ক্রিকেটজ্ঞান
আমি একজন ক্রিকেটপাগল মেয়ে। বাংলাদেশের খেলা শুরু হলে আমি মোটামুটি বুদ্ধদেবের মতো আসন নিয়ে টিভির সামনে বসে পড়ি এবং কিছুক্ষণ পর অতি অবশ্যই নিজেকে পায়চারিরত অবস্থায় আবিষ্কার করি। তখন আকিকা ছাড়াই আমাকে নতুন একটি নাম দেওয়া হয়, ‘মিস টেনশন’। আমি কোনো তারকা না হলেও আমার দুজন ভক্ত আছে। একজন ক্লাস ফাইভের ছাত্রী, অন্যজন সেভেনের। ওরা বয়সে আমার চেয়ে ছোট হলেও বাঁদরামিতে আমার (!) চেয়ে বেশ বড়। যেহেতু এইমাত্র ওদের একটা গুণের কথা বলে ফেলেছি, সেহেতু ওদের প্রকৃত নাম আর উল্লেখ করছি না। আপাতত ওদের নাম রাখলাম সাঙ্গ ও পাঙ্গ। সাঙ্গ মোটামুটি ক্রিকেটের ‘ক’টুকু বুঝলেও পাঙ্গর ক্রিকেটজ্ঞান অতি দরিদ্র। প্রথম দিন বাংলাদেশ ও ভারতের ম্যাচ চলছিল। টেন্ডুলকার রানআউট হওয়ার পর আমি রীতিমতো চিৎকার দিয়ে লাফিয়ে উঠলাম। খুব ভালো লাগল যখন দেখলাম ওরাও ‘আউট হইছে, আউট হইছে’ বলে লাফিয়ে উঠল। কিন্তু একটু পরই আমি বিস্ময়ে ‘থ’ ‘দ’ ‘ধ’ হয়ে গেলাম, যখন পাঙ্গ জিজ্ঞেস করল, ‘আপু, বাংলাদেশ দল কোনটা? নীলটা না সুবজ গেঞ্জি পরাটা?’সেদিন নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা চলছিল। মনোযোগ দিয়ে খেলা দেখছি। হঠাৎ ওরা ওদের বাসা থেকে দৌড়ে এল আমাদের বাসায়। জিজ্ঞেস করল, ‘আপু, খেলার অবস্থা কী?’ আমি বললাম, ‘আর সাত রান করলেই বাংলাদেশ জিতে যাবে।’ ওরাও আমার সঙ্গে খেলা দেখতে বসে গেল। খেলা শেষে আমি মহা আনন্দে বলে উঠলাম, ‘ইয়াহু! বাংলাদেশ জিতে গেছে!’ ওরা শুনে খুব খুশি হলো। আমি টিভি বন্ধ করার পর পাঙ্গ বলল, ‘আপু, এখন বাংলাদেশের বোলিং করা দেখবেন না?’অবশ্য এখন সাঙ্গ-পাঙ্গ ক্রিকেটের অনেক কিছুই বোঝে। বাংলাদেশ হেরে গেলে ওদের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে যায়। বাংলাদেশ জিতলে ওদের মুখে হাসি ফুরায় না। ওরা প্রথম প্রথম বলত, ‘যে দল জিতবে, আমরা সেই দলের।’ কিন্তু এখন ওরা বলে, ‘আমরা সবার আগে বাংলাদেশ দলের। জিতলেও, হারলেও।’রেজওয়ানা আফরিনএম এম কলেজ, যশোর।