ক্রিকেটের টানে মাঠপানে দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকদের এমন উচ্ছ্বাস মূল পর্বের সব ম্যাচে থাকবে কি? ছবিটি গত বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তোলা  সৌরভ দাশ
দর্শকদের এমন উচ্ছ্বাস মূল পর্বের সব ম্যাচে থাকবে কি? ছবিটি গত বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তোলা সৌরভ দাশ

ম্যাচ শেষ। তখনো গ্যালারির আসনে বসা অনেকে। তাঁদের চোখে-মুখে হতাশা। তাঁরা হচ্ছেন সেই দলের সমর্থক, যাঁরা শেষ পর্যন্ত আশায় বুক বেঁধে বসে ছিলেন গ্যালারিতে। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই প্রিয় দলের সম্ভাব্য পরিণতি টের পেয়ে অনেকে মাঠ ছেড়েছিলেন। অন্তত চোখের সামনে হংকংয়ের মতো আইসিসির সহযোগী দেশের কাছে পরাজয় দেখতে হয়নি তাঁদের।
ঢাকা ও সিলেটের পাশাপাশি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ মার্চ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসর বসেছে। শুরু থেকেই এটি ছিল দর্শকখরায় ম্যাড়মেড়ে। এই চিত্র বদলে যায় গত মঙ্গল ও বৃহস্পতিবার স্বাগতিক দলের ম্যাচে। টিকিট নিয়ে কাড়াকাড়ি, হইহুল্লোড়...জয় ক্রিকেটেরই।
চট্টগ্রামে প্রথম ম্যাচে জয় নিয়ে দর্শকদের আনন্দে ভাসায় বাংলাদেশ। কিন্তু হংকংয়ের সঙ্গে হেরে বাংলাদেশের জন্য এবার চট্টগ্রাম শতভাগ সাফল্যগাথাময় হলো না। ২০১১ সালে এই চট্টগ্রামে আইসিসি বিশ্বকাপে পর পর দুই ম্যাচ জিতেছিলেন স্বাগতিকেরা।
ম্যাচে হারলেও শ্রেয়তর রানরেটের হিসাবে বাংলাদেশ মূল পর্বে উঠেছে। কিন্তু দর্শকদের মতো ক্রিকেটাররা আক্রান্ত হংকং-লজ্জায়। তাই তো মুশফিক রহিম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেই ফেললেন, ‘এটি খুব বেদনার একটি ব্যাপার। কেন আমরা এমন ব্যাটিং করব! আমরা কেউ দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারিনি।’ তবে এই লজ্জা থেকে শিক্ষা নিতে চান তাঁরা—এমন প্রত্যয়ও জানালেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। ঢাকার পাশাপাশি কাল থেকে চট্টগ্রামেও মাঠে গড়িয়েছে বিশ্বকাপের মূল পর্ব। এই পর্বের গ্রুপ-২ এর পাঁচ দলের ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। বাংলাদেশ ওই গ্রুপে অংশ নেবে। আর চট্টগ্রামে হবে গ্রুপ-১-এর ম্যাচ। এখানে পরস্পরের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বড় দল। এদের সঙ্গে রয়েছে বাছাই পর্ব থেকে উঠে আসা হল্যান্ড।
এখন প্রশ্ন, বাংলাদেশবিহীন চট্টগ্রামের মাঠে দর্শক কেমন হবে তা নিয়ে। টিকিটের জন্য আগের মতো কাড়াকাড়ি নেই। ম্যাচ দেখতেই হবে—এমন আগ্রহও মানুষের কম। তার পরও প্রতিটি ম্যাচে মোটামুটি দর্শক আসবে—এমনটি মনে করছেন অনেকে। তাঁদের মতে, বাংলাদেশ না থাকলেও বিশ্বের বড় ক্রিকেটারদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করবেন না ক্রিকেটমোদীরা।
শ্রীলঙ্কার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলাম, রস টেলর, দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স, হাশিম আমলা কিংবা ইংল্যান্ডের ইয়ান বেলের ব্যাটিং-ঝড় সামনাসামনি দেখতে হলে তো মাঠে যেতেই হবে। আর মালিঙ্গা, মনি মরকেল, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রডের আগুন ঝরানো বোলিং তো আছেই।
তবে ভুলে গেলে চলবে না গ্রুপের সেরা তিনটি দলকে হারিয়ে মূল পর্বে উঠে আসা হল্যান্ডের কথা। বাছাই পর্বের শেষ ম্যাচটি দেখে থাকা যে কেউ তাদের পক্ষে বাজি ধরতেই পারেন। সেদিন অবিশ্বাস্যভাবে উড়তে থাকা আয়ারল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই দল। মাত্র ১৪ দশমিক ২ ওভারে তারা টপকে যায় ১৯০ রান।
আর ওই ম্যাচ জিতে মূল পর্বের টিকিট নিয়ে তারা চট্টগ্রাম এসেছে। স্টিফেন মাইবার্গ ও পিটার বোরেনের চার-ছক্কার ঝলক দেখতে কি মানুষ মাঠে যাবে না! না গেলে মিস হয়ে যেতে পারে। তার ওপর বিশ্বকাপের সাক্ষী হওয়ার বিষয়তো আছেই।