ক্রিকেটের লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মন্ডলের এমন ব্যাটিং বাংলাদেশ দলকে এনে ​িদ​ে​য়ছে অনেক সাফল্য
লতা মন্ডলের এমন ব্যাটিং বাংলাদেশ দলকে এনে ​িদ​ে​য়ছে অনেক সাফল্য

বাড়ির পাশের মাঠ থেকেই ক্রিকেট খেলার শুরু। ১০ বছর বয়সে পাড়ার

লতা মণ্ডল
লতা মণ্ডল

দাপুটে খেলোয়াড় হিসেবে নাম হয় তাঁর। ছেলেদের খেলা দেখে ইচ্ছে হতো ওদের মতো চার-ছক্কা মারতে। মেয়ে হওয়ার কারণে ঠিক সাহস পেতেন না। ভয় ছিল কেউ যদি কিছু বলে। সেই সংকোচ-ভয়কে জয় করে ক্রিকেট ব্যাট হাতে একদিন মাঠে নেমে পড়েন। প্রথম দিনেই মাঠের অন্যদের বুঝিয়ে দেন মেয়েরাও ভালো খেলতে পারে। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান লতা মণ্ডলের শুরুর গল্প এটি। ঢাকার মোহাম্মদপুরে কেটেছে তাঁর শৈশব।
শুরু পথ মসৃণ ছিল না লতা মণ্ডলের। তাঁর খেলাধুলার ব্যাপারে পরিবারের কোনো সমর্থন ছিল না। মা-বাবা চাইতেন না মেয়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হোক। আর দশ-পাঁচটা মেয়ের মতো তাঁর পরিবারেরও চিন্তা ছিল মেয়েকে লেখাপড়া শেষ করিয়ে ভালো কোনো পরিবারে বিয়ে দেওয়ার। কিন্তু লতা আর দশ-পাঁচটা মেয়ের চেয়ে তো আলাদা ছিলেন। ‘বাড়ির পাশের মাঠে ভালো করায় অনেক জায়গা থেকেই খ্যাপ (ভাড়া) খেলায় ডাক আসত। পালিয়ে অনেক খেলতেও গিয়েছি। একবার কেরানীগঞ্জের ছেলেদের একটা টুর্নামেন্টে আমার দল হারার পরও ভালো খেলার জন্য আমাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হয়।’
তত দিনে লতার স্বপ্ন মোহাম্মদপুর আর কেরানীগঞ্জ ছেড়ে ডানা মেলতে শুরু করেছে। সেই স্বপ্নের কথা শোনাতে গিয়ে লতা মণ্ডল বলেন, ‘আমার খেলা দেখে এক ভাই ইকবাল রোডে অবস্থিত উদয়চর মাঠে নিয়ে যান। সেখানে আমার কথা হয় আলী হোসেন বাবুর সঙ্গে। তিনিই আমার প্রথম কোচ। আমাকে তাঁর তত্ত্বাবধানে কোচিং করার সুযোগ দেন। কিন্তু সমস্যা হয় তাঁর দলে আমি ছাড়া কোনো মেয়ে নেই। কিন্তু প্র্যাকটিস করতে গেলে তো ব্যাট-বল, জার্সি-জুতা দরকার। আমার তখন এগুলো কিছুই ছিল না।’
যাঁর স্বপ্ন থাকে অনেক বড় তাঁর জন্য কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না। স্কুলের টিফিনের টাকা, মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে ক্রিকেট খেলার কিছু দরকারি উপকরণ কেনেন লতা মণ্ডল। ‘প্রায় দেড় মাস অনুশীলন করার পর বাবু স্যার আমাকে নিয়ে আবাহনী মাঠে মুকুল স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন জেসির (বর্তমান জাতীয় দলের ক্রিকেটার) দলে আমাকে খেলতে বলেন। প্রথম দিন নেটে আমার ব্যাটিং ও বোলিং দেখে পছন্দ করেন।’ তারপর একটি টুর্নামেন্টে আমার খেলা দেখে ২০০৮ সালে আমাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়। সফিপুরে লতা মণ্ডলের প্রথম ক্যাম্পে তাঁকে জাতীয় দলের স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়। ওই বছরই জাতীয় দলে ডাক পান ডানহাতি ব্যাটসম্যান লতা মণ্ডল।
এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যান অব দ্য ম্যাচ হন। এ ছাড়া এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যান অব দ্য ম্যাচ হন। খেলা নিয়ে পরিকল্পনা জানতে চাইলে বলেন, ‘সবে তো শুরু। আরও সামনে এগিয়ে যেতে চাই। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। সবচেয়ে ভালো লাগে, মা-বাবা এখন খুব খুশি আমার খেলা নিয়ে। সবার কাছে গর্ব করে বলেন, আমাদের মেয়ে ক্রিকেটার। এটিই আমাকে অনুপ্রাণিত করে।’