ক্যারিয়ারের পথ বাতলে দিলেন সুশান্ত ও মল্লিকা

বিশ্ববিদ্যালয় জীবন শেষের পথে। এবার ভাবনা ক্যারিয়ার নিয়ে। কিন্তু কোন পথে এগোবেন? তার জন্য চাই সঠিক নির্দেশনা। এ নিয়ে চিন্তিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া নজরুল ইসলাম। অবশেষে নজরুলের সেই চিন্তা দূর হয়েছে। গত ২৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্যারিয়ার আড্ডায় পথ খুঁজে পেলেন তিনি। শুধু নজরুল নন, ক্যারিয়ার বিষয়ে সঠিক নির্দেশনা পেয়েছেন অনেক তরুণ-তরুণী।
প্রথম আলো বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখা দিনব্যাপী এই আড্ডার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান সকাল ১০টায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয়। এতে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া মল্লিকা রায়। আয়োজনে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং নর্থ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলী, রোটারি ক্লাব অব চিটাগং নের্থর সভাপতি রেজাউল করিম, চার্টার্ড প্রেসিডেন্ট সালমা রহমান, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ–আহ্বায়ক আহমেদ সাব্বির।
এরপর শুরু হয় মূল পর্ব। শুরুতেই অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন মল্লিকা রায়। পরে বেলা সাড়ে ১১টা থেকে কথা বলা শুরু করেন সুশান্ত পাল। দুপুরে এক ঘণ্টার বিরতি। এরপর আবারও মঞ্চে সুশান্ত পাল। সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা তিনি বক্তব্য দিয়ে যান।
সুশান্ত পাল তাঁর বক্তব্যে নিজের সাফল্যের গল্প তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এবং বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে ভালো করা যাবে, তা বাতলে দেন। তাঁর বক্তব্যে মন্ত্রমুগ্ধের মতো একনাগাড়ে শুনেছেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। বন্ধুসভার এমন আয়োজনের প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আড্ডায় অংশ নেওয়া মৌসুমি আহমেদ বলেন, ‘কীভাবে বিসিএসের প্রস্তুতি নেব কিংবা ক্যারিয়ারকে কীভাবে সাজাব, তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বন্ধুসভা আয়োজিত এই ক্যারিয়ার আড্ডায় অংশ নিয়ে নিজের মধ্যে ভালো কিছু করার তাগিদ অনুভব করছি।’