ক্রিকেটযুদ্ধে পুরস্কারের ডালি
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় এ অনুষ্ঠান নিয়ে লিখেছেন শুভাশীষ পাল ও শিহাব জিশানবন্দর বালক উচ্চবিদ্যালয়প্রশ্ন আর উত্তরে চলছে ক্রিকেটযুদ্ধ। মাঠে নয়, সবার মুখে মুখে। প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে একটি। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস কার? সর্বোচ্চ ইনিংস আশরাফুলের—৮৭ রানের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সবচেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরি কার? দ্রুত উত্তর চলে আসে গ্যারি সোবার্স। অবাক হয়ে যান সঞ্চালক, এত দ্রুত উত্তর তিনি আশা করেননি। ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বন্দর বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে জায়গা না পেয়ে অনেকে জানালা দিয়ে উঁকি মারছে ভেতরে কী হচ্ছে একটু দেখার আশায়। ভেতরে তখন চলছে প্রথম আলো বিশ্বকাপ কুইজের জমজমাট লড়াই। বাংলাদেশের পক্ষে কত জন খেলোয়াড় এ পর্যন্ত খেলেছেন, সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি কার। সব প্রশ্নের উত্তর চলে আসছে সঙ্গে সঙ্গে। কোনো ধরনের প্রশ্ন করেই আটকানো যাচ্ছিল না কাউকে। সঞ্চালক একটু ভিন্ন পথ ধরলেন। প্রথম আলোর সাত দিনের সাতটি ক্রোড়পত্রের নাম বলতে হবে। এ প্রশ্নের উত্তরটাও জানা প্রায় সবার। উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় সাজ্জাদ হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক শওকত জাহান। বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় গান, কবিতা, কৌতুকে প্রাণবন্ত ছিল অনুষ্ঠান। তিনটি ‘ম’ আমাদের জন্য ক্ষতিকর। তাই না বলতে হবে এই তিন ‘ম’-কে। মাদক, মিথ্যা, মুখস্থকে ‘না’ বলে শপথ নেয় শিক্ষার্থীরা। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে মাদকাসক্তি থেকে ফিরে আসা বন্ধু তৌহিদুল আলম। তিনি বলেন, অনেকে বিষণ্নতা, হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদক গ্রহণ করে কিন্তু মাদক কোনো সমস্যার সমাধান নয়, সমস্যার সূত্রপাত। তাই কেউ কখনো কৌতূহলের বশেও মাদক নেবে না। দেশকে নিয়ে তার স্বপ্নের কথা বলে শিক্ষার্থী সাইফুল। দেশের সুবিধাবঞ্চিত শিশুরা মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমি এসব সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। সঞ্চালক ঘোষণা দিলেন এখন শুরু হবে ব্যাটের লড়াই। মিলনায়তনে তখন পিনপতন নীরবতা, টানটান উত্তেজনা সবার মধ্যে। সবশেষে ব্যাট জিতে নেয় নাজমুল আহসান। বন্দর বালিকা উচ্চবিদ্যালয়দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক কে? গ্রায়েম স্মিথ। সহজ প্রশ্নের সহজ উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় সানজিদা। এরপর একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে আনন্দে ভাসতে থাকে বন্দর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় মিলনায়তনে ৩ ফেব্রুয়ারি প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা এমনই প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানজুড়ে ছিল কুইজ, গান, কবিতা, ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম আলোর চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল্লাহ আল মোজাম্মেল।শুরুতেই ছিল প্রথম আলোর প্রামাণ্যচিত্র ‘বদলে যওয়ার শপথ’-এর প্রদর্শনী। প্রদর্শনী শেষ হতেই সঞ্চালকের প্রশ্ন এই দিন কে বদলাবে? চিৎকার করে সবাই সমস্বরে জানায়, তারাই হবে আগামী দিনের দিন বদলের কারিগর।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিয়া খাতুন বলেন, ‘খেলা নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দেখে আমি মুগ্ধ হচ্ছি, ওরা যেসব উত্তর দিচ্ছে সে প্রশ্নগুলোর উত্তর আমাদেরও জানা নেই।’ বিশ্বকাপে সবচেয়ে বেশি কাপ জিতেছে কোন দল? বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম বল কে করেন? টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড কার? এমন সব প্রশ্নের টপাটপ উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় শান্তা ফারিয়া ও আলেয়া। অনেকক্ষণ ধরে চলছে কথামালা। এবার গান হয়ে যাক। তাসলিমা ইয়াসমিনের কণ্ঠে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় সবার মাঝে। এখন ফেব্রুয়ারি মাস। দেশকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে সেটা মনে করিয়ে দিতেই আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতাটি আবৃত্তি করে তাহিনা রহমান। আবার শুরু হয় প্রশ্নবাণ। ভারতের প্রশিক্ষকের নাম কী? বিশ্বকাপে বাংলাদেশ কোন কোন দলকে হারিয়েছে? আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কত? এসব প্রশ্নের উত্তর সহজেই দিয়ে পুরস্কার জিতে নেয় ইয়াসমিন, সাজেদা ও আইরিন। সাম্প্রতিক সময়ে মেয়েদের মধ্যে মাদক গ্রহণের হার বেড়ে গেছে। তাই সঞ্চালক সবাইকে সতর্ক করেন মাদকের ফাঁদে পা না দেওয়ার জন্য। সবাই মিলে শপথ নেয় মাদক থেকে দূরে থাকার। অনুষ্ঠান শেষ হয় কঠোর লড়াইয়ের মাধ্যমে। কঠিন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে অন্য সবাইকে টপকে ব্যাট জিতে নেয় ইশরাত জাহান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো জবসের ফাহিমুল মাওলা, বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বন্ধু তুষার, রুবেল, রাসেল, শিহাব ও শান।পশ্চিম মাদারবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়বিশ্বকাপ ক্রিকেটের উত্তাপ যে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে তা ভালোই টের পাওয়া গেছে পশ্চিম মাদারবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ দেখে। কোনো প্রশ্নই যেন তাদের জন্য কঠিন নয়। সঞ্চালক প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে হাত উঠছে অনেক। রীতিমতো কার আগে কে উত্তর দেবে সেই প্রতিযোগিতা চলে।বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি কে? এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলল প্রায় সবাই। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছে শাহিনুর আকতার। এভাবে শিক্ষার্থীরা একের পর এক কঠিন প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিল বিভিন্ন পুরস্কার। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে ৩১ জানুয়ারি বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় এ স্কুলের আনন্দ-আয়োজন। বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের উপস্থাপনায় জমজমাট এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ কান্তি নাথ, জান্নাতুল ফেরদাউস প্রমুখ। প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে ‘শাবাশ বাংলাদেশ’ গানটি গেয়ে ইসরাত জাহান ও ‘সংকল্প’ কবিতাটি আবৃত্তি করে পাখি সবার নজর কাড়ে। ‘সবচেয়ে কম বয়সে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন কে?’ এ প্রশ্নের উত্তর দিয়ে র্যাকেট জিতে নেয় আসমা। এরপর ‘মাতৃভূমি, মাগো তুমি’ গানের সঙ্গে কণ্ঠ মেলায় ছাত্রীরা। গান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষ হওয়ার পর আবার শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এবার বেশ কিছু কঠিন প্রশ্নের উত্তর দিয়ে র্যাকেট জিতে নেয় তানজিনা। ‘বাংলাদেশের বোলিং কোচের নাম কী?’ এ প্রশ্নের উত্তরে একজন বলল, মেসি। সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। সঠিক উত্তরের পাশাপাশি এ ধরনের রসাত্মক উত্তরও সবার মাঝে হাসির খোরাক জোগায়। তারপরেও সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় বিউটি, দোলন, অন্তরা, শান্তা ও রেহানারা। মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।