জ্বালানি-সংকট মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন এ দেশের বিশেষজ্ঞরা। এ গবেষণাও আগের তুলনায় অনেক বেড়েছে। সৌরবিদ্যুৎ নিয়ে বিশদ গবেষণার জন্য সৌরশক্তির সঠিক পরিমাপ করা জরুরি। এমন ভাবনা থেকে ক্যালকুলেটরের সাহায্যে সৌরশক্তি পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (চুয়েট) সদ্য পাস করা প্রকৌশলী সৈয়দ নাফিউল ইসলাম।নতুন এই প্রযুক্তির নাম ‘সোলার রেকর্ডার’। এ প্রযুক্তি প্রসঙ্গে নাফিউল বলেন, ‘সূর্যের আলো প্রথমে ক্যালকুলেটরের সৌরকোষে পড়ে মাইক্রোকন্ট্রোলারে প্রবেশ করবে। এরপর কিছুক্ষণের মধ্যে ক্যালকুলেটরের মনিটরে ভেসে উঠবে সৌরশক্তির পরিমাণ।এ প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সজল চন্দ্র বণিক। তিনি বলেন, ‘গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশে প্রায় সারা বছরই সূর্যের পর্যাপ্ত আলো পাওয়া যায়। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সূর্যের আলো বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহূত হতে পারে। এ জন্য দরকার বিশদ গবেষণা। আর সৌরশক্তি নিয়ে গবেষণার ক্ষেত্রে এ যন্ত্র সহায়ক ভূমিকা পালন করবে।এ প্রযুক্তির ব্যাপারে আগ্রহ কেন হলো এমন প্রশ্নের জবাবে সৈয়দ নাফিউল ইসলাম বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রচুর পরিমাণ সৌরশক্তি পাচ্ছে। কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে থাকায় এ বিপুল সৌর বিকিরণের সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। ফলে কি পরিমাণ সম্ভাবনাময় সৌরশক্তি অব্যবহূত থেকে যাচ্ছে সে সম্পর্কে ধারণা পেতে এ যন্ত্র নিয়ে কাজ করেছি।