্পে বসবাসরতদের পুনর্বাসন বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন।
সারা দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের উচ্ছেদ নিয়ে আরও আটটি রিট আবেদন করা হয়। এসব রিট আবেদনে দেওয়া রুলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়।
পরে হাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, মিরপুরের পল্লবীর বিহারি ক্যাম্প, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, নীলফামারীর সৈয়দপুরের বিহারি ক্যাম্পের বাইরে সরকারি জায়গায় অবৈধভাবে যাঁরা বাস করছেন, এই রায়ের ফলে তাঁদের উচ্ছেদে আর কোনো বাধা নেই।