ক্রিকেটের দ্বিতীয় পর্বে উন্নীত চট্টগ্রাম জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারে রাঙামাটির বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জা মাথায় নিয়ে এবার বান্দরবান গিয়েছিল চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। কিন্তু এবার হতাশ করেননি চট্টগ্রাম জেলা দলের খুদে ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দেশব্যাপী চলা ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ চট্টগ্রাম বিভাগের প্রথম রাউন্ডের খেলা হয় তিনটি ভেন্যুতে। গ্রুপ ‘এ’-এর নোয়াখালী ভেন্যুতে অংশ নেয় কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও লক্ষ্মীপুর জেলা দল। লক্ষ্মীপুর ভেন্যুতে হয় গ্রুপ ‘বি’-এর নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও বান্দরবান জেলা দল। আর বান্দরবান ভেন্যুতে গ্রুপ ‘সি’-এর হয়ে অংশ নেয় চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা দল। ডাবল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে বান্দরবান ভেন্যুতে সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হয় চট্টগ্রাম জেলা দল। দলের সঙ্গে বান্দরবান যাওয়া কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘চট্টগ্রাম জেলার প্রথম ম্যাচ ছিল খাগড়াছড়ির সঙ্গে, যেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গত ২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে আফনান গণি, জিসান ও রোহিতের জোড়া শিকারে রাঙামাটিকে ৮৩ রানে (৩৯ দশমিক ৫ ওভার) অলআউট করে দিই। দলের অধিনায়ক আরমানউল্লাহ ৫৮ রানে (৪১ বলে চারটি করে চার ও ছয়) অপরাজিত থাকেন। ২৬ অক্টোবর তৃতীয় ম্যাচে খাগড়াছড়িকে ৯৬ রানে (৩৬ দশমিক ২ ওভার) অলআউট করে দেয় চট্টগ্রাম জেলা দল। ফকরুল, তন্ময়, আফনান নেন দুইটি করে উইকেট। জবাবে মাত্র ১৪ দশমিক ৫ ওভারে আরাফাত খানের অপরাজিত ৪০ রান (৪৫ বলে), ওমর ফারুকের ২৩ রান ও আরমান উল্লাহর অপরাজিত ১৯ রানের সুবাদে আট উইকেটে পরাজিত করে খাগড়াছড়ি দলকে। শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২৮ অক্টোবর মুখোমুখি হয় চট্টগ্রাম ও রাঙামাটি জেলা। টসে হেরে ব্যাট করতে নেমে রাঙামাটি দল গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে (৩১ দশমিক ৪ ওভারে)। ৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম দলও হারিয়ে ফেলে ৭ উইকেট। আরমানউল্লাহর ৪৭ (৭৪ বলে) রান না হলে হারতেও পারত চট্টগ্রাম দল।’ দলের কোচ তপন দত্ত জানান, ‘এবারে টিমওয়ার্ক ভালো ছিল। পাশাপাশি কর্মকর্তা, খেলোয়াড়রাও আন্তরিক ছিলেন। তবে মাঠের অবস্থা বিশেষ করে উইকেট ভালো না থাকায় ব্যাটসম্যানরা রান করতে হিমশিম খান। তাই কোনো ম্যাচেই বড় স্কোর হয়নি।’ জেলা দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর বলেন, ‘মূলত এটি একটি বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রতিভা অন্বেষণ কর্মসূচি। প্রত্যেক ভেন্যুতেই বিসিবির টেলেন্ট হান্টার রয়েছেন।’