এবারের ঈদের কথা। ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বিকেলটা ছিল আলসে ভরপুর। পাঁচ বন্ধু মিলে বুদ্ধি করলাম, অনেক দিন তো সবাই মিলে একসঙ্গে ক্রিকেট খেলি না, আজ ঈদ উপলক্ষে আমাদের পাঁচজনের একটি প্রীতিম্যাচই হয়ে যাক। চলে গেলাম স্মৃতিবিজড়িত প্রাইমারি স্কুলের মাঠে। টস করলাম। প্রথমে ব্যাটিং আমার। আমি ব্যাটিংয়ে মোটেই দক্ষ না। কোনোমতে ব্যাটে বল লাগানো আর কি! যা হোক, ব্যাটিং তো করতে হবে। বোলিং প্রান্তে সাগর। শয়তানটা বল করতে গেলেই আমার বুক দুরু দুরু করে। আজও ব্যতিক্রম হলো না। কিন্তু আজ ঈদ উপলক্ষে প্রীতিম্যাচ। অতীতের সব গ্লানি (রেকর্ড) মুছে ফেলার এটাই সময়। বল করছে সাগর। আমি শরীরের সব শক্তি দিয়ে ব্যাট চালালাম। ফলাফল, বল উড়ে না গিয়ে আমার পেছন থেকে স্টাম্প উধাও! নারে ভাই, বলই একদম রকেট গতিতে মাঠ ছেড়েছে। আর সবচেয়ে মজার কথা, যত জোরেই বল করা হোক না কেন, স্টাম্প পড়বে না। ভাবছেন, এটা আবার কেমন স্টাম্প? এটা যেনতেন স্টাম্প নয়, আস্ত একটা ফলবতী আমগাছ!ইতিমধ্যে বল খুঁজতে গেছে রমজান। বল পাওয়া গেল মাঠের পাশের জমির মাঝখানে। কিন্তু আমি স্টাম্প ‘আমগাছে’ হেলান দিয়ে লক্ষ করছি, সে কী যেন ভাবছে? কিরে বাবা! এ আবার নিউটন হয়ে গেল নাকি। বল জমির অন্য কোথায় না গিয়ে মাঝখানে কেন গেল, তা নিয়ে গবেষণা করছে না তো! রমজান সরাসরি বলটা সাগরকে না দিয়ে আনোয়ারকে ক্যাচ দিল। আনোয়ার ফিক করে হেসে আবার সাগরকে ক্যাচ দিল। সাগর আমাকে একটু অনুরোধের সুরে ওর ছুড়ে দেওয়া বলটি ক্যাচ ধরতে বলল। বল আমার কাছে আসতে আসতে পাঠকদের একটা কথা জানিয়ে রাখি। ব্যাটিংয়ের মতো ক্যাচ ধরাও আমার কাছে দুরূহ ব্যাপার। ক্যাচ ধরতে গেলেই বলটা হয় আমার সামনে, না-হয় পেছনে পড়ে। ও ব্যাটা বল আমার হাতটাকে চোখেও দেখে না! আবারও সর্বাত্মক চেষ্টা করে ফেল মারলাম। ও ব্যাটা বল আমার হাতটাকে চোখে না দেখে দেখল, আমার পেছনে দাঁড়ানো নাহিদের মাথা। নাহিদ মাথায় হাত দিয়ে সোজা গিয়ে পুকুরে ডুব। বাকি তিন বন্ধু আমার পাশে এসে অট্টহাসি হাসছে। ব্যাপারটা কী, দোস্ত? ‘আর বলিস না, বলটা একদলা পিওর পায়খানার মাঝখানে পড়েছিল। আমি বেখেয়ালিভাবে পায়খানাসহ বলটা তুলি। বুদ্ধি করে সাগর ও আনোয়ারের হাতেও লাগালাম আর নাহিদের তো...।’ রমজানের উত্তর, ‘আমাকে তো লাগাতে পারলি না’ এ কথা যখন বলতে যাব, তখন ওরা তিনজন মিলে... না, না... ঘেন্না, ঘেন্না... আর বলতে পারছি না—এভাবেই আমাদের প্রীতিম্যাচ হয়ে গেল পেরেশান ম্যাচ!সঞ্জয় সরকারসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।