
ক্রিকেটের ইতিহাস যারা জানে, বেশির ভাগই ভুল জানে। ভুল ইতিহাস পড়ানো হয়েছে সবাইকে। আমরা দেখি, বলের পথে বাধা হয়ে দাঁড়ায় ব্যাট। কেবল মারতে চায়, বলও কম যায় না, সুযোগ বুঝে কামড়ে দেয়। মূলত বল-ব্যাটের এই শত্রুতার সুযোগ নিয়ে আবিষ্কৃত হয়েছে জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট আসলে ক্রিকেটারদের যুদ্ধ—এটাও ভুল। ক্রিকেট বল-ব্যাটের পার্সোনাল ঝামেলা ছাড়া কিছুই না। অযথা কিছু মানুষ ক্রিকেট নিয়ে জানপ্রাণ দিয়ে দিচ্ছে। বল ও ব্যাটের শত্রুতা অনেক পুরোনো দিনের। তখনো পর্যন্ত টম অ্যান্ড জেরি তাদের ঝগড়া শুরু করেনি। বল ও ব্যাটের পূর্বপুরুষ তখন বাস করত ইংল্যান্ডে।
স্বভাবের দিক দিয়ে ব্যাটের পূর্বপুরুষেরা খুব ভদ্র ছিল; শক্ত শরীর এবং শক্তি থাকার পরও কাউকে আঘাত করত না। একই পরিবারের হয়েও স্টাম্পরা স্বভাব-চরিত্রে ঠিক উল্টা। সুযোগ পেলেই অন্যের ক্ষতি করত। অন্যদিকে, নিজেদের গোলাকার শরীরের সুবিধা নিয়ে নানা রকম দুষ্টামি করত বলের পূর্বপুরুষেরা। দুষ্টে দুষ্টে ভাব, সেটাই হয়েছিল। বলের বন্ধুত্ব হয়ে যায় স্টাম্পের সঙ্গে।
ওরা যেখানে বসবাস করত, সেখানে ছিল ইয়া বড় এক মাঠ। প্রতি বিকেলে সেই মাঠে এলাকার সবাই আড্ডা দিত, আলোচনা করত, গল্প করত। তেমনই এক বিকেলে এক বয়স্ক ব্যাট স্টাম্পের সামনে বসে বসে নীরবে ঝিমুচ্ছিল। স্টাম্প মজা নিচ্ছিল পেছনে মুখ টিপে হেসে হেসে। এমন সময় স্টাম্প দেখল উল্টা পাশ থেকে বল আসছে দৌড় দিয়ে। স্টাম্প তখন বলকে চোখ টিপে ইশারা করল। ব্যস, বল ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে এসে ব্যাটকে আঘাত করার সঙ্গে সঙ্গেই ব্যাট মাটিতে লুটিয়ে পড়ল। দুই টুকরা হয়ে গেল ব্যাট, রক্তের ফোঁটায় লাল হয়ে গেল স্টাম্প। বল আর স্টাম্প তখন আনন্দে হাই ফাইভ করছিল। ঠিক সে সময় খবর শুনে মাঠে হাজির ব্যাটদের উত্তরসূরি। মৃত্যুপথযাত্রী পূর্বপুরুষকে দেখে সে কান্না আটকাতে পারেনি সেদিন। দুই মিনিটের মাথায় সবকিছুর ঊর্ধ্বে চলে গেল ব্যাটের পূর্বপুরুষ। মরা পূর্বপুরুষের লাশ ছুঁয়ে ব্যাট সেদিন প্রতিজ্ঞা করেছিল, ‘জীবনে যত দিন বাঁচব, বলকে কেবল মারের ওপর রাখব। আমিও আমার উত্তরসূরিকে এ কথা বলে যাব, বল দেখলেই পিটুনি।’
এরপর বলকে যেখানেই পাওয়া যেত কেবল ঠাস, ঠাস। বলও কম না, স্টাম্পের সঙ্গে তখন তাদের আজীবন চুক্তি। সুযোগ বুঝে ব্যাটকে ফাঁকি দিত। ব্যাট-বলের এই পার্সোনাল ঝামেলার আইডিয়া কাজে লাগিয়ে পরবর্তী সময়ে আবিষ্কৃত হয় জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটে আসলে মাঠে যারা খেলোয়াড় হিসেবে থাকে, তারা আসলে ব্যাট-বলের সৈনিক। এদের কোনো জয়-পরাজয় নেই, মূলত জয়-পরাজয় ব্যাট ও বলের।