ক্রিকেটে তিশাদের ঠাঁই নেই!

৭ মার্চ। বিকেল চারটার কাছাকাছি। নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন প্রশিক্ষণ মাঠে ক্রিকেট অনুশীলনে ব্যস্ত একঝাঁক শিশু-কিশোর ও তরুণ। কেউ নেটে বল করছে, কেউ করছে ব্যাটিং। অন্যরা শরীরচর্চা করে নেটে যাওয়ার অপেক্ষায়। এই ঝাঁকের মধ্যেই দেখা মিলল এক কিশোরীর। ছেলেদের সঙ্গে দিব্যি ব্যাটিং-বোলিং করছে সে। ফিল্ডিং করে লুফে নিচ্ছে ক্যাচ। তার নাম তিশা দত্ত। সে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির (জেসিটিএ) সদস্য।
অনুশীলনের অন্যদের তুলনায় অনেক বেশি পরিশ্রমী সে। বোলিং করার সময় দরদর করে ঘামছে। সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি বলের লেংথ ঠিক রাখায়। আবার হেলমেট, প্যাড-গ্লাভস পরে ব্যাটিংয়েও সমান সরব। বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিপড়ুয়া এই ছাত্রীর চোখেমুখে পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন।
কিন্তু তার স্বপ্ন কী পূরণ হবে? চট্টগ্রামে মেয়েদের জন্য কোনো টুর্নামেন্ট কিংবা কোনো দল করার যে উদ্যোগ নেই।

তিশা বলে, ‘ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছা থেকে একাডেমিতে এসেছি। আমাদের সঙ্গে আরও পাঁচজন মেয়ে আছে। তবে তারা নিয়মিত আসে না। পর্যাপ্ত মেয়ে নেই বলে আমি ছেলেদের সঙ্গে খেলি। মেয়েদের জন্য কোনো টুর্নামেন্ট নেই এখানে। থাকলে হয়তো অনেকে আসত।’
তিশা নগরের চকবাজারের বাসিন্দা। দুই বোনের মধ্যে তিশা ছোট। বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সে। তবে পড়ালেখার চেয়ে ক্রিকেটেই বেশি ঝোঁক তার। মা বকাবকি করেন খুব। কিন্তু মেয়ে নাছোড়। তাই বাধ্য হয়ে এক বছর আগে মেয়েকে ভর্তি করিয়ে দেন ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। সেখান থেকে জেসিটিএতে আসে কয়েক মাস আগে।
জেসিটিএর কোচ তপন দত্ত বলেন, ‘তিশার মধ্যে খুব আগ্রহ রয়েছে। কিন্তু চট্টগ্রামে মেয়েদের জন্য কোনো ক্রিকেট আয়োজন হয় না। আমার একাডেমিতে পাঁচ ছয়জন থাকলেও তারা সবাই অনিয়মিত। তবে তিশা প্রায় প্রতিদিনই অনুশীলনে আসে।’
মাশরাফির ভক্ত তিশা বলে, ‘ছেলেদের সঙ্গে প্রতিদিন খেললেও তাদের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে আমাকে নেয় না। তবু আমি হাল ছাড়িনি। আমার স্বপ্ন জাতীয় দলে খেলা। মূলত ব্যাটসম্যান। তবে মাঝে মাঝে স্পিন বোলিংও করি।’
৭ মার্চ বিকেলে অনুশীলন ম্যাচে এক ওভার বল করে ৮ রান দিয়েছে তিশা। এরপর ব্যাটিং করে পরপর দুটি চারও মেরেছে সে।

তিশা ছাড়াও এই জেসিটিএ একাডেমিতে শান্তা, সাইরিন, শায়লা, রুবিনা ও আদন নামে আরও পাঁচ মেয়ে অনিয়মিতভাবে ক্রিকেট অনুশীলনে আসে। খেলে ছেলেদের সঙ্গে দল ভাগ করে। ছেলেদের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলার লক্ষ থাকলেও তিশারা ওই স্বপ্ন দেখতে পারছে না। প্রতিদিন অনুশীলন এবং ম্যাচ খেলে দিন কাটছে তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে ১৭টি একাডেমি রয়েছে। এগুলোতে প্রায় এক হাজার বিভিন্ন বয়সী ছেলে ক্রিকেট অনুশীলন করে। কিন্তু মেয়েদের সংখ্যা নগণ্য।
ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ মোমিনুল হক বলেন, ‘আগে আমার একাডেমিতে ছয় সাতজন মেয়ে আসত। এখন আর আসে না। তাদের জন্য কোনো টুর্নামেন্ট নেই। এ ছাড়া পরিবেশও নিশ্চিত করা দরকার।’
এদিকে নারী ক্রিকেটার গড়ে ওঠার পরিবেশ না থাকায় চট্টগ্রামের বিভাগীয় নারী ক্রিকেট দল গড়ার সময় খেলোয়াড় পাওয়া যায় না। সর্বশেষ ২০১৪ সালে নারী ক্রিকেট দল করার সময় চট্টগ্রাম বিভাগীয় দলকে নোয়াখালী এবং বিকেএসপি থেকে ক্রিকেটার নিতে হয়েছে। চট্টগ্রাম জেলার ছিল মাত্র দুজন। জাতীয় মহিলা ক্রিকেট লিগ নামের ওই টুর্নামেন্টে চট্টগ্রামের অবস্থান ছিল তলানির দিকে।
জানতে চাইলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজিয়া বেগম বলেন, ‘চট্টগ্রামে আমরা মেয়েদের কোনো ক্রিকেট কোচিং কিংবা টুর্নামেন্টের আয়োজন করতে পারিনি। বিসিবি থেকেও এ রকম কোনো নির্দেশনা নেই। তবে চাইলে আমরা নিজেরা টুর্নামেন্ট করতে পারি।’