ক্রাচে ভর দিয়ে আর চলতে হবে না আহাদুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা হারানো অদম্য মো. আহাদুল ইসলামের সাহায্যে এগিয়ে এসেছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড (সিআরপি) নামের একটি সংস্থা। সংস্থাটি আহাদুলের ডান উরুতে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে আর্থিক সহযোগিতার আশ্বাসও মিলেছে।
গত বৃহস্পতিবার প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আমার চট্টগ্রাম-এ ‘এক পায়ের সংগ্রাম’ শিরোনামে নগরের ওমর গণি এম ই এস কলেজের ছাত্র আহাদকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সে প্রতিদিন প্রায় ৩৫ কিলোমিটার দূরের আনোয়ারার বরুমচড়া এলাকা থেকে তিনটি গাড়ি বদলে কলেজে আসে ক্রাচে ভর দিয়ে। ছোটবেলায় দুর্ঘটনায় ডান পা হারায় সে।
এই প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সকালেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সিআরপি যোগাযোগ করে। সিআরপি চট্টগ্রামের ব্যবস্থাপক খলিলুর রহমান এ সময় কলেজ অধ্যক্ষকে তাঁদের ছাত্র আহাদুলকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর অংশ হিসেবে আজ রোববার তাকে প্রথমবারের মতো সিআরপিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘আমরা প্রতিবেদনটি পড়ে কলেজে যোগাযোগ করেছি। আহাদের ডান পায়ে একটি কৃত্রিম পা লাগানোর প্রস্তাব দিয়েছি। সম্পূর্ণ আমাদের খরচে এটি হবে। এ ছাড়া তাঁকে কিছু আর্থিক সাহায্যও করা হবে। কৃত্রিম পা লাগাতে প্রায় ২৫ দিনের মতো সময় লাগবে।’
জানা গেছে, কৃত্রিম পা লাগানো হলে আহাদুলকে আর এক পায়ে ক্রাচে ভর দিয়ে চলতে হবে না। সে এখন প্রতিদিন ক্রাচে ভর দিয়ে কলেজে যাওয়া–আসা করে। সে এমইএস কলেজের একাদশ মানিবক বিভাগের ছাত্র।
কৃত্রিম পা লাগানোর আগ্রহের কথাটি কলেজ অধ্যক্ষ আহাদুলকে সঙ্গে সঙ্গে জানান। এ বিষয়ে জানতে চাইলে সে বলে, ‘আমার খুব খুশি লাগছে। আমি এই খবরটি আমার মা-বাবাকে জানিয়েছি। তাঁরাও খুব খুশি হয়েছেন।’