ক্রিকেট ছাড়া আর আছে কী!
ক্রিকেট নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই, বিশ্বকাপ চলছে ঘরের মাটিতে। খেলছে নিজের দেশের খেলোয়াড়, সঙ্গে আমরাও। তাই অলিগলিতে, অফিসে, চায়ের কাপে, ক্লাসে পড়ার মাঝে সবার তর্ক-বিতর্ক আশা আর আক্ষেপের ছড়াছড়ি। সব মিলিয়ে ক্রিকেট নিয়ে এত হুল্লোড়ের মূল নায়কেরা কিন্তু আমরা তরুণ প্রজন্মই। সবাই কাঁপছি ক্রিকেটজ্বরে। দল হারলে ক্ষোভ কিংবা আশা-উৎসাহ জোগানোর চেষ্টা। আর দল জিতলে তো কথাই নেই— ফেটে পড়েছি উচ্ছ্বাসে।লাল-সবুজে ছেয়ে গেছে দেশবিশ্বকাপ খেলা উপলক্ষে বিস্তর জাতীয় পতাকা উড়ছে বাড়ির ছাদে, দোকানে, অফিস-আদালতে, বাজারে কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে। গলিতে দুই মুখোমুখি বাড়ির ছাদ দিয়ে বিশাল পতাকা টেনে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোয় আরও বিশাল পতাকা ওপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেকে আবার অসংখ্য ছোট পতাকাসংবলিত নকশা করেছে। এ যেন এক প্রতিযোগিতা—কার পতাকা কত বড় হয়?’ জানান মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র প্রিন্স, সুহূদ আর রিফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র কাজী শাহাদত বলছিল, ‘পতাকা তো ওড়াবই, বিশ্বকাপের একটা আমেজ আছে না!’ক্ষোভ বনাম ভালোবাসা‘সাকিব, তামিমদের ১৫ জনের দলের ওরাই কি শুধু খেলছে? খেলছে তো আসলে পুরো বাংলাদেশ। তাহলে জয়ের সময় ওদের পাশে থাকা আর পরাজয়ে উল্টো ওদের ওপরই চড়াও হব, এটা কেমন কথা?’ বলছিল নবম শ্রেণীর ছাত্রী নওরীন নওসাবা।ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মাত্র ৫৮ রানে অলআউট হওয়ার পর সপ্তাহজুড়ে সারা দেশে চলেছে তর্ক-বিতর্কের ঝড়। সকালে নাশতার টেবিল থেকে বাসে মানুষের চাপে ঠায় দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে-অলিগলিতে, কে বলে, এমন পরাজয়ে কমে গেছে ক্রিকেটের উত্তাপ? গল্প, আড্ডা আর তর্ক-বিতর্ক—সবখানেই চলছে বাংলাদেশ ক্রিকেট আর আমাদের খেলোয়াড়দের সাফল্য-ব্যর্থতার প্রশংসা ও সমালোচনা। বাঙালির আবেগ বোঝা দায়। আয়ারল্যান্ডের সঙ্গে জিতে সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। অথচ পরের খেলায়ই আমাদের সমর্থকদের ভালোবাসা উবে যায় কর্পূরের মতো। পতাকা ছিঁড়েছে, ছবি পুড়িয়েছে। আবার ইংল্যান্ডের বিপক্ষে খেলায় গালে লাল-সবুজ রং মেখে, হাতে পতাকা নিয়ে বড় পর্দার সামনে হাজির। ২ উইকেটে শ্বাসরুদ্ধকর জয়ের পর আবার উল্লাসে ভেঙে পড়ে পুরো দেশ। একই দৃশ্য হল্যান্ডের বিপক্ষে বিজয়ের পর। সত্যিই বিচিত্র! আবার জয়ের বন্দরেঅবিশ্বাস্য এক পরাজয়ের পর আবার জয়ের দেখা মিলল চট্টগ্রামে এসে। বিশ্বকাপ উপলক্ষে সাজ সাজ রবে ছেয়ে গেছে বন্দরনগর চট্টগ্রাম। দর্শকের হাতে হাতে পতাকা আর ভুভুজেলার ছড়াছড়ি। গালে-মুখে লাল-সবুজ রং। চট্টগ্রামনিবাসী শারমিন নিপা আর মিনহাজ দম্পতিও জার্সি গায়ে হাজির ১১ মার্চের খেলায়। ইংলিশদের বধ করার এমন যুদ্ধে জাতীয় দলের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত তাঁরা। ‘জিতব আশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হারতে হারতে আবার জয় ছিনিয়ে আনলাম। স্টেডিয়ামে হাজারো দর্শকের সঙ্গে বিজয় উৎসবে অংশ নেওয়ার স্বাদটা একবারেই আলাদা।’ বলছিলেন শারমিন নিপা। চট্টগ্রামের দ্বিতীয় খেলায় বাংলাদেশ যেন হাসতে হাসতেই হারিয়ে দিল হল্যান্ডকে। হল্যান্ড বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবার মতো সুযোগই সৃষ্টি করতে পারেনি। দুটি বিজয়ের পরই ঢাকার রাস্তায়ও নেমেছিল হাজারো ক্রিকেটপ্রেমী। বিজয় উৎসব চলেছে মধ্যরাত পেরিয়ে। নাচ-গান গেয়ে ক্লান্ত এক দর্শক গেয়ে উঠলেন, ‘হারজিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে...।’দেশের বাইরেও ক্রিকেট উত্তাপ নিউইয়র্কে দুই বছর হলো পড়তে গেছে মাশরুর। দেশে থাকতে পাড়ার অলরাউন্ডার মাশরুর বাংলাদেশ-নিউইয়র্ক সময়ের হেরফের হওয়ায় অনেকগুলো ম্যাচই মিস করেছে। তবে বাংলাদেশের খেলায় যেখানেই থাকুক না কেন, ইন্টারনেটে নিয়মিত ব্রাউজ করে সে। কিন্তু আক্ষেপের শেষ নেই। ‘নিজ দেশে বিশ্বকাপ হচ্ছে আর আমি দেখতে পারছি না, এ দুঃখ কোথায় রাখি। তবে শুভকামনা রইল বাংলাদেশ দলের প্রতি।’নর্থ ক্যারোলিনা আর ভার্জিনিয়ার ইসরাক, হাফিজ, জামি, সঞ্জয়, সংগীতা, প্রান্তিক, ফাহিমা আর সাকের পণ করেছে বাংলাদেশের খেলাগুলো সবাই একসঙ্গে বসে দেখবেই। আয়ারল্যান্ড ম্যাচ জেতার খুশিতে বিরিয়ানি রান্না করে এনেছিল সাকের-ফাহিমা। ওরা সবাই ছাত্র। তাই খেলা নিয়ে উন্মাদনার অভাব নেই। জামি বলছিল, ‘আমরা যেমন ৫৮ করতে পারি, তেমনি একদিন ৩৫৮ও করে দেখাব। মার ঘুরিয়ে।’