
আমার ক্রিকেটপ্রেমী বোন সেই বিকেল থেকে টেলিভিশনের সামনে বসে আছে। টিভি চ্যানেলগুলো ক্লান্তিহীনভাবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চালাচ্ছে আর আমার বোন বাংলাদেশ টিমের জার্সি পরে বিপুল আগ্রহ নিয়ে বসে আছে।
ওর জোরাজুরিতে খেলা দেখতে বসতেই হলো, ‘ভাইয়া এসো, এই ম্যাচটা দেখতে হবে!’
আমি বললাম, ‘তুই দেখ! আমার ইচ্ছে করছে না!’
ওর নাকি একা একা দেখতে ভালো লাগে না। অগত্যা যেতেই হলো।
যতবার বাংলাদেশ টিম চার-ছক্কা হাকায়, ততবার সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকায়, আমি সারা দিন ওর হাসিমুখের দিকে তাকিয়ে ঠায় বসে খেলা দেখি। ক্রিকেট যে আমার অপছন্দের তা নয়, একসময় পাড়ার সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন ছিলাম, কতবার প্রতিবেশীর জানালার কাচ ভেঙে মায়ের কাছে কানমলা খেয়েছি। সময়ের স্রোতে সব কেমন ফিকে হয়ে যায়।
সোফায় বসেই কখন ঘুমিয়ে গেছি টের পাইনি, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। বাংলাদেশ টিম ধীরে ধীরে হারের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে বাংলাদেশ টিমের ছোট্ট সাপোর্টার আমার ছোট বোন ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কী কান্না! অবাধ্য অশ্রু ঝরঝর করে কপোল বেয়ে গড়িয়ে পড়ছে। সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছি।
পৃথিবী তার কঠোরতম যে রূপ প্রতিনিয়ত দেখিয়ে চলেছে আমাকে, সেখানে সামান্য খেলার হার-জিতে আমার মনে তেমন প্রভাব পড়ে না!
কিন্তু এই অবুঝ বোনকে কী বলে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না।
ওর চোখে যেন ১৬ কোটি বাংলাদেশি আবেগমথিত কান্না।
আহমেদ সবুজ