
বাড়িতে বড় ভাইদের সঙ্গে কখনো ভলিবল, কখনো ব্যাডমিন্টন বা ক্রিকেট আবার কখনোবা ছোট ক্যারমের বোর্ডে হাত। ছোটবেলা থেকে এভাবেই খেলার সঙ্গে সখ্য ফারজানা আক্তারের। বাবার চাকরির সূত্রে তখন তাঁরা খুলনায়। একটা সময়ে সবকিছু ছেঁটে ফেলে মন দিলেন দুই আঙুলের খেলা ক্যারমে। আর এখন ক্যারম খেলোয়াড় হিসেবে দেশসেরাদের কাতারে উঠেছেন ফারজানা।
ক্যারম ছিল তাঁর শখের জায়গা। কিন্তু বড় কোনো আসরে নিজেকে মেলে ধরার সুযোগ আসে ২০০৭ সালে। ফারজানা বলেন, ‘ঢাকার ইডেন কলেজে পড়ার সময় ক্রীড়াশিক্ষক মরিয়ম বেগমের মাধ্যমে প্রথম জানলাম, ক্যারম কোনো ছোট পরিসরের খেলা নয়। এই খেলার প্রতিযোগিতা হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। ক্যারমের নাকি বিশ্বকাপও হয়!’
২০০৭ সালে ইডেন কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ক্যারম চ্যাম্পিয়ন হন ফারজানা আক্তার। এরই মধ্যে মরিয়ম বেগম তাঁকে নিয়ে গেলেন ক্যারম বোর্ডে। সেখানেই জানলেন ক্যারমের নানা নিয়মকানুন। ফারজানা বলেন, ‘ছোট একটা বোর্ড, একটা স্ট্রাইকার আর কাঠের ঘুঁটি। তাতেও আবার এত নিয়মকানুন। এক সপ্তাহের প্রশিক্ষণ পেলাম প্রথমবারের মতো। এরপর জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হলো সে বছর। তবে সেবার অভিজ্ঞতা ছাড়া আর কোনো ফলাফলই হলো না। আশাহত হইনি। বরং জেদ চেপে গেল।’
এই জেদের কারণেই পরের বছর ২০০৮ সালে পঞ্চম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপে নিজের আসন পোক্ত করে নিলেন ফারজানা। সেবার মেয়েদের মধ্যে র্যাঙ্কিংয়ে হলেন ৩। এরপর শুধুই এগিয়ে চলা। ২০০৯ সালে ক্যারম চ্যাম্পিয়নশিপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, ২০১০ সালে পান ফেয়ার প্লে ট্রফি। ২০০৭ সালে ক্যারম ফেডারেশনের মহিলা উন্মুক্ত চ্যাম্পিয়নশিপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন ফারজানা। ২০১০ সালে মহানগর কাপ টুর্নামেন্টে প্রথম স্থান, ২০১২ সালে স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টে দ্বিতীয় রানারআপ, ২০১৪ সালে বিজয় দিবস ক্যারম টুর্নামেন্টে একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হন তিনি। ২০১২ সালে ইডেন কলেজ থেকে পান কৃতী ক্রীড়াবিদের স্বীকৃতি।
ফারজানা দেশের বাইরে প্রথম খেলার সুযোগ পান ২০০৯ সালে ভারতের মুম্বাইয়ে ১৩তম সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। ফলাফল দ্বিতীয় রানারআপ। সে বছর ভারতের পুনেতে তৃতীয় এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপের মহিলা দ্বৈতেও একই ফলাফল।
২০১২ সালে নিজ দেশে ১৬তম সার্ক টুর্নামেন্টে মেলে অভূতপূর্ব সাফল্য। মিশ্র দ্বৈতে দ্বিতীয় এবং ফেয়ার প্লে ট্রফি অর্জন করেন ফারজানা আক্তার। ফারজানা আক্তার বলেন, ‘সেই থেকে বিশ্বাস করতে শুরু করি। একদিন আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারব। একই ধারাবাহিকতায় ২০১৩ সালে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ সালে মালদ্বীপে ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাছাই পর্বে প্রথম হই। কিন্তু ক্যারম ফেডারেশনের পর্যাপ্ত টাকা না থাকার কারণে নারী দলকে বাদ দেওয়া হয়। শুধু ছেলেদের দল আর কর্মকর্তারা সেই প্রতিযোগিতায় অংশ নেন। তবে আশা ছাড়িনি। বিশ্বসেরা হওয়ার ইচ্ছা নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আশা করি এবার বিশ্বকাপে খেলতে পারব।’
ইডেন কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করা কৃতী এই ক্যারম খেলোয়াড়ের স্বামী আবদুর রাজ্জাক খান বরিশালে চাকরি করেন। তাই ফারজানার ঠিকানা এখন দুটি। খেলা থাকলে ঢাকায় আসেন, বাকিটা সময় বরিশালে।