
তামিম ইকবাল
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবেন? এখন এ প্রশ্ন করা বৃথা। তবে উত্তরটা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল যেন আগে থেকেই জানতেন। কোচ হাথুরুসিংহেকে বলেছিলেন, আমিই দেশের হয়ে প্রথম শতক করব। ওমানের বিপক্ষে করলেনও তাই। এখন সবার মনেই শুধু তামিম আর তামিম। কিন্তু তামিমের মনে? নিশ্চয় তাঁর পুত্রসন্তান। ভূমিষ্ঠের পরপর মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তামিম ব্যাংকক থেকে বলেছিলেন, ‘দায়িত্বটা আরও বেড়ে গেল।’ তবে কি সেই দায়িত্ব থেকেই ছেলের জন্য বাবা তামিমের এই উপহার? হয়তো!

তামিমের বাবা হওয়ার সময়টায় এশিয়া কাপ চলছিল। তবু সব ছেড়েছুড়ে তিনি ছুটে গেছেন সন্তানের মুখ দেখতে। ২৮ ফেব্রুয়ারি বাবা হওয়ার পর নিজের ফেসবুক পেজে তা নিশ্চিত করে লেখেন, ‘আজ আমাদের জীবনে খুশির জোয়ার এসেছে। আল্লাহর কৃপায় আজ সকালে আমাদের পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে। ছেলে ও মা দুজনই যদিও ভালো আছে, তবু আগামী ২৪ ঘণ্টা ডাক্তার পর্যবেক্ষণে রাখবেন তাদের। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
ওয়াসিম আকরাম

প্রথম দুই সন্তানের জন্মের সময় তিনি ক্রিকেটের ব্যস্ততম এক তারকা। নিজ দলের সঙ্গে সময়টা দেশে দেশে কাটাতে হয়েছে। তৃতীয় সন্তানের বেলায় সে ভুলের পুনরাবৃত্তি করেননি একসময়ের দাপুটে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোলার ওয়াসিম আকরাম। ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলীয় স্ত্রী শ্যানিয়েরা আকরামের কোলে যখন সদ্য ভূমিষ্ঠ তৃতীয় সন্তান আয়লা, ওয়াসিম আকরাম তখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচের ধারাভাষ্য দিতে ভারতের এক স্টুডিওতে ছিলেন। জীবনে ধারাভাষ্য দেওয়ার সুযোগ অনেক এসেছে, আরও আসবে। কিন্তু নতুন সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ আর পাবেন না। সবকিছু ছেড়েছুড়ে তাই তাঁর সে যাত্রায় বিমানবন্দরে ছোটার পালা।
ব্রায়ান লারা

জন্টি রোডস একাই কিন্তু নন, কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রায়ান লারাও এমনই কিছু করেছেন। কন্যার নাম রেখেছেন সিডনি। ক্রিকেট যেন লারার কাছে সন্তানেরই মতো। ক্রিকেটের যত অর্জন, তাই তাঁরা সন্তানের নামের মধ্যে দিয়ে আজীবন স্মরণীয় করে রাখতে চান হয়তো। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড প্রথম টেস্ট সেঞ্চুরি করেন লারা। সেই ক্ষণটিকে চিরস্থায়ী করতেই হয়তো প্রথম কন্যার নাম রাখলেন সিডনি।
সাকিব আল হাসান

ক্রিকেটারদের জীবনটাই যেন এমন। দেশের জন্য, ক্রিকেটের জন্য মাঠে তাঁদের যত সময় দিতে হয়, এরপর পরিবারের জন্য তাঁদের ফুরসত কই? তবে মন কিন্তু পরিবারের কাছ থেকে একটুও বিচ্ছিন্ন হয় না কখনো। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের কথাই বলা যাক। তাঁদের জীবনে ‘রাজকন্যা’ আসবে বলে খুশির অন্ত ছিল না কোনো। সময় যত ঘনিয়ে আসছিল খুশির আমেজ ততই বাড়ছিল। মুখে তো জানিয়েছেনই, ফেসবুক পেজেও সে খুশির আমেজের কমতি ছিল না। চাইলে ছুটি নিতে পারতেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। বিসিবি সে সুযোগও দিয়েছিল। কিন্তু স্ত্রীর অনুরোধেই দেশের হয়ে খেলতে থেকে যান সাকিব।
রাজকন্যার জন্য তাঁর অপেক্ষার অবসান হলো বটে, তবে তিনি তখন দুবাই বিমানবন্দরে আর স্ত্রী শিশির যুক্তরাষ্ট্রের হাসপাতালে। সেখানেই খবর পেলেন। ফেসবুক পাতায় ‘এক টুকরো স্বর্গের’ নেমে আসার খবর জানালেন সবাইকে। লিখলেন, ‘শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালোবাসায় গড়ে উঠতে পারে।’ ছোট্ট আলাইয়া হাসান অব্রি মায়ের সঙ্গে এখন ঢাকায়।
জন্টি রোডস

মাতৃভূমি দক্ষিণ আফ্রিকা, সেখানেই বেড়ে ওঠা। তারপরও কিনা ভারতের সঙ্গে তার আজীবনের সম্পর্ক! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানস দলের ফিল্ডিং কোচ জন্টি রোডসের বেশির ভাগ সময় এখন ভারতেই কাটে। ভারতকে তিনি এতটাই ভালোবেসে ফেলেছেন যে কথায় কথায় দ্বিতীয় ঘর বলে উল্লেখ করেন। তবে সেসব পরে, আজীবনের সম্পর্কের কারণ হলো কন্যাসন্তানের জন্মের পর কন্যার নাম রেখেছেন ইন্ডিয়া জিনি জোনস।
মেয়ের নাম ইন্ডিয়া রাখার কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখানে অনেক সময় কাটিয়েছি। ভারতের যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দের তা হলো অনেক সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন এখানে। ভবিষ্যৎ-দ্রষ্টা এক জাতি এরা। সবকিছুর সহাবস্থানটি আমার খুব পছন্দের। আপনার জীবনেও এ রকম চমৎকার ভারসাম্য থাকতে হবে। ইন্ডিয়া নাম নিয়ে আমাদের কন্যা দুই দেশের সেরা জিনিসগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করে বেড়ে উঠবে।’
গ্রন্থনা: মেহেদী হাসান, তথ্যসূত্র: মিড-ডে, ডন, বিবিসি