ক্রিকেট মহাতারকাদের সঙ্গে

এশিয়া কাপ ফুরোলেও ফুরোয়নি ক্রিকেট-উন্মাদনা। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ উপলক্ষে ঢাকায় এসেছিলেন কিংবদন্তি ক্রিকেট তারকারা। ধারাভাষ্যকক্ষে ছিলেন ভারতের কিংবদন্তি কপিল দেব, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার পাকিস্তানের শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের মতো তারকা ক্রিকেটাররা। আর বাংলাদেশের আতহার আলী তো ছিলেনই। কেমন ছিল তাঁদের খেলার মাঠের বাইরের মুহূর্তগুলো? ‘নতুন বাংলাদেশ’ নিয়ে কিংবদন্তি ক্রিকেটারদের ভাবনাই বা কী? লিখেছেন রানা আব্বাস।
চেহারায় গাম্ভীর্য, চলনে আভিজাত্য ফুটিয়ে ধীর পায়ে কোথায় যেন হেঁটে চলেছেন কপিল দেব। মুখে স্নিগ্ধ একটা হাসি লেগেই রয়েছে ভিভিএস লক্ষ্মণের। এক হাতে চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কী এক রসিকতায় অট্টহাসিতে ফেটে পড়ছেন শোয়েব আখতার!
তড়িঘড়ি করে হঠাৎ ফোন নিয়ে ওখানেই এসে দাঁড়িয়েছেন ডিন জোন্স। মুখের অভিব্যক্তি বলছে, ফোনটা আসার বুঝি সময় পেল না! দীর্ঘদেহী ওই মানুষটা কে? ম্যাথু হেইডেন না? ২২ গজে ব্যাটটা যাঁর হয়ে উঠত ধারালো তরবারি; যেটা দিয়ে কচুকাটা করতেন বোলারদের! এখন হাতে ব্যাট নেই। তাতে কী! অদৃশ্য ব্যাট হাতে নিয়ে কখনো শ্যাডো করছেন, কখনো-বা পুল করে কাউকে দেখাচ্ছেন—এভাবে খেলতে হয়। হার্শা ভোগলে, আতহার আলী খান, রমিজ রাজা, আকাশ চোপড়ার কথা নতুন করে কী বলার আছে! ধারাভাষ্যের কথা বললে এই মুখগুলো চলে আসবে অবধারিতভাবেই।
ক্রিকেটের খ্যাতিমান এই মানুষগুলো হাতছোঁয়া দূরত্বে হেঁটে বেড়াচ্ছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন—দৃশ্যগুলো সত্যিকার অর্থেই দেখার মতো!

তারা ভরা ঘর
এই মানুষেরা এভাবেই এক বিন্দুতে মিলেছিলেন এবার এশিয়া কাপে। সবাই বাংলাদেশে এসেছিলেন ধারাভাষ্য দিতে। কয়েক দিনের জন্য ধারাভাষ্যকক্ষটা হয়ে উঠেছিল তারায় ভরা এক ঘর!
এটাই প্রথম নয়, এর আগেও বড় বড় টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে অনেক বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বের পা পড়েছে বাংলাদেশে। সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নদের মতো কিংবদন্তিরাও এসেছেন ধারাভাষ্য দিতে।
তবে এবার এশিয়া কাপটা বাংলাদেশের কাছে ধরা দিয়েছিল অন্যভাবেই। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এই টুর্নামেন্টে একের পর এক জয়ে বাংলাদেশ পা রেখেছিল স্বপ্নের ফাইনালে। বাংলাদেশকে নিয়ে সবার মুখে তাই শুধু প্রশস্তিগাথা! ডিন জোন্সের কথাই বলি। সাবেক এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান এতটাই মুগ্ধ হয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর চলেই এসেছিলেন সংবাদ সম্মেলনে, মাশরাফি বিন মুর্তজার কথা শুনবেন বলে। জোন্স কেন; হেইডেন, লক্ষ্মণ, শোয়েব, রাসেল আরনল্ড—সবাই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে।
ধারাভাষ্যকক্ষে সাধারণত প্রবেশাধিকার সীমাবদ্ধ। তবুও তারায় ভরা ওই ঘরটায় যাওয়ার সুযোগ হয়েছিল বেশ কয়েকবার। সেটির বড় উপলক্ষ ছিলেন হেইডেন। সাবেক এই অস্ট্রেলীয় ওপেনার রাজি হয়েছিলেন প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দিতে।
ভারত–শ্রীলঙ্কা ম্যাচ শুরু হতে তখনো বেশ বাকি। ধারাভাষ্যকক্ষে উঁকি দিতেই দেখা গেল সামনের সারিতে (যেখানে বসে ধারাভাষ্য দেওয়া হয়) বসে আছেন তিনি। সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিতেই মুখে এক প্রস্থ হাসি। বললেন, ‘বসো। কাজটা এখানেই সেরে ফেলি।’
‘এখানেই?’ বিস্ময় আর সংশয় নিয়ে পাল্টা প্রশ্ন।
‘হ্যাঁ, এখানেই। সমস্যা নেই। তুমি প্রশ্ন শুরু করো।’
হেইডেনের অনুমতি পাওয়ার পরও কেমন এক দ্বিধা কাজ করে মনে। এই চেয়ারে বসে ধারাভাষ্য দেন কিংবদন্তিরা। সেখানে কি না বসতে হবে! চারদিকে টিভি ও কম্পিউটার মনিটরে ঘেরা। কোনোটায় পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, কোনোটায় দেখানো হয় সরাসরি সম্প্রচার। সামনের টেবিলে রাখা কয়েকটি মাইক্রোফোন।
অসাধারণ এক সাক্ষাৎকার হলো প্রথমবার বাংলাদেশে ধারাভাষ্য দিতে আসা হেইডেনের (৩ মার্চ প্রথম আলোয় প্রকাশিত)। কথা বলেন বেশ নরম কণ্ঠে এবং অনেক গুছিয়ে। বাংলাদেশের পেসারদের অনেক প্রশংসা করলেন। যেহেতু সময় ছিল আর হেইডেনও ‘মুডে’ ছিলেন, সাক্ষাৎকারটা আরও দীর্ঘই হতে পারত। হলো না রমিজ ও হার্শার কারণে। দুজন কী এক রসিকতায় মেতে উঠলেন হঠাৎ। হার্শা একেকটা কথা বলছেন আর হাসিতে ফেটে পড়ছেন রমিজ। এমন শোরগোলের মধ্যে সাক্ষাৎকার চালিয়ে যাওয়া কঠিনই।
হেইডেনের প্রিয় মাছভাজা
হেইডেন ২২ গজেই শুধু দুর্দান্ত নন; হেঁশেল সামলানোর অসাধারণ দক্ষতা আছে তাঁর। সাবেক অস্ট্রেলীয় এই ওপেনারের রান্নার হাত চমত্কার। রান্নার ওপর দুটি বইও লিখে ফেলেছেন! তাঁর প্রিয় পদ ‘ডাল-খাট্টা’। যখন জানতে চাওয়া হলো, বাংলাদেশের কোন খাবার বেশি পছন্দ? বললেন, ‘খুব বেশি আসা হয়নি এই দেশে। তাই বলাটা একটু কঠিন। যেহেতু সমুদ্র বেশি দূরে নয়, মাছের একটা প্রভাব থাকবেই। মাছভাজা খুব প্রিয়।’
বিশ্বকাপজয়ী অধিনায়ক আর দ্রুততম গতির বোলার
সাধারণত বিশ্বকাপের সময় প্রথম আলোয় নিয়মিত কলাম লেখেন কপিল দেব। গত বিশ্বকাপেও লিখেছেন। এই তথ্যটা জানিয়ে তাঁকে বলা হলো, ‘আপনি প্রথম আলোর একজন নিয়মিত ক্রিকেট কলামিস্ট। আপনার লেখাগুলো বেশ জনপ্রিয় হয়।’

কিন্তু তাতেও ‘মন গলল’ না ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়কের! স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণ দেখিয়ে ক্রিকেট নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হলেন না। ভি ভি এস লক্ষ্মণের ক্ষেত্রেও তা-ই। কুশলাদি জিজ্ঞেস করলে কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮১ রানের সেই কাব্যিক ইনিংস খেলা লক্ষ্মণ হাসিমুখে উত্তর দেবেন, ছবি কিংবা সেলফি তুলবেন—ব্যস এতটুকুই।
ভক্তদের মুঠোফোন ক্যামেরায় বন্দী হওয়ার কাজটা সবচেয়ে বেশি করতে হয়েছে বোধ হয় শোয়েবকেই। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলের রেকর্ডের (ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার) মালিককে কখনো লিফটে, লনে; কখনো-বা মাঠে ভক্তদের আবদার মেটাতে হয়েছে। একদিন দেখা গেল, ধারাভাষ্যকক্ষের পেছনের ব্যালকনিতে উদাস মনে দাঁড়িয়ে আছেন। এক বেরসিক ভক্ত এলেন তখন ছবি তুলতে। খানিকটা বিরক্তই হলেন। কিন্তু সরাসরি না করলেন না। বললেন, ‘একটু অপেক্ষা করুন।’ সেই ভক্তও দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। শোয়েব তাঁর আবদার মিটিয়ে তবেই ঢুকলেন ধারাভাষ্যকক্ষে।
একটা সময় ছিলেন তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। সময় তাঁদের মিলিয়েছে একই স্রোতে। শোয়েব-লক্ষ্মণ-হেইডেন এখন আর লড়াইয়ে নামেন না; হাতে হাত মিলিয়ে অসাধারণ বিশ্লেষণীতে খেলাটা করে তোলেন আরও উপভোগ্য। যে ঘরটায় তাঁরা পাশাপাশি বসেন, সেটি তখন হয়ে ওঠে তারাদের সম্মেলনকক্ষ। কখনো কখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষটা রূপ নেয় এমনই তারার মেলায়।
সইশিকারি আতহার
তাঁকে অনেক সময় ভক্তদের সই বিলাতে হয়, ছবির আবদার মেটাতে হয়। কিন্তু কখনো কখনো আতহার আলী খানও নেমে পড়েন সই শিকারে! বড় টুর্নামেন্টগুলোয় ধারাভাষ্যকক্ষে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহারের একটা শখ আছে। তাঁর সংগ্রহে বিশ্বের অনেক খেলোয়াড়ের আত্মজীবনী রয়েছে। আতহার চেষ্টা করেন, আত্মজীবনীতে খেলোয়াড়ের সই সংগ্রহ করতে। এবার শোয়েব, হেইডেনকে পেয়েছিলেন সহকর্মী হিসেবে। সুযোগটা হাতছাড়া করেননি। এক পৃষ্ঠাজুড়ে শোয়েব সই করে দিয়েছেন তাঁর কন্ট্রোভার্সিয়ালি ইওর্স বইয়ে আর হেইডেন তাঁর স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড বইয়ে।