গ্যালারি মেতেছে লাল-সবুজের ঢেউয়ে ঢেউয়ে। সারা দেশ মাতোয়ারা বিশ্বকাপ ক্রিকেটে। প্রথম আলোও সঙ্গী আজ এই আনন্দে। ক্রিকেটে মোড়া প্রথম আলো নিয়ে আপত্তি ক্রিকেট-বিদ্বেষীর। তারই প্রতিবাদ পাঠকের কলমে। পাঠকদের কিছু প্রতিবাদপত্র নিয়ে এই আয়োজন।সম্পাদকপ্রথম আলো সমীপে,সকালবেলা ঘুম হইতে উঠিয়া প্রথম আলোর আলোয় নিজেকে আলোকিত করিতে পারিব না, ইহা আমি ভাবিতেই পারি না। তাহার উপর আবার বহিছে বিশ্বকাপ ক্রিকেটের তপ্ত হাওয়া। রেললাইনের মত দীর্ঘ সর্পিল সারিবদ্ধ জনতার মধ্যে দাঁড়াইয়া আমরা যাহারা টিকিট সংগ্রহ করিবার সাহস করি নাই কিংবা করিয়াও ব্যর্থ হইয়াছি, তাহাদের জন্য আপাদমস্তক ক্রিকেট-রসে ভরা প্রথম আলোকে স্বাগত জানাই। কেননা ইহার বদৌলতে মাঠে না গিয়াও খেলার মজা উপভোগ করিতে পারি। পাশাপাশি জানিতে পারিতেছি বিশিষ্টজনদের বিজ্ঞ মতামত। তাই সর্বাধিক পঠিত দৈনিকের এই সময়োপযোগী উদ্যোগকে নিছক পাগলামি বলিয়া কঠোর হস্তে দমন করিবার কুপরামর্শ দানকারী জনৈক ক্রিকেট-বিদ্বেষীর প্রতি আহ্বান ‘বদলে যান বদলে দিন’। ক্রিকেট-সমুদ্রে প্রথম আলোর পাল তোলা নৌকায় আপনাকেও আমন্ত্রণ।অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন, বিশ্বকাপ ক্রিকেট-জ্বরের প্রতি মুহূর্তের তাপমাত্রার খবরাখবর জানাইবার এইরূপ জনহিতকর উদ্যোগকে অব্যাহত রাখিয়া ক্রিকেটপ্রেমী পাঠকদের ক্রিকেট উপভোগ করিবার আনন্দ বাড়াইয়া দিবেন।বিনীতজনৈক ক্রিকেটপ্রেমীফিরোজা আফরোজ জাহান।ভালোবাসা আর স্বপ্নের ক্রিকেটক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেট! বাংলাদেশে! সম্ভব? হ্যাঁ সম্ভব। আমাদের জীবনে কয়েকটা পার্বণ ছাড়া আনন্দের দিন আসে খুবই কম। তা আবার এমন আনন্দ, যা সবার জন্য সমান। তেমনি একটি আনন্দের উপলক্ষ হলো ক্রিকেট। যে দেশ পৃথিবীতে বাসের অযোগ্য তালিকায় দ্বিতীয় স্থান পায়, সেখানেই যখন বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে এবং স্বাগতিক ও অংশগ্রহণকারী দেশের মর্যাদা পায়, তখন তার আনন্দ ও উচ্ছ্বাস বাড়াবাড়ি রকমেরই হওয়ার কথা। হয়েছেও তাই। বিশ্বকাপ শুরুর কটা দিন ঢাকা ছিল এক ঝলমলে নির্ঘুম নগর। বিশেষ করে মিরপুর। যতটা না আলোর ঝলকানিতে, তার চেয়ে অনেক বেশি আলো ছড়াচ্ছিল দেশের প্রতি, ক্রিকেটের প্রতি সবার নির্মোহ ভালোবাসা।দুনিয়ার সামনে বাংলাদেশ নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর যে মূল্যবান দু-একটা মুহূর্ত আমাদের জীবনে আসে, তার একটা হলো ক্রিকেট। অনেক সীমাবদ্ধতা, অনেক না পাওয়ার ভেতর এক পরম পাওয়া হলো ক্রিকেট। এই দুঃখী দেশের ছেলে সাকিব আল হাসান আমাদের করেছেন সবচেয়ে সুখী। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ভাবা যায়! তাহলে বাড়াবাড়ি তো আমাদেরই মানায়, নাকি? আর দেশের শীর্ষ পত্রিকা হিসেবে প্রথম আলো যে আলোর পথযাত্রী হবে, এটাই তো স্বাভাবিক।প্রথম আলোকে আমরা সব সময়ই যেকোনো দুর্যোগ ও উৎসাহমূলক কাজে সবার আগে পেয়েছি। সেদিক দিয়ে বিবেচনা করলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে প্রথম আলোর এমন জমকালো আয়োজন আমাদের জন্য বড় উপহার ও অনুপ্রেরণার আধার।ফারজানা ইসলাম পল্লবী, মিরপুর, ঢাকা।কোনোরকম বাড়াবাড়ি করছে নাজনৈক ক্রিকেট-বিদ্বেষীকে বলছি,জনাব, আপনি হয়তো ভুলে গেছেন, ‘ক্রীড়াই জাতির শক্তি’। জাতির সুস্থতা, জাতির আন্তর্জাতিক পরিচিতি এবং জাতির আনন্দের উৎস খেলাধুলায় নিহিত। আপনি সব সময় মনে রাখবেন, শিক্ষা হূদয়কে করে আলোকিত, আর খেলাধুলা মনকে করে সজীব ও সতেজ। আপনার মতো ক্রীড়াবিদ্বেষীর কারণেই শিক্ষার অংশ হিসেবে এখনো ক্রীড়াকে ভালোভাবে গ্রহণ করা হয়নি। ফলে আমাদের সমাজে অলস, ভগ্নস্বাস্থ্য ও ভঙ্গুর মনোবলের মানুষের সংখ্যাই বেশি। আমরা সবাই প্রথম আলোর সঙ্গে একমত। প্রথম আলো কোনো রকম বাড়াবাড়ি করছে না। আমরা প্রতিদিন প্রথম আলোর পাতায় বিশ্বকাপ ক্রিকেটের খবর চাই।সনি, শৈলকুপা, ঝিনাইদহ।ঘুম থেকে উঠেই তো খেলার পাতাই খুঁজিইদানীং খাবারের প্লেট হাতে নিয়ে আমার বাবা টিভির সামনে বসেন, কখন লাল-সবুজে মোড়ানো খেলোয়াড়েরা মাঠে নামেন এই আশায়। বিশ্বকাপ-জ্বরে বাবাও এখন বুঝতে চান ক্রিকেট, দেখতে চান বাংলাদেশের জয়—যিনি আগে ক্রিকেট বুঝতেন না। এখন জিজ্ঞেস করেন, বাংলাদেশের খেলা কখন, কবে? আমি বোঝাই। বাবা শোনেন গভীর আগ্রহে। নয় বছরের ছোট্ট নাতিকে খেলার চ্যানেল ধরতে বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম খেলার দিন আমি গ্রাম থেকে ঢাকা ফিরছিলাম। বাসের যাত্রীদের নজর হাতে রাখা পত্রিকার খেলার পাতার দিকেই। হকাররাও পেপার উঁচিয়ে বলেন, ‘খেলার খবর, খেলার খবর।’ পাঁচ ঘণ্টার জার্নি। খেলা শুরু হয়ে গেছে ততক্ষণে। আমি একটু পর পর ভাইপোকে ফোন দিই উইকেট পড়েছে কি না। ভাইপোও আমাকে একটু পর পর জানাতে থাকে খেলার স্কোর। বাসের অনেকেই খেলার খবর জানতে থাকেন ফোনে ফোনে। ক্রিকেট-বিদ্বেষীদের বলি, এটা কি পাগলামি? তাহলে তো পুরো বাংলাদেশই পাগলামি করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরিপ করলে বোঝা যাবে, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বাড়াবাড়ি কাকে বলে, কত প্রকার ও কী কী?প্রথম আলো খেলা নিয়ে আরও ছবি ও খবর ছাপাক, রঙে রঙে রঙিন হয়ে উঠুক বিশ্বকাপ। কেননা ঘুম থেকে উঠেই তো খেলার পাতা খুঁজি।মতুরাম চৌধুরী, বাংলাদেশ স্কাউটস, ঢাকা।ক্রিকেট-বিদ্বেষী ভাই ও বোনদের উদ্দেশ্যেপ্রথমেই ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে তীক্ষ কাঁটাসহ লাল গোলাপ শুভেচ্ছা নেবেন। আশা করি, বিশ্বকাপে মোড়ানো প্রথম আলো হাতে পেয়ে ভালো নেই। ভালো না থাকারই কথা, সব ভালোর মর্ম সবাই বোঝে না।পরসমাচার এই যে প্রথম আলোর সম্পাদকের কাছে আমরা অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা খুবই কৃতজ্ঞ যে, আপনাদের মনে জ্বালা ধরানোর মতো বিশেষ সংখ্যা তাঁরা প্রতিদিনই বের করছেন। এটা একদিক দিয়ে যেমন ক্রিকেটপ্রেমীদের মনে আনন্দের সৃষ্টি করছে, অন্যদিকে আপনাদের মনে গভীর বেদনার ক্ষত তৈরি করছে। আপনাদের কাছ থেকে এই বিশ্বকাপে মোড়ানো প্রথম আলো যতই বন্ধের হুমকি প্রাপ্ত হোক না কেন, যত দিন আমরা আছি আর বিশ্বকাপ আছে, শত কষ্ট সত্ত্বেও আপনাদের বিশ্বকাপে মোড়ানো এই প্রথম আলোই পড়তে হবে। কারণ, বিশ্বকাপ হবে আর প্রথম আলো চুপ করে বসে থাকবে, তা তো হতে পারে না। দয়া করে আপনারা আপনাদের সহ্যের সীমাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিন। কারণ, বিশ্বকাপে মোড়ানো প্রথম আলো বের হচ্ছে, বের হবেই।ইতিকোটি কোটি ক্রিকেটপ্রেমীর মধ্য থেকে একজনউর্মিঢাকা সিটি কলেজ, ঢাকা।যেখানে প্রথম আলোর খেলার খবর কেউ পড়ে নাভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলের পত্রিকা কক্ষ। এখানকার পাঠক নামক ‘খেলোয়াড়েরা’ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের বিশ্বকাপের বল (বিশ্বকাপ-সম্পর্কিত খবর) নিয়ে খেলতে ভালোবাসেন না। মোটা দাগে খেলতে সাচ্ছন্দ্য বোধ করেন না। ওদিকে প্রথম আলো বলছে, বিশ্বকাপ নিয়ে তাদের মাতামাতি চলবেই।সকালের নাশতা সেরে পত্রিকা কক্ষে ঢুঁ মারা আমার প্রতিদিনকার অভ্যাস। কক্ষে ঢুকেই দেখতে পাই, প্রথম আলো যেভাবে পড়ে থাকে, তাকে ‘ভাঙা কুলা’র চেয়ে কিছুমাত্র বেশি মনে হয় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের এই ‘দৈন্য’ দশা আমাকে বিচলিত না করে পারে না। এ রহস্যের জট খুলতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। আমি আবিষ্কার করলাম, পত্রিকা কক্ষে প্রথম আলোর (খেলার পাতা নিয়েই যেহেতু প্রথম আলো) এই ‘দুরবস্থার’ জন্য দায়ী প্রথম আলো নিজেই। প্রথম আলো বিশ্বকাপের খবর বোঝাই করে এই হলের প্রায় প্রতিটি কক্ষ আলোকিত করেছে সূর্যের আলো ছড়ানোর সঙ্গে সঙ্গেই। ঘরের দুয়ারের বিশ্বকাপ আমার আপন কক্ষটিতে যেন পৌঁছে যায় অক্ষত অবস্থায়। বিশ্বকাপ নিয়ে প্রথম আলোর যে উদ্যোগ, তা আমাদের গায়ে বিশ্বকাপের রংকে বাড়িয়ে দিয়েছে ঢের। বিশ্বকাপের যে রং মাঠে-স্টেডিয়ামে চলছে, তার আঁচড় যেন প্রথম আলো ছুঁয়ে দেখলেই পাওয়া যায়। পত্রিকাটির কোথায় নেই বিশ্বকাপ ক্রিকেট। প্রধান খবর থেকে সম্পাদকীয়, উপসম্পাদকীয় খেলার পাতা—সবখানেই বিশ্বকাপ ক্রিকেট। আর বিশ্বকাপ নিয়ে প্রতিদিন ‘আঙিনায় বিশ্বকাপ’ তো আছেই। প্রথম আলোর খেলার খবর ছাড়া বিশ্বকাপের আনন্দ যে অসম্পূর্ণ, তা আর পাঁচজন স্বপ্নবাজ তরুণের মতো আমিও বিশ্বাস করি।সাকিব আল হাসান এক হাতে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে কলম, হাতে লিখছেন। আর এ শুধু প্রথম আলোতেই সম্ভব। শুধু সাকিব কেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের প্রায় সব তারকাকে একই ছাতার নিচে নিয়ে এসে প্রথম আলো খেলছে দক্ষ খেলোয়াড়ের মতো। বাদ যাননি নন্দিত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের রকমারি বিশ্লেষণ। সবার কথা প্রায় বললাম। কিন্তু মনে হচ্ছে, কিছু একটা বাদ রয়ে গেছে। ও হ্যাঁ, উৎপল শুভ্র। আসলে উৎপল শুভ্রের কথা মনেই ছিল। ভাবছিলাম, এ লেখায় তাঁর কথা বলার জন্য আলাদা একটি লিখব। কেননা বাংলাদেশের ক্রিকেটে যেমন সাকিব বড় বিজ্ঞাপন, তেমনি এ দেশের ক্রীড়া সাংবাদিকতার বড় বিজ্ঞাপন উৎপল শুভ্র। উৎপল শুভ্রের লেখায় যে পেশাদারি ভাব ও রসের রসায়ন, বোধকরি বিশ্বকাপ শহরের প্রত্যেক পাঠক সকালে চায়ে চুমুক দেওয়ার আগে চোখ রাখেন তাঁর লেখায়। আর এভাবেই উৎপল শুভ্রের পর পবিত্র কুণ্ঠু, তারেক মাহমুদ একে একে সব শেষ করে যখন নিজেই বিশ্বকাপের সারথি হয়ে যান, তখন পত্রিকা কক্ষে গিয়ে অলস প্রথম আলোটা দেখে হয়তো আমার মতো অনেকেই ভাবেন, প্রথম আলোর খেলার পাতা কেউ পড়েন না।রাজু আহমদসূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্ব আমাদের চিনছেক্রিকেট-বিদ্বেষীকে বলি, আপনার খেলা দেখতে ইচ্ছে করে না বলে কি আমাদেরও করবে না? বিশ্বকাপ ক্রিকেট তো চার দিন পর পর আসে না, চার বছর পর আসে। মানেটা বোঝেন! ১,৪৬০ দিন পর আসে বিশ্বকাপ। একি কম কথা? আপনি বরং কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করুন। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা-ভাবনাকে উপেক্ষা করার মানসিকতা ত্যাগ করুন। অতি আনন্দে আমাদের বুদ্ধির বিনাশ হয়নি, যোগ্যতা সমৃদ্ধ হচ্ছে। কারণ, আমরা জানি, প্রচেষ্টা আর আত্মবিশ্বাস ছাড়া সফলতা সম্ভব নয়। বিশ্বকাপ আমাদের হোক না হোক, বিশ্ব আমাদের জানছে-চিনছে...। আমাদের অবস্থানকে সম্মান করছে, সেটা তো কোনো অংশেই কম নয়। একজন দেশপ্রেমিক হিসেবে আমি বলব, মানুষ নিজেকে নিয়েই আশা করে, অন্যকে নিয়ে নয়। আকাশটা দূরে, জানি। কিন্তু দিগন্তকে ছুঁতে দোষ কোথায়?সাবরিন ইসলামবিবিএ, শেখ বোরহানউদ্দিন কলেজ, ঢাকা