ক্রিকেটাররা যদি একটা ক্লাসের ছাত্র হতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে যদি ক্লাসরুমের চরিত্রগুলো মেলাই, তাহলে কে কেমন হবেন? ভেবেছেন রাকিব আল হাসান, এঁকেছেন রাকিব রাজ্জাক
.
.

মাশরাফি বিন মুর্তজা

ক্লাস ক্যাপ্টেন। স্কুলের সবার প্রিয় মুখ। সবাইকে আগলে রাখেন। বোর্ডে কারো নাম লেখেন না।

তামিম ইকবাল
তুখোড় মেধাবী। প্রথম বেঞ্চেই বসেন। ছেলেবেলায় ভীষণ চঞ্চল ছিলেন, এখন বেশ স্থির।

ইমরুল কায়েস
শান্তশিষ্ট ধরনের। মাঝেমধ্যে অনিয়মিত হয়ে পড়েন। সুযোগ পেলে প্রতিভার ঝলক দেখিয়ে দেন। কদিন পর আবার খেই হারিয়ে ফেলেন।

.
.

সৌম্য সরকার
ক্লাসে এসেই সবার মন জয় করেছেন। যদিও গত কয়েকটি পরীক্ষায় খুব বেশি ভালো করেননি কিন্তু শিক্ষকেরা তাঁর ওপর আস্থা রেখেছিলেন।

সাকিব আল হাসান
পড়াশোনায় যেমন ভালো, তেমনি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতাতেও সমান দখল আছে।

মুশফিকুর রহিম
ভীষণ পরিশ্রমী। একটা দিনও ক্লাস ফাঁকি দেন না। হোমওয়ার্কও করেন নিয়মিত। রেজাল্ট ভালো না হলে আবেগাক্রান্ত হয়ে পড়েন।

মাহমুদুল্লাহ রিয়াদ
নিয়মিত পড়াশোনা করেন। শিক্ষকেরা অবশ্য তাঁর দিকে ততটা নজর দেন না। তবে পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দেন।

.
.

সাব্বির রহমান
স্টাইলিশ। ক্লাসে জিনস প্যান্ট পরে আসেন। মাঝেমধ্যে ক্লাস ফাঁকি দিয়ে সিনেমাও দেখতে যান। তবে শিক্ষকেরা বলেন, ‘ও আমাদের কথা ভালো ক্যাচ করতে পারে।’

মোস্তাফিজুর রহমান
টেকনিক অবলম্বন করে পড়াশোনা করেন। কিন্তু সেই টেকনিক কেউ ধরতে পারে না। আশপাশের স্কুলের
সবাই তাঁর টেকনিক জানতে উদগ্রীব।

মেহেদী হাসান মিরাজ
স্কুলে ভর্তি হয়েই বেশ তোলপাড় ফেলে দিয়েছিলেন।
প্রথম পরীক্ষায় ইংলিশে এক শতে এক শ!

মোসাদ্দেক হোসেন
মেধাবী। সব বিষয়েই ভালো করেন। শিক্ষকেরা আশা করেন, ভবিষ্যতে ভালো জায়গায় চান্স পেয়ে জাতির মুখ উজ্জ্বল করবেন!

.
.

সানজামুল ইসলাম
নতুন ছাত্র। অন্য স্কুল থেকে এসে ভর্তি হয়েছেন। সময় গড়ালে ক্লাসের সবার সঙ্গে মিশে যাবেন, এটাই সবার প্রত্যাশা।

শফিউল ইসলাম
ক্লাসের অনিয়মিত ছাত্র। তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ নেই। সবার অনেক আশা তাঁকে নিয়ে। সমস্যা একটাই, ক্লাসে নিয়মিত হতে পারেন না।

তাসকিন আহমেদ
দেখতে-শুনতে বেশ স্মার্ট। দু হাত ছেড়ে সাইকেল চালান খুব জোরে। স্কুলের শারীরিক শিক্ষা স্যারের রক্তচক্ষু উপেক্ষা করেও চুলের স্টাইল ঠিক রাখেন।

রুবেল হোসেন
মারামারিতে ওস্তাদ। কেউ লাগতে এলেই ‘ডাইরেক্ট ভাইঙ্গা’ দেন! বাসায় তাঁর নামে অনেক বিচার যায়।