ক্যারিয়ার আড্ডায় সাফল্যের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলে যাওয়ার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ২০১৪ সালের প্রথম থেকেই সারা দেশে আয়োজন করা হচ্ছে ‘ক্যারিয়ার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকেন হাজারো তরুণ। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি পর্বের l ছবি: সংগৃহীত
বদলে যাওয়ার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ২০১৪ সালের প্রথম থেকেই সারা দেশে আয়োজন করা হচ্ছে ‘ক্যারিয়ার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকেন হাজারো তরুণ। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি পর্বের l ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৫ জানুয়ারি। বেলা তিনটার আশপাশে একটা সময়। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুেষ গমগম করছে নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সন্ধ্যা হতেই তা জনজোয়ারে রূপ নিল। রাত নয়টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রোতা যেন একটুর জন্য চোখ ফেরাল না মঞ্চ থেকে। ফেরাবেই বা কেন? মঞ্চে যে একের পর এক উদ্দীপনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষেরা।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোতে ছিলেন বাউণ্ডুলে। ছিলেন ‘লাস্ট বেঞ্চের’ শিক্ষার্থী। এমনকি পড়ালেখা পাশ কাটিয়ে নগরের একটি শপিং মলে দোকানও দিয়েছিলেন তিনি। স্নাতকে প্রথম শ্রেণিও আসেনি। সেই তিনিই পরবর্তী জীবনে দারুণ সফল। কঠোর অধ্যবসায় তাঁকে দুহাত ভরে এনে দিয়েছে সাফল্য। তিনি সুশান্ত পাল। ৩০তম বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি পরীক্ষায় প্রথম। বর্তমানে কর্মরত আছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে।
নিজের সেই বদলে যাওয়ার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ২০১৪ সালের প্রথম থেকেই ‘ক্যারিয়ার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে উদ্দীপনামূলক বক্তব্য দেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগ দেন কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার বাদল সৈয়দ, সহকারী কমিশনার আয়ান শর্মা। আর সর্বশেষ ক্যারিয়ার আড্ডায় উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার জন্য যোগ দেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।
এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ১৫টি ক্যারিয়ার আড্ডার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সাতটিই হয়েছে চট্টগ্রামে। প্রতিটি আড্ডারই ব্যাপ্তি ছয় ঘণ্টা করে। দীর্ঘ এ সময় উদ্দীপনামূলক বক্তব্য দেন বক্তারা। আড্ডার স্থান, কাল জানানো হয় ফেসবুকের মাধ্যমে।

তরুণদের উদ্বুদ্ধ করেন ৩০তম বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় প্র​থম হওয়া সুশান্ত পাল
তরুণদের উদ্বুদ্ধ করেন ৩০তম বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় প্র​থম হওয়া সুশান্ত পাল

এতে অংশ নিতে লাগে না কোনো ফি। উল্টো অংশগ্রহণকারীদের উদ্দীপনামূলক বক্তব্যের সিডি দেওয়ার পাশাপাশি আপ্যায়নও করা হয়। বিনা মূল্যে নিজেকে বদলানোর এই সুযোগ নেবে না কে! তাই প্রতিটি আড্ডায় শিক্ষার্থীদের ঢল নামে। এ পর্যন্ত প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এই আড্ডার সঙ্গী হয়েছেন।
কেবল মিলনায়তনে উদ্দীপনামূলক বক্তব্যের মধ্যেই ক্যারিয়ার আড্ডার কার্যক্রম সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি ফেসবুকেও বিভিন্ন লেখার মাধ্যমে শিক্ষার্থীদের নির্দেশনা দেন তাঁরা। কীভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কিংবা কোনো পদক্ষেপ নিলে উদ্যোগে সাফল্য আসবে সুশান্ত পাল কিংবা বাদল সৈয়দের ফেসবুক ওয়ালে গেলে মিলবে তার নির্দেশনা। সেখানে পাঠকেরা মন্তব্যর মাধ্যমে ক্যারিয়ারবিষয়ক নানা তথ্য জেনে নিতে পারছেন। তাঁরাও নিয়মিত যোগাযোগ রাখছেন আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে। হতাশ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই তাঁদের লক্ষ্য।
এনাম ইরফান, হারুনুর রশীদ ও ফারহানা শারমীন। তাঁরা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী। এ পর্যন্ত দুটি ক্যারিয়ার আড্ডায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁদের।
জানতে চাইলে তাঁরা বলেন, ‘কীভাবে বিসিএসের প্রস্তুতি নেব, কিংবা ক্যারিয়ারকে কীভাবে সাজাব তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ক্যারিয়ার আড্ডায় অংশ নিয়ে যেমন ভালো পরামর্শ পেয়েছি তেমনি উদ্দীপনাও পেয়েছি। এখন একজন সুশান্ত পাল কিংবা একজন বাদল সৈয়দের মাঝে আমরা নিজেদের খুঁজে পাই।’
ক্যারিয়ার আড্ডার অন্যতম উদ্যোক্তা বাদল সৈয়দ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের সঠিক পথ নির্দেশ করার তেমন কোনো ব্যবস্থা নেই। প্রায়ই তাঁরা হতাশায় ভোগেন। তাদের জীবনের সঠিক পথ দেখানো, তাঁদের উৎসাহ জোগানো, কীভাবে নিজেদের জীবন সাজাবে এবং সর্বোপরি কীভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলবেন তা জানাতেই আমাদের এই প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ফেসবুকে তাঁদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানান। ক্যারিয়ার বিষয়ে সেসব সমস্যায় ভোগেন সে সম্পর্কে পরামর্শ চান। আমরা শুধু বক্তব্য দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না প্রতিনিয়তই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি।’