ক্রাচে ভর দিয়ে জীবন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবিত্ত পরিবারের সন্তান নাসির উদ্দিন চৌধুরী (৩৮)। আর আট-দশজন সুস্থ সবল তরুণের মতো অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন স্নাতক প্রথম বর্ষে। সেটা ১৯৯২ সালের কথা। হঠাৎ বাতজ্বরে আক্রান্ত হয়ে ছিটকে পড়েন স্বাভাবিক জীবন থেকে। চিকিৎসকেরা জানান, তাঁর অসুখের নাম সেরো নেগেটিভ আর্থরাইটিস। বাকি জীবন তাঁকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হবে। পঙ্গুত্ব বরণ করলেও হাল ছাড়েননি নাসির। সিদ্ধান্ত নেন সব বাধা দূর করে প্রতিষ্ঠিত করবেন নিজেকে। নাসিরের এই স্বপ্ন অনেকটাই সত্যি হয়েছে। রাউজানের একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকার বহু যুবক এখন তাঁকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। রাউজানের গহিরা গ্রামে ১৯৭৩ সালে জন্ম নাসির উদ্দিন চৌধুরীর। পরিবারের তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ’৯২ সালে রাউজান গহিরা কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর বাতজ্বরে আক্রান্ত হন। এরপর ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে দিন কেটেছে তাঁর। সুস্থ হলেও শরীর এখনো যন্ত্রণাকাতর, হাঁটতে হয় ক্রাচে ভর দিয়ে।শরীরের এই অবস্থা সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নন তিনি। ২০০২ সালে ১০ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসায় নামেন। সে সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে নাসির বলেন, ‘আমার মনোবল ছিল বেশ শক্ত। হাসপাতাল ছেড়ে ফিরে আসার পর সিদ্ধান্ত নিই নিজের মেধাকে কাজে লাগিয়ে কিছু একটা করব। বাবা গরু বিক্রি করে আমাকে ১০ হাজার টাকা দেন। সেই টাকা দিয়ে গড়ে তুলি একটা ছোট মুরগির খামার।’নাসির জানান, প্রথম দফায় এই খামার থেকে লাভ হয় দ্বিগুণ। লাভের টাকা আবারও খামারের কাজে লাগান তিনি। তবে এবার ভাগ্য তাঁর সহায় ছিল না। লোকসানের কারণে খামার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তখন এক বন্ধুর সহায়তায় আবার নতুন করে পুঁজি বিনিয়োগ করেন তিনি। খামারে আবারও লাভ হয়। বাড়তে থাকে পুঁজি। বাড়তি পুঁজি খাটিয়ে তিনি জমি বর্গা নিয়ে সবজি চাষ করেন। প্রায় দুই একর জমিতে হাইব্রিড টমেটো চাষ করে সাফল্য পান। এরপর পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। সাফল্য পান সেখানেও। এখন তিনি পাঁচ একর জমিতে উন্নত জাতের কলার চাষ করছেন। ফলনও হয়েছে খুব ভালো। কলার ফলন দেখে এলাকার চাষিরা তাঁর বাগান থেকে চারাও সংগ্রহ করছেন। নাসির জানান, গহিরার চৌমুহনীতে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান এ কে জি পোলট্রি অ্যান্ড ফিস সেন্টারে এখন ২০ জন কর্মচারী কাজ করছেন। এখন তাঁর কৃষি খামার থেকে মাসে আয় হয় সোয়া লাখ টাকা। মা, বাবা, স্ত্রী ও ভাইদের নিয়ে তাঁর সুখের সংসার। বাবা ইয়াহিয়া চৌধুরী ছেলের এই সাফল্যে অভিভূত। তিনি বলেন, ‘আমরা ওর কাছ থেকে কিছু আশা করিনি। অথচ ও পুরো পরিবারের অবস্থা বদলে দিল।’