ক্রিকেট-স্মারকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটপাগল দর্শক শুধু খেলা দেখেই ক্ষান্ত নন, নানা রকম স্মারকও রাখতে চান তাঁর সংগ্রহে। জুনায়েদ পাইকার এই দলের মানুষ। ঢাকার ধানমন্ডির রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে হয়ে গেল তাঁর সংগৃহীত ক্রিকেটসামগ্রী নিয়ে ‘ক্রিকেট-স্মারক প্রদর্শনী ২০১১’। ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।বাংলাদেশ জাতীয় দলসহ এ দেশে খেলতে আসা প্রতিটি দলের খেলোয়ারদের অটোগ্রাফ, অটোগ্রাফ-সংবলিত বিভিন্ন ম্যাচের টিকিট, স্মারক-উইকেট ও টসের কয়েন স্থান পায় এ প্রদর্শনীতে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও ছিল। অভিষেক টেস্ট ম্যাচ, প্রথম টেস্ট ম্যাচ জয়, ১০০তম ওয়ানডে ম্যাচ জয়, প্রথম ওয়ানডে সিরিজ জয়সহ বিভিন্ন স্মরণীয় ম্যাচ ও সিরিজ জয়ের ছবি এবং সেসব ম্যাচের সেরা খেলোয়াড়দের অটোগ্রাফ ও ছবি রাখা হয় এ প্রদর্শনীতে। হাবিবুল বাশার বলেন, ‘প্রদর্শনী খুবই ভালো লাগল। সংগৃহীত স্মারকগুলো সত্যি দেখার মতো। অনেক দিন পর সেসব স্মৃতিময় দিনের কথা মনে পড়ে গেল। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত নকআউট বিশ্বকাপের সময় থেকে জুনায়েদ পাইকারের এ সংগ্রহের উদ্যোগ। ‘ছোটবেলা থেকেই ক্রিকেটের অন্ধভক্ত ছিলাম। তখন থেকেই ইচ্ছা ছিল এ ধরনের সংগ্রহের। আমাদের ক্রিকেটের গৌরবোজ্জ্বল মুহূর্তগুলো যাতে হারিয়ে না যায়, সে জন্যই এ প্রদর্শনীর আয়োজন।’ বলেন জুনায়েদ পাইকার।