ক্রিকেটের দেশে রবি ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবিগুরুর ভাস্কর্য। ছবি: প্রথম আলো
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবিগুরুর ভাস্কর্য। ছবি: প্রথম আলো

ক্রিকেটের দেশ বলেই অস্ট্রেলিয়াকে চিনি সেই ছেলেবেলা থেকে। ডন ব্র্যাডম্যান, অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন। কত-না ক্রিকেট তারকার জন্ম দিয়েছে এই মহাদেশ। সেই ক্রিকেটের দেশেই দেখা মিলল রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে বিশ্বকবির! গত বছরের অক্টোবর মাসের কথা। মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে এই চমক। ইউনিভার্সিটি অব মেলবোর্নের ক্যাম্পাস মেলবোর্ন শহরের সুবিশাল জায়গাজুড়ে। একটা ভবন থেকে আরেকটা ভবন এত দূরে যে যাতায়াতের জন্য গাড়ি বা ট্রাম ছাড়া উপায় নেই। সেদিন মেলবোর্ন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হাউসের পাশের রাস্তা ধরে যাচ্ছি এমন সময়ই হুট করে কবিগুরুর মুখোমুখি! চোখের ভুল নয়। সাদা আবক্ষ ভাস্কর্যরূপে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দেখে তাই থামতে হলো। মেলবোর্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের এই জায়গাটায় চারদিকে সবুজ আর গাছগাছালির অভাব নেই। এর মধ্যেই সবুজ একটা পার্ক। পড়ন্ত দুপুর বা বিকেলে ছাত্রছাত্রীরা অলস শুয়ে-বসে সময় কাটান পার্কের এইখানটায়। চারদিকে আকাশছোঁয়া কাচের ভবনের ছড়াছড়ি। তাই হঠাৎ করে আমাদের উপমহাদেশীয় কায়দার দোতলা এই বাড়ি চোখে পড়ে। ভবনের সাইনবোর্ডে লেখা ‘দ্য অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট।’ সামনে এক চিলতে ফাঁকা জায়গা। লোহার গরাদ দেওয়া গেট। ভেতরে ঢুকে ছবি তুললাম কবিগুরুর ভাস্কর্যের। পেছনে ফিরে দেখি, কবি একা নন। পাশে আছেন আমাদের চলচ্চিত্রের দিকপাল সত্যজিৎ রায়ও। অস্ট্রেলিয়া মহাদেশে দুজন মহান বাঙালির পাশাপাশি অবস্থান! দেখে কার না ভালো লাগে!
সেদিনের মতো ভাস্কর্য দেখে চলে এসেছি। তারপর মনে হলো, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট সম্পর্কে আরেকটু জানি। ইন্টারনেট ঘেঁটে চলল খোঁজখবর। তাদের ওয়েবসাইটেই তথ্য মিলল। অজি মুল্লুকে কবিগুরু আর সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের। মেলবোর্ন ইউনিভার্সিটিভিত্তিক এই ইনস্টিটিউট মূলত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করে। গবেষণা করে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও।
এ রকম একটা উদ্যোগ হয়তো বাংলাদেশের তরফ থেকেও হতে পারত। কিন্তু তাই বলে এ নিয়ে মন খারাপ করার কোনো কারণ দেখছেন না মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পাশে পাওয়ার এই আনন্দ ছুঁয়ে গেছে তাঁদেরও।
‘বাংলাদেশ থেকে কেউ যখন বেড়াতে আসে, সবাইকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাস্কর্যটি দেখাতে নিয়ে আসি। অস্ট্রেলিয়াতে নিজের ক্যাম্পাসে কবিগুরুকে এত কাছে পাওয়া ভাগ্যের ব্যাপার।’ বলছিলেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদ খান। অজি মুল্লুকে চলচ্চিত্র বিষয়ে পড়তে এসেছেন যে বাংলাদেশিরা, তাঁদের কাছে সত্যজিৎ রায়ের ভাস্কর্য তো অবশ্যই দ্রষ্টব্য। সশরীরে কবিগুরু অস্ট্রেলিয়া এসেছিলেন এমন কোনো কথা শুনিনি। তাঁর সময়ে হয়তো দেশ হিসেবে অস্ট্রেলিয়ার উন্নতিটাও এমন চোখে পড়ার মতো হয়ে ওঠেনি। নাহলে পৃথিবীর অন্যতম বাসযোগ্য এই শহরে কবিগুরু নিশ্চয়ই আসতে ভুলতেন না। কবিগুরু হয়তো আসেননি, তবুও তিনি যে নানারূপে ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে, সেটা দেখে কোন বাঙালির বুকে একটুখানি গর্ব না জাগে?
বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন বলেই হয়তো তিনি বিশ্বকবি।