ক্রিকেটার তৈরির কারখানা
এই তো কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপ-জ্বরে ভুগল সারা বিশ্ব। তখন মেসি, কাকাদের যুগ। আর এবারের নায়ক ক্রিকেটাররা। আমাদের সাকিব কিংবা তামিম চলে এসেছে মেসি, কাকার জায়গায়। ভারত আর শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ এবার বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ।ক্রিকেটে বাংলাদেশ ১০টি টেস্টখেলুড়ে দেশের একটি। ওয়ান ডে র্যাঙ্কিংয়ের আট নম্বর দল। অর্থাৎ যারা ক্রিকেট খেলছে, তাদের মধ্যে প্রথম সারিতেই বাংলাদেশের অবস্থান। ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে নিজেদের দৃঢ় অস্তিত্ব প্রকাশ করেছিল। এরপর থেকেই ধারাবাহিকভাবে উন্নতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের। এখন কিন্তু ক্রিকেটার তৈরির কারখানা আছে আমাদের। হ্যাঁ, বিকেএসপির কথাই বলছি। যার পূর্ণ নাম ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান।’ যেখানে সব ধরনের খেলার সুযোগ রয়েছে। আর এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের যে ১৫ জন খেলোয়াড় খেলছেন, তাঁদের সাতজনই এই বিকেএসপির আবিষ্কার। তাঁরা হলেন সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, রাকিবুল হাসান ও সোহরাওয়ার্দী শুভ। খেলাধুলায় প্রশিক্ষণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পড়ালেখার মাধ্যমে সত্যিকারের খেলোয়াড় গড়ে তুলতে ১৯৮৬ সাল থেকে চলছে বাংলাদেশের ক্রীড়া শিক্ষার একমাত্র সরকারি এই প্রতিষ্ঠানটি। এখান থেকে উঠে এসেছে অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়সহ অনেক ক্রিকেটার। সম্পূর্ণ আবাসিক এ প্রতিষ্ঠানে বর্তমানে ১৪০ জন শিক্ষার্থী ক্রিকেট বিভাগে আছে। মেয়েদের ক্রিকেটের বিকাশের কথা ভেবে ২০০৮ সাল থেকে এখানে শুরু হয়েছে মেয়েদের শাখা। বর্তমানে ১৭ জন মেয়ে ক্রিকেট বিভাগে লেখাপড়া করছেন।কথা হলো দশম শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলামের সঙ্গে। রঙিন জার্সি পরে কাঁধে ঝোলানো মস্ত ব্যাগ নিয়ে মাঠের দিকেই যাচ্ছে সে। তার সঙ্গে কথা বলে জানা যায়, সে জাতীয় মহিলা দলের স্কোয়াডে ছিল। ‘আগে ভলিবল খেলতে ভালো লাগলেও এখানে এসে ক্রিকেট ছাড়া কিছু বুঝি না’, বলছিল সানজিদা। মাঠের অন্য প্রান্তে পৌঁছাতেই দেখা সাতক্ষীরার ছেলে সৌম্য সরকারের সঙ্গে। একাদশ শ্রেণীতে পড়ুয়া সৌম্য তখন ব্যায়ামের মাধ্যমে শরীরটাকে ফিট করতে ব্যস্ত। সে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমিক টিমে যুক্ত। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা সৌম্য ছোটবেলা থেকেই ক্রিকেট-পাগল। গ্রামের স্কুলে থাকতে সকালে উপস্থিতি দিয়েই স্কুল পালিয়ে খেলতে চলে যেত আর ফিরত বিকেলে। বাসায় ফিরলে ছিল বাবার কানমলা আর মায়ের বকুনি। বড় দুই ভাইয়ের পরামর্শে বিকেএসপিতে ভর্তি ২০০৬ সালে। অংকন সাহা ২০০২ সালে বিকেএসপির সপ্তম শ্রেণীতে ভর্তি হয়। সেই থেকেই ক্রিকেট নিয়ে ভাবনা। দ্বিতীয় বর্ষে পড়ুয়া অংকন স্বপ্ন দেখেন ১১ জনের জাতীয় দলের একজন হবেন তিনি।ফয়সাল ইমরান পড়ছে নবম শ্রেণীতে। শিক্ষা ও খেলার মধ্যে সমন্বয় ঘটিয়ে হতে চায় মেধাবী ক্রিকেটার। ‘বুস্ট পাওয়ার কাপে একবার দারুণ খেলার পর মা-বাবা উৎ সাহ দেন এবং ট্রায়াল দিয়ে বিকেএসপিতে সুযোগ পাই।’ বলছিল ইমরান। প্রমিলা ক্রিকেটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে চায় বগুড়ার মেয়ে আসফিয়া আলম লামিয়া। বাবা খেলতেন ব্যাডমিন্টন। তাঁকে দেখেই মাঠে নামে লামিয়া। একা মল্লিক এসেছে ঠাকুরগাঁও থেকে। ‘বিকেএসপিতে ভর্তির আগে তো গ্রামের মাঠে ছেলেদের সঙ্গে খেলতে নেমে যেতাম। অনেক সময় ছেলেরা নিতে চাইত না, তখন মন খারাপ হতো। বিকেএসপিতে খেলার এবং শেখার দুটো সুযোগই পাচ্ছি।’ বলছিল একা মল্লিক। ক্রিকেট বিভাগের আরেক ছাত্র আবু নাসির লিমন তো এখনই স্টার। ছুটিতে গ্রামে গেলেই বন্ধুরা ছুটে আসে টিপস নিতে। ব্যাট ধরে দাঁড়াতে হয় কীভাবে; বল কী তিন আঙুল না চার আঙুলে ধরতে হয়; ফাস্টবোলার হতে কী করতে হয়—এমনই হাজারো প্রশ্ন ছুড়ে দেয় বন্ধুরা। কারণ, লিমন যে বিকেএসপিতে আছে!ক্রিকেট বিভাগের চিফ কোচ মাসুদ হাসান বলেন, ‘বর্তমানে এখানে প্রতি ব্যাচেই প্রচুর সম্ভাবনাময় ছেলেমেয়ে রয়েছে। তবে খেলাটা আসলে পিরামিডের মতো। ওপরের দিকে আস্তে আস্তে ছোট হতে থাকে। এখানে এখনো অনেক শিক্ষার্থী আছে, যারা সাকিব, মুশফিকুরের মতো ভালো খেলবে বলে মনে হচ্ছে।’বিকেএসপির ক্রিকেট বিভাগে বর্তমানে একজন বিদেশি কোচসহ সাতজন কোচ রয়েছেন। যাঁদের হাতে গড়ে উঠছে আগামী দিনের ক্রিকেটার। শুক্রবার দিনটা একটু বেশি ভালো লাগে মেহেদী হাসানের। কারণ, শুক্রবার সারা দিন চলে প্রশিক্ষণ। বেশি শেখাতে পারায় ক্লান্তির বদলে প্রাপ্তির বোঝা ভারী হয়।বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন বলেন, ‘যদিও এখানে খেলাধুলাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তবু লেখাপড়ায়ও পিছিয়ে নেই এখানকার শিক্ষার্থীরা। এখানে সকাল সাতটা থেকে নয়টা আর বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলে খেলাধুলার প্রশিক্ষণ। সেই সঙ্গে নিয়ম করে সকাল সাড়ে নয়টা থেকে একটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা।’ ক্রিকেট শাখায় ভর্তিজনসংযোগ বিভাগের আশরাফুজ্জামানের কাছ থেকে জানা গেল, এখানে প্রতিবছর নির্দিষ্ট বয়সে সপ্তম ও অষ্টম শ্রেণীতে আসনসংখ্যা খালি থাকা সাপেক্ষে ভর্তি নেওয়া হয়। বছরের শুরুতে পত্রিকায় বিজ্ঞপ্তির পর বিকেএসপির মহাপরিচালক বরাবর জীবনবৃত্তান্ত, বর্তমান ঠিকানা, ছবিসহ আবেদন করতে হয়। এরপর নির্দিষ্ট দিনে বিকেএসপিতে তার খেলাধুলার ওপর দক্ষতা দেখে ভর্তি নেওয়া হয়। ক্রিকেট বিভাগে ভর্তির ক্ষেত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি দিকই দেখা হয়। আলো ছড়ানো সাকিব‘সাকিব তখন নবম বা দশম শ্রেণীতে পড়ছে। এর মধ্যে তার খেলা দেখে উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বরাত দিয়ে স্থানীয় একটি কাগজ তাকে “আগামী দিনের বিশ্বতারকা” হিসেবে আখ্যায়িত করে। আর এ খবরের কাটিংটা আমিই সাকিবের হাতে তুলে দিই। সে তো একটা মুচকি হাসি দিয়ে লেখাটা নিয়ে দৌড়ে চলে যায়।’ এভাবেই সাকিব আল হাসান সম্পর্কে বলছিলেন তাঁর বিকেএসপির বাংলার শিক্ষক শামিমুজ্জামান। ‘সাকিব সব সময় ক্লাসরুমে মাঝামাঝি স্থানে বসত। ক্লাসে খুব কম কথা বলত। সাকিবের মতো শান্ত ছেলে দ্বিতীয়টি পাওয়া ভার। আমাদের সেই শান্ত ছেলেটি এখন বাংলাদেশের বাঘ—বাঘদের নেতা। ভাবতে গর্বে বুকটা ভরে ওঠে।’ বলছিলেন সাকিবের শিক্ষক শামিমুজ্জামান।সাকিবের খেলা দেখে তাঁর কোচ সালাউদ্দিন তো প্রতিদিন অন্তত একবার করে বলতেন, এই ছেলে একদিন বড় ক্রিকেটার হবে। ২০০২ সালে বিকেএসপির অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া ছোট্ট সাকিব উঠে আসেন ‘বিকেএসপির ট্যালেন্ট হান্ট’ প্রকল্পের মাধ্যমে। কোচ মাসুদ হাসান বলেন, ‘খুব কম সময়ের মধ্যে সাকিব তার ক্রিকেট বিভাগের বড় ভাইদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। সবার সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতাও ভালো। কিছু বোঝাতে চাইলে ও দ্রুত বুঝে যেত। শুরু থেকেই ওর ব্যাটিং ছিল পরিণত ক্রিকেটারের মতো। ও যে সত্যিই ট্যালেন্ট, তা সে সময়ই বুঝে ফেলেছিলাম।’