শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারার জন্ম ১৯৭৭ সালের ২৭ অক্টোবর। সম্প্রতি ঘোষিত (১৫ সেপ্টেম্বর) আইসিসি নির্বাচিত ২০১১-১২ মৌসুমের ক্রিকেটার অব দ্য ইয়ার ও টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার তিনি। ২০১১ সালের ৪ জুলাই ইংল্যান্ডের লর্ডসে তিনি এ বক্তব্য দেন।আমি ধন্যবাদ জানাই মেলবোর্ন ক্রিকেট কাউন্সিলকে। প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ‘স্পিরিট অব ক্রিকেট’ শীর্ষক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে শুধু আমি একাই সম্মানিত নই, এর মাধ্যমে আমার পুরো দেশ সম্মানিত।আমি আপনাদের আজকে ভিন্ন একটা গল্প শোনাব। আমার দেশের খেলার কথা, ক্রিকেটের কথা। শ্রীলঙ্কায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, ক্রিকেট দিয়েই সমগ্র শ্রীলঙ্কা আজ এক বন্ধনে আবদ্ধ।আমাদের সমাজে ক্রিকেটের অবস্থানের জন্য ক্রিকেটারদের দায়বদ্ধতা অনেক বেশি। মাঠের ভেতরে যেমন আমাদের দায়বদ্ধতা আছে, তেমনি বাইরের জগতেও। ২০০৫ সালের সুনামির সময় আমাদের জীবনব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তখন আমরা জাতীয় দল নিয়ে অবস্থান করছিলাম নিউজিল্যান্ডে। ড্রেসিংরুমে আমাদের শারীরিক ও মানসিক অবস্থা ছিল খুবই খারাপ। সুনামির তীব্রতা আমাদের বাক্রুদ্ধ করে দিয়েছিল। খবরের ছবি আমাদের কাছে অবিশ্বাস্য লাগছিল। বাস্তবে কি এটা সম্ভব? যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। ৩১ ডিসেম্বর যখন দেশে ফিরলাম, তখন একটা অস্বাভাবিক কলম্বো দেখলাম। অন্য সময় আমাদের কারণে বিমানবন্দরে উৎসবের আমেজ দেখা দিত, হাসি-আনন্দে ভরে উঠত চারপাশ; কিন্তু সেদিন শহরটা ছিল জনশূন্য, অন্ধকার ও বিষণ্ন।আমরা ক্রিকেটাররা সেনাবাহিনী ও তামিল টাইগারদের আশ্রয়কেন্দ্রগুলোয় যাই। দুই পক্ষের মধ্যে যুদ্ধাবস্থা থাকলেও সেই বিপদে সবাই ছিল একসঙ্গে। মহাবিপদে সবাই ছিল ধৈর্যশীল, সবাই ছিল ঐকবদ্ধ। সেই দুর্দশাতেও প্রিয় ক্রিকেটারদের দেখে বিপদগ্রস্ত মানুষের মুখেও দেখা দিয়েছিল হাসির রেখা। নিঃস্ব মানুষের চোখে সেদিন আমরা আনন্দাশ্রু দেখেছিলাম। সবাই একসঙ্গে সেই বিপদ মোকাবিলা করেছিলাম। ধৈর্য, সাহস ও শক্তি দিয়ে এক হয়ে গিয়েছিলাম। আমাদের খেলার মাঠেও আমরা তা-ই করি। পুরো শক্তি দিয়ে মাঠে মনোনিবেশ করি। হেরে গেলেও একসঙ্গে থাকি, সুনামির মতো বিপদেও এক হয়ে পরস্পরের পাশে দাঁড়াই। দেশের মানুষ আমাকে যে সম্মান দেয়, খেলার মাঠে আমিও সেই সম্মান ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ার চেষ্টা করি। আমাকে যারা সম্মান দেয়, তাদের আমি ব্যাটে-বলে সম্মান ফিরিয়ে দিই।ক্রিকেট আমাদের কাছে আরাধ্য, পবিত্র ও পূজনীয়। আমাদের বৌদ্ধভিক্ষুরা পর্যন্ত ক্রিকেট খেলে। আমাদের জাতীয় চরিত্রের সঙ্গে মিশে গেছে ক্রিকেট। আমাদের দেশে খেলার সঙ্গে আবেগ-অনুভূতি সরাসরি জড়িত। হাসি-কান্না, আতিথেয়তা, গান-বাজনা—সবকিছুই যুক্ত আমাদের খেলার সঙ্গে। আমাদের সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে একটি মাত্র খেলা, যার নাম ক্রিকেট।আমাদের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে ক্রিকেটের গুরুত্ব অনেক। ভবিষ্যৎ নির্মাণে ক্রিকেট একটি মাধ্যম। শ্রীলঙ্কার অন্ধকার সময় দূর করতে ক্রিকেটের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গৃহযুদ্ধের বাজে সময়গুলোয় দেশের অবস্থা খারাপ হলেও ক্রিকেট দলের সাফল্যে সবাই এক হয়ে যেত। ক্রিকেট আমাদের ঐক্য। ক্রিকেটের কারণেই যুদ্ধের তীব্রতা কমে আসত দেশে। আমরা সৌভাগ্যবান যে দেশে গৃহযুদ্ধ শেষ হয়েছে। আমাদের সন্তানেরা এখন যুদ্ধবিগ্রহ ছাড়াই মুক্তভাবে বেড়ে উঠবে। ক্রিকেটে মিশে আছে আমাদের আনন্দ-বেদনা। সবাইকে ঐক্যবদ্ধ করাই ক্রিকেটের সৌন্দর্য। সেই সৌন্দর্যবর্ধনে আমাকে সাধারণ মালী হয়ে কঠিন কাজ করতে হবে। কঠোর পরিশ্রম করে আমরা খেলি দেশপ্রেম থেকেই। খেলার মাঠে ভদ্র আচরণ করি যেন সবাই ভাবে, আমরা লঙ্কানরা এ রকমই মার্জিত ও ভদ্র। দুই কোটির কিছু বেশি মানুষের বাস আমাদের ছোট্ট দেশে। এই খেলার সঙ্গে জড়িয়ে আছে তাদের আনন্দ-বেদনা ও হাসি-কান্না। নানা বর্ণ-গোত্রের লোকজন ক্রিকেটকে কেন্দ্র করেই এক হয়ে যায়। তারাই আমাদের শক্তি ও প্রেরণার ভিত্তি; আমরা ক্রিকেট খেলি সেসব মুখের জন্য। তারাই আমাদের মাঠের প্রেরণা। তাদের জন্য আমি একজনই একসঙ্গে তামিল, সিংহলি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান হয়ে যাই। আমি সবার, সবাই আমার। সবার ওপরে আমি, সব সময়ের জন্য একজন লঙ্কান হিসেবে গর্বিত।সূত্র: লন্ডনের দ্য টেলিগ্রাফইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর: জাহিদ হোসাইন খান