ক্রান্তিলগ্নে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আগামী ১১ মে যে নির্বাচন হবে, তা সত্যিকার অর্থেই হবে ঐতিহাসিক। দেশটির ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম একটি সরকার মেয়াদ পূর্ণ করার পর এ নির্বাচন হতে যাচ্ছে। এ ছাড়া এবারই প্রথম নির্বাচন হচ্ছে একটি তত্ত্বাবধায়ক প্রশাসনের নেতৃত্বে। এ নির্বাচন হচ্ছে তালেবানসহ জঙ্গিগোষ্ঠীগুলোর অব্যাহত সহিংসতা, নজিরবিহীন মাত্রার সাম্প্রদায়িক হানাহানি, জেঁকে বসা বিদ্যুৎ-সংকট ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। পাকিস্তানের সাধারণ মানুষ অনেক আশঙ্কার মধ্যেও আশায় বুক বেঁধেছে, একটি সুষ্ঠু নির্বাচনের পর হয়তো দিন বদলাবে। অন্তত এখনকার চেয়ে খারাপ হবে না পরিস্থিতি। অন্যদিকে পর্যবেক্ষকেরা ব্যস্ত দেশটির চড়াই-উতরাইয়ে ভরা গণতান্ত্রিক পথযাত্রার বিশ্লেষণ করে কতটা আশাবাদী হওয়া যায়, তার হিসাব-নিকাশে।শুধু দেশবাসী নয়, পাকিস্তানের নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে ভারত ও আফগানিস্তানের মতো প্রতিবেশীরা। যুক্তরাষ্ট্রের আগ্রহও তাদের চেয়ে কম হবে না। কয়েক বছর ধরে সম্পর্কের ব্যাপক টানাপোড়েন সত্ত্বেও এখনো বড় সাহায্যদাতা যুক্তরাষ্ট্র। বিশেষ করে, সামরিক ক্ষেত্রে পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্র ও সামরিক নীতি কী হয়, তা দেখতে উন্মুখ থাকবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তান ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে মার্কিন লড়াইয়ের ঘনিষ্ঠ মিত্র। প্রতিবেশী আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতার বিষয়টি খুবই জরুরি। ওয়াশিংটনের প্রত্যাশা, আসন্ন নির্বাচন পাকিস্তানে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। আর তাহলে পাকিস্তান ২০১৪ সালের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে গেলে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকারকে সাহায্য করতে পারবে। এসব কারণে পাকিস্তানের নির্বাচনের ফলাফলের ওপর আন্তর্জাতিক মহলের নজর থাকবে।আগামী নির্বাচনে কোন দল জিতে ক্ষমতায় আসবে, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতির দৌরাত্ম্য এবং জঙ্গিবাদ দমন ও দারিদ্র্য মোকাবিলায় ব্যর্থতার জন্য দেশের মানুষ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ওপর হতাশ। এমন অবস্থায়ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বদলে প্রেসিডেন্ট জারদারি ২৪ বছর বয়সী ছেলে বিলাওয়ালকে ভুট্টো পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করায় ব্যস্ত। বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ ও সাবেক ক্রিকেটার ইমরান খানের তরফ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারে পিপিপি। আগাম জামিনের ভরসায় পাঁচ বছরের স্বেচ্ছা নির্বাসন থেকে সদ্য দেশে ফিরেছেন সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। কয়েকটি মামলায় জড়িয়ে গেলেও তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন। তবে মোশাররফের ব্যক্তিগত কিছু জনপ্রিয়তা থাকলেও দেশের রাজনীতিতে তাঁর তুলনামূলকভাবে নবীন দল অল পাকিস্তান মুসলিম লিগের তেমন অবস্থান নেই।পাকিস্তানি তালেবানসহ কয়েকটি জঙ্গিগোষ্ঠী নির্বাচন চায় না। এ কারণে নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। জঙ্গিদের হুমকি নির্বাচনকে ঠেকিয়ে রাখতে না পারলেও ভোটার উপস্থিতির হারের ওপর একটি প্রভাব ফেলতে পারে। সন্ত্রাসবাদীরা কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টাও করতে পারে।এদিকে প্রথম কোনো গণতান্ত্রিক সরকারের মেয়াদ পূর্ণ করা এবং ঐতিহাসিক নির্বাচনের প্রাক্কালে পাকিস্তানের অর্জন নিয়ে মূল্যায়ন চলছে অনেক মহলে। বিশ্লেষকেরা বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর ক্ষমতাসীন থাকার পরও পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি হিসেবে বিবেচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এখনো নৈমিত্তিক ব্যাপার। ব্যাপক চেষ্টার পরও সেনাবাহিনী এ পর্যন্ত তালেবানসহ অন্য জঙ্গিদের সেভাবে বাগে আনতে পারেনি। লস্কর-ই-তাইয়্যেবাসহ অনেক জঙ্গিগোষ্ঠী সরকারেরই প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সমর্থন পায় বলে অভিযোগ আছে। বিদায়ী পিপিপি সরকারের মেয়াদের শুরুর দিকে আইএসআইকে বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে আনার একটি দুর্বল চেষ্টা করা হয়েছিল। সেনাবাহিনীর বিরোধিতায় তা অঙ্কুরেই বিনষ্ট হয়। সেনাবাহিনী ও বিচার বিভাগ উভয়েই পিপিপি সরকারকে দারুণ বেগ দিয়েছে। এই প্রেক্ষাপট মনে রাখলে পাকিস্তানের আগামী সরকার তথা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকে যায়। তবে পুরো ছবিটাই হতাশার নয়। পাকিস্তানের সেনাবাহিনী দৃশ্যত এটা মেনে নিয়েছে যে রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো মহলেই আর গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে দুর্নীতির মামলা, আদালত অবমাননার অভিযোগ ইত্যাদি নিয়ে পিপিপি সরকারের পেছনে লেগে থাকলেও সুপ্রিম কোর্টও সুস্পষ্ট করেই বলেছেন, আদালত সামরিক অভ্যুত্থান সমর্থন করবেন না। অনেকে মনে করেন, আদালত ও তাঁর সমর্থক সুশীল সমাজ পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালী রক্ষাকবচ হয়ে উঠছে ক্রমেই।পিপিপির সরকার নানা ব্যর্থতার জন্য অজনপ্রিয় হয়ে উঠলেও গত পাঁচ বছরের গণতান্ত্রিক সরকারের আমলে কিছু অর্জনও আছে। নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন হয়েছে। আইন পাস হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যেও। পাকিস্তান মানবাধিকার কমিশনের সিন্ধু প্রদেশ শাখার চেয়ারপারসন জোহরা ইউসুফ পিপিপির শাসনের ইতিবাচক দিক প্রসঙ্গে বলেন, ‘বিরোধী দলের প্রতি সরকার যে সহনশীলতা দেখিয়েছে, তা প্রশংসালাভের যোগ্য। প্রচারমাধ্যম এবং বিভিন্ন মহলের তরফ থেকে ভিন্নমত, সমালোচনা সহ্য করেছে সরকার। অরাজনৈতিক ব্যক্তিত্ব জোহরা ইউসুফের বক্তব্য এ প্রত্যয়ের জন্ম দেয় যে ধীরগতিতে হলেও দিন বদলাচ্ছে পাকিস্তানে।কিন্তু আগামী নির্বাচনের পর কেমন হবে পাকিস্তানের চালচিত্র? সে প্রশ্নের স্পষ্ট জবাব কারও কাছে নেই। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিদেশি এক সাংবাদিকের প্রশ্নে সম্প্রতি শুধু বলেন, নির্বাচনের ফল কেমন হবে, তা নিয়ে খুব নিশ্চিত নন তিনি। তবে বিদেশি পর্যবেক্ষকেরা পাকিস্তানের আসন্ন নির্বাচন এবং তার পরের রাজনৈতিক চিত্র সম্পর্কে খুব আশাবাদী নন। জার্মানির হাইনরিখ বোল ফাউন্ডেশনের ইসলামাবাদ অফিসের পরিচালক ব্রিট্টা পিটারসেন পাকিস্তান সম্পর্কে একজন বিশেষজ্ঞ। তিনি এ বিষয়ে বলেন, ‘পাকিস্তান নিয়ে ভবিষ্যদ্বাণী করা মোটেই সহজ কাজ নয়।’পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের (এসডিপিআই) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, পিপিপি এখনো সবচেয়ে জনপ্রিয় দল। যদিও উত্তরদাতাদের বেশির ভাগই বলেছেন, পিপিপিকেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলে মনে করেন তাঁরা। জরিপের ফল বলছে, বড় দলগুলোর কেউই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হয় না। পিপিপি এতে ২৯ শতাংশ ভোট পেয়ে সবার আগে ছিল। সামান্য ব্যবধানে তাদের পেছনে রক্ষণশীল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ। তারপর ইমরান খানের সংস্কারপন্থী দল তেহরিক-ই-ইনসাফ। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত নির্বাচনের ফল যদি এর চেয়ে কিছুটা অন্য রকমও হয়, আগামী সরকার আগের সরকারের চেয়ে দুর্বল হবে। কারণ, এটি প্রায় নিশ্চিতভাবেই হবে একটি জোট সরকার। অথচ এই মুহূর্তে পাকিস্তানের প্রয়োজন একটি শক্তিশালী সরকার। কারণ, অর্থনীতি, জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবই পাঁচ বছর আগের চেয়ে খারাপ। ব্রিট্টা পিটারসেনের মতে, দেশটির বিদ্যমান পরিস্থিতিতে দুর্বল সরকারের সম্ভাবনার বিষয়টি তাই উদ্বেগজনক।