ক্রসবাঁধ দিয়ে বাঁকখালীর তীর দখল

কক্সবাজার শহরের অন্যতম প্রধান নদী বাঁকখালীতে একাধিক ক্রসবাঁধ দিয়ে নদী ভরাট করে তীর দখলের প্রতিযোগিতা চলছে। ইতিমধ্যে শহরের নুনিয়াছটা থেকে এসএমপাড়া পর্যন্ত নদীর তিন কিলোমিটারে (দুই তীরে) হাজারো অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। জেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে কিছু স্থাপনা উচ্ছেদ করলেও পরবর্তী সময়ে তা আবার নির্মিত হচ্ছে। ফলে নদীর গতিপথ সংকুচিত হয়ে ব্যাহত হচ্ছে নৌচলাচল।
স্থানীয় জেলেরা জানান, আগে ঘূর্ণিঝড় কিংবা দুর্যোগের সংকেত পেয়ে সাগরে মাছ ধরার কয়েক হাজার ট্রলার এই নদীতে আশ্রয় নিত। এখন নদীর তলদেশ ভরাট ও দুই তীরে অবৈধ স্থাপনা তৈরির কারণে কয়েক শ ট্রলারেরও ঠাঁই হচ্ছে না। তাঁরা আরও জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর তীরে এলোমেলোভাবে ক্রসবাঁধ দিয়ে রেখেছেন। রাতে এসব বাঁধের পাশে ট্রাকে করে এনে ইট-সুরকি ও বালু ফেলে ভরাট করা হচ্ছে। ফলে স্রোতের গতিপথ বাধাগ্রস্ত হয়ে বিপরীত তীরের ঘরবাড়ি বিলীন হচ্ছে।
গত বুধবার সকালে বাঁকখালী নদীর খুরুশকূল সেতু ও গোদারপাড়া এলাকা পরিদর্শন করে দেখা গেছে, নদীর দুই তীরে একাধিক ক্রসবাঁধ দিয়ে ভরাটের চেষ্টা চলছে। নদীর টেকপাড়া, হাঙরপাড়া, মাঝিরঘাট, কস্তুরাঘাট, এন্ডারসন সড়ক, ছয় নম্বর জেটিঘাট, নুনিয়াছটাসহ বিভিন্ন অংশে নদীর তীর ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য বসতবাড়ি, দোকানপাট, শুঁটকি ও মৎস্য খামার, চিংড়ি প্রকল্প ও মুরগির খামার।
ছয় নম্বর জেটিঘাটে একটি ট্রলারের জেলে আমান উল্লাহ ( ৪৫) বলেন, সকাল ও সন্ধ্যা বেলায় পৌরসভার ট্রাকে করে বিপুল ময়লা–আবর্জনা ফেলে নদীর তীর ভরাট করা হচ্ছে।
খুরুশকূলের জেলে ছৈয়দ আমিন (৩৪) জানান, খুরুশকূল সেতু থেকে উত্তর দিকে গোদারপাড়া পর্যন্ত নদীতে সম্প্রতি বড় বড় পাঁচটি ক্রসবাঁধ দেওয়া হয়েছে। নদীর মাঝ পর্যন্ত ক্রসবাঁধ তৈরি হওয়ায় উল্টো দিকের উত্তর রুমালিয়ারছড়া, গোদারপাড়া, এসএমপাড়া ও চৌধুরীপাড়া ভাঙনের শিকার হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, কয়েক ঘণ্টার টানা বর্ষণ কিংবা পূর্ণিমার জোয়ারে পানির চাপ বেড়ে গেলে নদীর তীরসংলগ্ন বড়ুয়াপাড়া, পেঁতা সওদাগরপাড়া, চান্দেরপাড়া, এসএমপাড়া, গোদারপাড়া ও মাঝিরঘাট এলাকার কয়েক হাজার একর চাষযোগ্য জমি লবণাক্ত পানিতে ডুবে থাকে। এতে চাষাবাদও ব্যাহত হচ্ছে।
ময়লা-আবর্জনা ফেলে নদীর তীর ভরাট প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার মেয়র সরোয়ার কামাল বলেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য শহরের বাইরে জমি দেখা হচ্ছে। তখন নদীতে আর ময়লা–আবর্জনা ফেলতে হবে না। তিনি বলেন, বাঁকখালী নদীর তীর দখলের কারণে নৌচলাচলের পথ সংকুচিত হচ্ছে। যৌথ অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করতে হবে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নদীর তীর দখল করে ক্রসবাঁধ দেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।