ক্রিকেট উৎসবের প্রস্তুতি জোরেশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ আগামী মঙ্গলবার। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা  জুয়েল শীল
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ আগামী মঙ্গলবার। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা জুয়েল শীল

ক্রিকেট উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগেই। সেই প্রস্তুতিতে রঙের প্রলেপ দেওয়ার প্রক্রিয়া চলছে এখন। আর এই ফাঁকে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের পরপরই ক্রিকেটের দ্বিতীয় মহাযজ্ঞ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে দেশে। এর অংশীদার চট্টগ্রামও।
মূলত এই আসর সামনে রেখেই চলছে চট্টগ্রামের নানা প্রস্তুতি, এর মধ্যেই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই দুই দল আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। একই মাঠে ১২ ও ১৪ ফেব্রুয়ারি হবে দুই দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ মার্চ থেকে চট্টগ্রামে বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে।
চলতি সিরিজ ও বিশ্বকাপের জন্য সমানভাবে প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন চলছে ঘষামাজা। রঙের প্রলেপ দেওয়া হচ্ছে সর্বত্র। চলছে ড্রেসিংরুম সংস্কার। নতুন দুটি ড্রেসিংরুম তৈরির কাজও শেষ পর্যায়ে।
স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বলেন, ‘সব কাজ এগিয়ে চলছে। আমরা ভালোই প্রস্তুতি নিচ্ছি। ড্রেসিংরুম সংস্কার, নতুন হসপিটালিটি বক্স তৈরির কাজ শেষ পর্যায়ে। অন্যান্য প্রস্তুতিও চলছে সমানে। শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর বিশ্বকাপের জন্য কিছু কিছু জায়গায় ফিনিশিং টাচ দেওয়া হবে।’
বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে নতুন করে ১২টি হসপিটালিটি বক্স বসানো হয়েছে। প্রতিটিতে ১০ জন করে বসতে পারবেন। এ ছাড়া বিশ্বকাপ টি-টোয়েন্টিতে এক দিনে দুটি খেলা চালানোর জন্য চারটি ড্রেসিং রুমের দরকার হবে। ওই চিন্তা থেকে নতুন করে আরও দুটি হসপিটালিটি বক্স করা হচ্ছে। আইসিসির পর্যবেক্ষণ কমিটির নির্দেশনা অনুযায়ী এই ড্রেসিংরুম করা হয়।
তবে এখনো সারানো যায়নি জায়ান্ট স্ক্রিনের ত্রুটি। এটিতে এখন স্কোর দেখা গেলেও কোনো চলমান ছবি দেখা যাচ্ছে না। বিশ্বকাপ টি-টোয়েন্টির আগে ওই ত্রুটিও সারানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।
বিশ্বকাপ টি-টোয়েন্টির ভেন্যু কেবল এই স্টেডিয়ামটি নয়। পুরোনো এম এ আজিজ স্টেডিয়ামেও দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চট্টগ্রামের এই পুরোনো মাঠটি অংশ নেওয়া দলগুলোর অনুশীলনের জন্যও ব্যবহূত হবে। সে জন্য এই স্টেডিয়ামেও চলছে সংস্কারকাজ।
স্টেডিয়ামটির বর্তমান ফ্লাডলাইট ফুটবল-উপযোগী। তাই ফ্লাডলাইট ক্রিকেট-উপযোগী করে তোলার কাজ এখনো বাকি রয়েছে। সেটি বিশ্বকাপের আগে কীভাবে কখন হবে, তা স্পষ্ট নয়। তবে যথাসময়ে এসব কাজ হয়ে যাবে বলে আশাবাদী মাঠটির নিয়ন্ত্রক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।
ফ্লাডলাইট ছাড়া এই মাঠটির উইকেট তৈরি, আউটফিল্ড সংস্কার এবং অন্যান্য কিছু কাজ চলছে জোরেশোরে। দুটি ড্রেসিংরুমে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগানো হয়েছে। রং লাগানো হচ্ছে সর্বত্র। প্রতিদিন নিত্যনতুন রূপ নিচ্ছে দুই স্টেডিয়ামই।
প্রসঙ্গত, চট্টগ্রামে বিশ্বকাপের মূল পর্বের ১৫টি ম্যাচ রয়েছে। এ ছাড়া ১২ মার্চ থেকে চারটি প্রস্তুতি ম্যাচও হবে চট্টগ্রামে। তার আগে এখনই চট্টগ্রামের ক্রীড়ামোদীরা ক্রিকেটে মজেছে। ঢাকায় ০-১-এ পিছিয়ে পড়া বাংলাদেশ চট্টগ্রামে কি পারবে সমতা আনতে?