ক্রন্দসী কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান বেঁধেছেন আঞ্চলিক কবি ‘ছোড ছোড ঢেউ তুলিয়ারে লুসাই ফারত্তুন (পাহাড় থেকে) নামিয়ারে যারগই (যাচ্ছে) কর্ণফুলী’।কিংবদন্তি বলে এক পাহাড়ি কন্যার কানফুল হারিয়ে গিয়েছিল নদীতে। তারই সূত্রে স্রোতস্বিনীর নাম কর্ণফুলী। এরই রেশ ধরে নজরুল লিখেছেন, ‘ওগো কর্ণফুলী/ তোমার সলিলে পড়েছিল কার/ কানফুল খুলি’।কর্ণফুলীর সাম্পানওয়ালাকে নিয়ে আঞ্চলিক গানের অমর শিল্পী শেফালী ঘোষের জনপ্রিয় গান, ‘ওরে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা’।কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ লিখেছেন উপন্যাস কর্ণফুলী—এই নদীপাড়ের মানুষের জীবন নিয়ে। উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহারে দক্ষতার জন্য ইউনেসকো পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে কর্ণফুলী কেবল গ্রাম-জনপদের নদী নয়, এটি বয়ে গেছে শহর চট্টগ্রামের তীর ঘেঁষে। বলা যায়, কর্ণফুলীর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম শহর। শহরের চেয়েও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলো এ নদীর তীরে গড়ে ওঠা বন্দর। চট্টগ্রাম বন্দর বহু পুরোনো। হাজার বছরের ইতিহাস আছে এর। পর্তুগিজরা বলত পোর্টে গ্র্যান্ডে (বড় বন্দর)। এটিই বাংলাদেশের বহির্বাণিজ্যের প্রধান বন্দর; আমদানির আশি ভাগের বেশি আর রপ্তানিরও সিংহভাগ এ বন্দর দিয়ে সম্পন্ন হয়।সেদিক থেকে বলা যায়, কর্ণফুলী নদী বাংলাদেশের অর্থনীতির জীবনরেখা। ফলে অন্য যেকোনো নদীর চেয়ে এটির গুরুত্ব আলাদা।কিন্তু কর্ণফুলী কি পারছে দেশের অন্য নদীর ভাগ্য বা দুর্ভাগ্য ঠেকাতে? এ নদীর পাড়ও অবৈধ দখলদারদের ভোগে লাগছে। এ নদীতেও পলি পড়ে নাব্যতা কমছে, এ নদীর পানিতে দূষণের মাত্রা বেড়ে চলেছে।এদিকে স্বাধীন দেশের ক্রমবর্ধমান চাহিদার আলোকে বন্দরের সম্প্রসারণ প্রয়োজন হয়ে পড়েছে। প্রয়োজন হচ্ছে বন্দরের আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি। আর ওসবের সঙ্গে নদী ব্যবস্থাপনার যোগ রয়েছে গভীর।কর্ণফুলীর ওপর স্বভাবতই সেতুর সংখ্যা বাড়ছে, আশপাশে শিল্পকারখানা গড়ে উঠেছে, পারের জমিও দখল হচ্ছে, নদীর নাব্যতা কমছে, মূল ছাড়া আরও খাত তৈরি হচ্ছে। এসবই একটি নদীর মুমূর্ষুদশা স্মরণ করিয়ে দেয়। এ দেশের কোনো নদীরই স্বাস্থ্য ভালো যাচ্ছে না। অনেক নদী বুজে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বর্ষায় পানি বয়ে নেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছে।কর্ণফুলীর জল সঞ্চয়ের এলাকা বা ক্যাচমেন্ট এরিয়া মূলত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। সেখানে যথেচ্ছ বননিধন হচ্ছে, তাতে ভূমিক্ষয় বাড়ছে, জনবসতি বাড়ার ফলে নদীদূষণ ঘটছে। বৃষ্টিরও ধারাবাহিকতা আগের মতো নেই।একসময় দীর্ঘ কাহিনিকাব্য লিখেছিলেন কবি ওহীদুল আলম—কর্ণফুলীর মাঝি। আমিনা সোন্দরীর নায়ক নসুু মালুম সমুদ্রযাত্রা করেছিল এ নদীপথেই। কত গান, কবিতা, কাহিনি এ নদীকে ঘিরে রচিত হয়েছে।স্বদেশি আর ভিনদেশি নাবিকের আনাগোনা আজও আছে ঠিকই; কিন্তু নেই সেই গান, কবিতা ও কাহিনি। নদী তার রোমান্টিকতা হারিয়ে ফেলছে। মুনাফালোভী মানুষের কারণে নদী কেবল আগ্রাসনের শিকার হচ্ছে। মানবিক ও শৈল্পিক দৃষ্টিতে তার রূপ উপভোগ কিংবা নদীজীবনের স্বাদ গ্রহণের রুচি আজ হারিয়ে যাচ্ছে।কান পাতলে কর্ণফুলীর গুঞ্জন আজও শোনা যাবে, চোখ মেলে তাকালে পাহাড়-অরণ্য-উপত্যকা ভেদ করে ছুটে চলা স্রোতস্বিনীর সৌন্দর্যও দেখা যাবে। কিন্তু সে কান আর প্রাণ কোথায় আজ? প্রয়োজনের ক্ষুধিত চাহিদার থাবার নিচে সবই মিথ্যা হয়ে যাচ্ছে। হয়তো কর্ণফুলীর গুঞ্জন আদতে তার ক্রন্দন আজ। হয়তো দেশের অন্য নদীর ক্ষেত্রেও এ-ই সত্য।