ক্রিকেটারদের ঈদের খুশি

খেলোয়াড়দের ঈদ তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। ওয়ানডেতে ছিলেন, তবে টেস্টে নেই—এমন কজন শেষ ওয়ানডের পরই চট্টগ্রাম থেকে সরাসরি বাড়ির পথ ধরেছেন। এ দলে রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, আরাফাত সানি ও এনামুল হক। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা পেয়েছিলেন দুই দিনের ছুটি। এর মধ্যে আটজন চলে এসেছিলেন ঢাকায়, বাকিরা থেকে গিয়েছিলেন চট্টগ্রামেই।
মাশরাফি ঈদের আগের দিন চলে গিয়েছিলেন নিজ বাড়ি নড়াইলে। ঈদের নামাজ শেষে দলের জন্য দোয়া চাইলেন অধিনায়ক। মাশরাফি মানেই ব্যতিক্রম কিছু। এ ক্ষেত্রেও ব্যত্যয় হয়নি। ঈদের পরদিন ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নড়াইলে একটি কদমের চারা লাগিয়ে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাশরাফি। স্মরণ করলেন লেখককে। আর বন্ধুবান্ধবের সঙ্গে ধুমসে আড্ডা তো ছিলই! বাংলাদেশ দলের রঙিন পোশাকের অধিনায়ক জানালেন, ঈদ ভালোই কেটেছে। নড়াইলে বৃষ্টি খুব একটা ছিল না। ঘোরাঘুরি-আড্ডাবাজিতে খুব একটা সমস্যা হয়নি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদের আগের দিন ঈদ করতে চলে এসেছিলেন ঢাকায়। ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সকল ক্রিকেটপ্রেমী, দেশবাসী, ভক্ত ও বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সাকিবের মতো টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকারও ঢাকায় চলে এসেছিলেন ঈদের আগের দিন। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই সময় কেটেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। ছুটিটা বড় না হওয়ায় বাড়ি না গিয়ে ঢাকায় ঈদ করেছেন নাসির হোসেন, ইমরুল কায়েস ও জুবায়ের হোসেন। নারায়ণগঞ্জের ছেলে মোহাম্মদ শহীদের ঈদ কেটেছে নিজ বাড়িতেই।
চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বাড়ি তো টিম হোটেলের পাশেই। তবে হোটেল থেকে ‘এক পা ফেলিয়া’ তিনি ঈদ করতে পারেননি পরিবার-পরিজনের সঙ্গে। স্ত্রীর চিকিত্সার জন্য ঈদের দিন থাকতে হয়েছে ঢাকায়। পরের দিন যোগ দিয়েছেন পরিবারের সঙ্গে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে নিজের পেজে স্ত্রী আয়েশা সিদ্দিকীকে নিয়ে একটা ছবিও দিয়েছেন তামিম। টেস্টে ধারাবাহিকতার প্রতিচ্ছবি মুমিনুল হক চট্টগ্রাম থেকে ঈদ করতে চলে গিয়েছিলেন নিজ শহর কক্সবাজারে।

ওয়ানডে দলের আরেক সদস্য আরাফাত সানির ঈদটা অবশ্য বৃষ্টিময়। ঢাকার অদূরে আমিনবাজারে বাড়ি সানির। প্রায় পুরো দিনই ছিলেন ঘরবন্দী। সানি বলেন, ‘বৃষ্টির মধ্যে ঘরে আটকা। নামাজ পড়ে দিয়েছি লম্বা একটা ঘুম।’
সানি ঘরে আটকা পড়লেও সাব্বিরের ঘুরতে সমস্যা হয়নি। রাজশাহীতে এদিন ছিল না বৃষ্টির বাগড়া। ইচ্ছেমতো ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছেন সাব্বির। কেমন কাটল ঈদ? মুখে নয়, সাব্বির উত্তর দিলেন ছবি দিয়ে! একগাদা ছবি পাঠালেন সামাজিক যোগাযোগের সাইটে। বোঝাই গেল, উড়ন্ত ক্যাচ নেওয়ার মতোই ঈদের আনন্দটা লুফে নিয়েছেন সাব্বির।
উৎসবের আনন্দক্ষণে অন্যরা যেখানে ঈদ করেছেন বাসাবাড়িতে, প্রিয়জনদের সঙ্গে, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও

মুস্তাফিজুর রহমানের ঈদ কেটেছে হোটেলে, চার দেয়ালের মাঝে।
মাহমুদউল্লাহ-তাইজুলের সঙ্গে মুশফিক ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মসজিদে। নামাজ শেষে হোটেল র্যাডিসনের লবিতে ফিরে ঈদের কোলাকুলি সারেন মুশফিক-মাহমুদউল্লাহ। কোলাকুলির সে ছবি মুশফিক পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে অবশ্য ছিল তাঁদের পরিবার। নামাজ শেষে সাংবাদিকদের মুশফিক বললেন, ‘বাবা-মাকে ছাড়া ঈদ করতে হচ্ছে। খারাপ লাগছে। তবে আমরা এখানে কাজে এসেছি। কাজটা ভালোভাবে শেষ করতে পারলে ঈদ আরও আনন্দঘন হবে। সবাই দোয়া করবেন।’
এবং মুস্তাফিজ
আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়েই হইচই ফেলে দেওয়া মুস্তাফিজের ঈদ বাড়িতে করার পরিকল্পনা ছিল। ভারত সিরিজের পর বাড়িতে আসতে পারেননি। কদিনের বিরতিতেই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। পরিকল্পনা ছিল ১৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই বাড়িতে আসবেন। বিমানের টিকিটও কাটা হয়েছিল। তবে টেস্ট দলে ডাক পাওয়ায় মুস্তাফিজ যেতে পারেননি বাড়িতে। ঈদ কাটিয়েছেন চট্টগ্রামেই।
দেশে আছেন, অথচ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়িতে ঈদ করা হলো না, মুস্তাফিজের জীবনে এমনটা ঘটল এই প্রথম। বাবা-মা, ভাইবোন, আত্মীয়পরিজন ছেড়ে ঈদ করতে একটু খারাপই লেগেছে মুস্তাফিজের। ঈদের দুপুরে বললেন, ‘খেলতে গিয়ে বিদেশে ঈদ করা হয়েছে। দেশের ভেতরে আছি কিন্তু গ্রামের বাড়ির বাইরে এই প্রথম ঈদ করতে হচ্ছে। খারাপ তো লাগারই কথা। কিন্তু কী আর করা!’
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথম ঈদ। ঈদের আনন্দটা ভিন্নভাবেই ধরা দেওয়া কথা। কিন্তু সেটা হয়ে ওঠেনি। কেমন কাটছে সময়, জিজ্ঞেস করতেই উচ্ছ্বাসহীন কণ্ঠে মুস্তাফিজের উত্তর, ‘ওটা না শোনাই ভালো। এই কাটছে আরিক! হোটেলেই সময় কাটছে। বাইরে কোথাও বের হইনি। কোথাও যাওয়ার পরিকল্পনাও নেই।’
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টে অভিষেকেও দারুণ পারফর্ম করে নিশ্চয় ঈদের অপূর্ণ আনন্দটা পুষিয়ে নিয়েছেন সাতক্ষীরার এ তরুণ তুর্কি!

খেলার ফাঁকে ঈদ আনন্দ
প্রণব বল, চট্টগ্রাম
ভোর থেকেই আকাশের মুখ ভার। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। চারদিকে ঈদের আমেজ। ছাতা মাথায় সবাই ছুটছে। ঈদের নামাজ বলে কথা। বৃষ্টি ঈদ আনন্দে বাধা হতে পেরেছে কবে! পাঞ্জাবি পরে ছেলে-বুড়ো সবাই ছুটছে। এর মধ্যে নগরের দামপাড়া পুলিশ লাইন মসজিদ ঘিরে নিরাপত্তার হাঁকডাক। ওয়ানডে সিরিজ জয় করে দেশকে আগাম ঈদ আনন্দে ভাসানো মুশফিক, মাহমুদউল্লাহরা যে এখানেই ঈদের নামাজ পড়বেন। এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য চট্টগ্রামে ঈদ উদ্যাপন করলেন। দেশে থেকেও বাড়িতে ঈদ করতে না পারার ব্যথা থাকলেও দেশবাসীকে আরও আনন্দ দেওয়ার প্রত্যয় ছিল তাঁদের চোখে-মুখে। চলমান টেস্টে ভালো করার ইচ্ছার কথাও ঈদের দিন জানিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সতীর্থ তামিম ইকবালের বাড়িতে দাওয়াত খাওয়া, প্রধান নির্বাচক ফারুক আহমেদের জন্মদিন উদ্যাপন ইত্যাদি মিলিয়ে বন্দরনগরে ঈদের ছুটি ভালোভাবে কাটিয়েছেন তাঁরা। আর আকস্মিক যাঁরা এই ক্রিকেটারদের সান্নিধ্য পেয়ে যান, তাঁদের ঈদ আনন্দে এ তো বাড়তি পাওয়া। দামপাড়া পুলিশ লাইন মসজিদ। ছাতা মাথায় পুলিশ ও

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাকর্মীদের ব্যস্ততা। বিসিবির নিরাপত্তাকর্মীদের একটি দল মাইক্রোবাসযোগে মসজিদ এলাকায় ঢুকল সকাল আটটার দিকে। এর আগে থেকে পুলিশের বড় কর্মকর্তারা আসতে থাকেন। সংবাদকর্মীদের আনাগোনা দেখে মসজিদে আসা তরুণ ও কিশোরের দল ততক্ষণে বুঝে গেছে এখানে আসবেন টাইগার অধিনায়ক। সকাল আটটা ২০ মিনিটে পুলিশের একটি পিকআপ হর্ন বাজিয়ে মসজিদ এলাকায় ঢুকল। এর পেছনে একটি মাইক্রোবাস। বিসিবির দুই-তিনজন নিরাপত্তাকর্মী নেমেই কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ জানালেন। কিন্তু কার কথা কে শোনে। চোখ, মুখ, মাথায় তোয়ালে পেঁচিয়ে নেমে এলেন একজন। মুখাবয়ব দেখা না গেলেও চিনতে অসুবিধা হলো না এই ব্যক্তিকে। হাশিম আমলা। তিনি আগে থেকেই বিসিবির নিরাপত্তাকর্মীদের কোনো ধরনের ছবি না তোলার অনুরোধ জানিয়ে রেখেছিলেন। এর পাঁচ মিনিটের মধ্যেই অপর একটি মাইক্রোবাস থেকে নেমে এলেন তাইজুল ইসলাম, মুশফিক রহিম ও মাহমুদউল্লাহ। মুশফিকের গায়ে লাল আর মাহমুদউল্লাহ বেগুনি পাঞ্জাবি। মুখে ঈদের হাসি। আমলার ক্ষেত্রে নিষেধ থাকলেও এ ক্ষেত্রে সে রকম কোনো নিষেধ ছিল না। তবে দ্রুত তাঁরা ঢুকে পড়েন মসজিদের ভেতর। ক্রিকেটাররা দাঁড়ালেন একেবারে সামনের সারিতে। একই সারিতে পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ পুলিশের বড় কর্তারা। ঈদের নামাজ আদায় করলেন সবার সঙ্গে। এরপর শুভেচ্ছা বিনিময় করলেন ক্রিকেটাররা। তবে উত্সাহী ভক্তরা ভিড় করার আগেই সেখান থেকে দ্রুত কেটে পড়েন তাঁরা। মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনেই হোটেলে ফিরে পড়ে যান সংবাদকর্মীদের খপ্পরে। পরে সাংবাদিকদের সামনেই এই দুই ভায়রা ঈদের কোলাকুলি করলেন। শুভেচ্ছা বিনিময় করেন সংবাদকর্মীদের সঙ্গেও। চট্টগ্রামের অতিথি মুশফিকদের আপ্যায়ন করতে ভোলেনি তামিম ইকবালের পরিবার। চট্টগ্রামে ছিলেন অনেক কর্মকর্তাও। ঈদের পরদিন ছিল প্রধান নির্বাচক ফারুক আহমেদের জন্মদিন। জন্মদিনটি ঘটা করে উদ্যাপন করেন ক্রিকেটার ও কর্মকর্তারা মিলে। এম এ আজিজ স্টেডিয়ামপাড়ায় সবাই মিলে কেক কাটলেন। মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল, লিটন দাশ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান বেশ মজা করলেন সেখানে। ক্রিকেটারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিতে সেখানে আরও ছিলেন বোর্ডের পরিচালক আকরাম খান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর।