ক্যারম দিয়েই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আদরের ছোট বোনটির বয়স মাত্র চার। নাম তার ফারজানা। গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় সারা ঘর। বাসার পাশেই কলোনির খেলার মাঠ। ছেলেরা সেই মাঠে খেলা করে সারা দিন। তাদের উল্লাসের শব্দ শোনার অপেক্ষা শুধু, ব্যস। মেয়েটা এখনই ছুটে যাবে বুঝি মাঠে। মা-বাবার মনে শঙ্কা, কখন নেমে পড়ে তিনতলার সিঁড়ি বেয়ে। তাই বাবা খেলার মাঠটাই নিয়ে এলেন ঘরে। মেয়েকে কিনে দিলেন ক্যারম বোর্ড। সেই থেকে শুরু।‘আমাদের বংশে কেউ কোনো দিন খেলোয়াড় ছিলেন না। অথচ আমার কাছে খেলা শুধু শখ নয়, নেশা। খেলার নেশায় পড়েই ক্যারম খেলতে ছুটে গেছি দেশের বাইরে।’ ইডেনের ঝাঁকড়া পাকুড়তলায় বসে এভাবেই নিজের স্মৃতিচারণা করছিলেন ফারজানা আক্তার।কিছুদিন আগে মালদ্বীপে সার্ক টুর্নামেন্ট ও এশিয়ান টুর্নামেন্ট-২০১১-এ ক্যারমে বাংলাদেশের প্রতিনিধিদলে খেলে এসেছেন তিনি। যদিও এবারই প্রথম নয়। ২০০৯ সালে ভারতে খেলেছেন প্রথমবার। প্রথম না হতে পারলেও খুব একটা খারাপ হয়নি। মেয়েদের দলীয় খেলায় বাংলাদেশ তৃতীয়। ২০১০-এ শ্রীলঙ্কায়ও বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন তিনি। খেলা সেই একটাই, ক্যারম।ফারজানা বললেন, ‘আমাদের দেশে ক্যারমকে এখনো সবাই সময় কাটানোর খেলা হিসেবেই জানে। অথচ ক্রিকেট, ফুটবল কিংবা শ্যুটিংয়ের মতো ক্যারমেরও আছে আন্তর্জাতিক অঙ্গন, আছে জাতীয় ক্যারম ফেডারেশন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মেয়েরাও খেলছে এবং ছেলেদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে। অথচ আমাদের দেশেই এর প্রচার কম। আন্তর্জাতিক মানের বোর্ড, এমনকি স্ট্রাইকারও আমাদের দেশে তৈরি হয় না। তবু আশার কথা, ফারজানারা সেই বাধা অতিক্রম করছেন।ফারজানার কথাতেই না হয় শুনুন, ‘তৃতীয় বর্ষে পড়ার সময় আমি প্রথম ক্যারমের আন্তর্জাতিক মানের বোর্ড দেখি। কলেজে চ্যাম্পিয়ন হয়েছি বেশ কয়েকবার। ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমরা দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে আমাকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখান আমার সব সময়ের অনুপ্রেরণা, ইডেনের ক্রীড়া শিক্ষক মরিয়ম বেগম। তাঁরই উ ৎ সাহে ২০০৬ থেকে জাতীয় পর্যায়ে খেলছি। এর বাইরেও ২০০৮-এ ফেডারেশন আয়োজিত মহিলা উন্মুক্ত চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম। ২০১০-এর স্বাধীনতা কাপ প্রতিযোগিতায় একক ও দ্বৈত দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলাম। একই ফলাফল ছিল মহানগর ২০১০ প্রতিযোগিতায়ও।’২০১০-এ ইডেন থেকে স্নাতকোত্তর শেষ করা ফারজানার একমাত্র ধ্যানজ্ঞান এখন ক্যারমকে ঘিরে। ২০১২ সালে শ্রীলঙ্কায় ক্যারম বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে, সেটার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০১২ সালে সার্ক টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেখানেও অংশ নিতে চান। তিনি মনে করেন, যারা খেলাধুলা করে, তাদের উ ৎ সাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ও ফেডারেশনের আরও সংশ্লিষ্টতা থাকা খুব প্রয়োজন। তবেই না সফল হবে আকাশছোঁয়ার স্বপ্ন।